এনসিপি প্রধান শরদ পওয়ার। —ফাইল চিত্র।
রাজ্যসভার সাতটি আসনে ভোটের দিন ঘোষণা করা হল। মহারাষ্ট্রের ওই সাত আসনের মধ্যে রয়েছে এনসিপি (শরদচন্দ্র পওয়ার) প্রধান শরদ পওয়ারের আসনটিও। আগামী এপ্রিল মাসে রাজ্যসভার সাংসদ হিসাবে শরদের মেয়াদ শেষ হচ্ছে। তিনি ফের রাজ্যসভার ভোটে দাঁড়াবেন কি না, স্পষ্ট নয়।
বুধবার রিটার্নিং অফিসার বিলাস অঠাওয়ালে রাজ্যসভার নির্বাচনের বিজ্ঞপ্তিটি জারি করেছেন। আগামী ১৬ মার্চ ভোট হবে। প্রার্থী হিসাবে মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ৫ মার্চ। মহারাষ্ট্র বিধানসভার সদস্যেরা ভোট দিয়ে রাজ্যসভার সাংসদদের নির্বাচিত করবেন।
৬ মার্চ থেকে প্রার্থীদের মনোনয়নের স্ক্রুটিনি শুরু হবে। বিজ্ঞপ্তি অনুযায়ী, মনোনয়ন প্রত্যাহারের শেষ তারিখ ৯ মার্চ। কেউ মনোনয়ন জমা দেওয়ার পরে সিদ্ধান্ত পরিবর্তন করলে ওই সময়ের মধ্যে জানাতে হবে। ১৬ মার্চ সোমবার সকাল ৯টা থেকে বিকেল ৪টে পর্যন্ত ভোটগ্রহণ হবে মহারাষ্ট্রের বিধান ভবনে। তার পরে শুরু হবে গণনা।
মহারাষ্ট্রের তিন বারের মুখ্যমন্ত্রী ছিলেন অবিভক্ত এনসিপি-র প্রাক্তন শীর্ষনেতা শরদ। তিনি রাজ্যসভায় গিয়েছিলেন ২০২০ সালে। সংসদের উচ্চকক্ষের সদস্যেরা ছ’বছরের জন্য নির্বাচিত হন। সেই অনুযায়ী, এ বছরই তাঁর মেয়াদ পূর্ণ হচ্ছে। বর্তমানে শরদের বয়স ৮৫ বছর। নানা ধরনের শারীরিক অসুস্থতায় ভুগছেন বর্ষীয়ান নেতা। চলতি মাসের শুরুতে গলায় সংক্রমণের কারণে তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। কিছু দিন আগে ফের হাসপাতালে নিয়ে যেতে হয়। শরীরে জলশূন্যতার কারণে ফের তাঁকে ভর্তি করান চিকিৎসকেরা। এই পরিস্থিতিতে রাজ্যসভার ভোটে তিনি দাঁড়াবেন কি না, জল্পনা চলছে।