ভুটান সীমান্তে চলছে পরীক্ষা। ছবি: পিটিআই।
করোনার প্রকোপ থেকে দেশবাসীকে রক্ষা করতে হলে অবিলম্বে কঠোর পদক্ষেপ করতে হবে কেন্দ্রীয় সরকারকে। সমস্ত রকম জন সমাবেশ নিষিদ্ধ করতে হবে। প্রয়োজনে জারি করতে হবে ১৪৪ ধারাও। প্রাণঘাতী করোনা ভাইরাস নিয়ে গোটা দেশে যখন আতঙ্কের পরিবেশ, ঠিক সেইসময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে এই মর্মে আর্জি জানালেন ব্যবসায়ী মহলের একাংশ।
ঠিক কী কী উপায়ে করোনা প্রকোপ রোখা সম্ভব হবে, মঙ্গলবার সন্ধ্যায় টুইটারে সেই সংক্রান্ত একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন প্রকাশ করেন আরবান কোম্পানির সহ প্রতিষ্ঠাতা অভিরাজ সিংহ ফাল। অন্যান্য ব্যবসায়ীদের সঙ্গে যৌথ ভাবে তৈরি ওই প্রেজেন্টেশনে বলা হয়, ‘‘ইরান, ইটালি এবং আমেরিকার মতো হাতে হাত রেখে অপেক্ষা না করে, সংক্রমণ রুখতে আগেভাগেই কড়া পদক্ষেপ করেছিল দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর, জাপানের মতো দেশগুলি। সেই কারণেই পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হয়েছে তারা।’’
ওই প্রেজেন্টেশনে আরও বলা হয়, ‘‘দ্রুত, কঠোর এবং দৃঢ় পদক্ষেপের মাধ্যমেই এই ভাইরাসকে প্রতিহত করা সম্ভব। তার জন্য বড় বড় শহরগুলিতে ২০ মার্চ থেকে দু’সপ্তাহের জন্য ১৪৪ ধারা জারি করা হোক, যাতে মানুষ বাডি়তেই থাকেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে যে সমস্ত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, তা চলুক, সেই সঙ্গে বাইরে আনাগোনায় নিয়ন্ত্রণ আনা হোক। প্রয়োজনে জারি করা হোক ১৪৪ ধারা। তাতে অন্তত কয়েক হাজার প্রাণ বাঁচবে।’’
আরও পড়ুন: ২৭৬ ভারতীয় করোনা আক্রান্ত বিদেশে, ইরানেই রয়েছেন ২৫৫ জন
আরও পড়ুন: হোম আইসোলেশনে প্রাক্তন রেলমন্ত্রী, দেশে আক্রান্ত বেড়ে ১৪৭ : করোনা আপডেট এক নজরে
অনলাইন বিপণন সংস্থা স্ন্যাপডিলের কর্ণধার কুনাল বহেল, রেড বাস-এর ফণীন্দ্র সামা, ম্যাপমাইইন্ডিয়ার রোহন ভার্জমা-সহ ৫০-এরও বেশি ব্যবসায়ী ওই প্রেজেন্টেশনে সমর্থন জুগিয়েছেন। শপিং মল, সিনেমা হল বন্ধ রাখার পাশাপাশি গৃহবন্দি থাকাকালীন মানুষের কাছে খাবার, ওষুধ এবং প্রয়োজনীয় জিনিসপত্র পৌঁছে দিতেও সরকারকে আবেদন জানিয়েছেন তাঁরা।