ভোটার কার্ড হাতে সাধারণ মানুষের লাইন। —ফাইল চিত্র।
আরও তিন রাজ্য এবং এক কেন্দ্রশাসিত অঞ্চলের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। রাজস্থান, ছত্তীসগঢ়, গোয়া এবং আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জের চূড়ান্ত তালিকা প্রকাশিত হয়েছে শনিবার। রাজস্থানে চূড়ান্ত ভোটার তালিকা থেকে বাদ গিয়েছে ৩১ লক্ষ ভোটারের নাম। ছত্তীসগঢ়েও বাদ পড়েছে প্রায় ২৫ লক্ষের নাম। গোয়াতেও ১ লক্ষ ২৭ হাজার ভোটারের নাম বাদ গিয়েছে। কেন্দ্রশাসিত অঞ্চল আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জেও বাদ পড়েছে ৫২ হাজারের বেশি ভোটারের নাম।
বিহারের পরে পশ্চিমবঙ্গ-সহ মোট ১২টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর)-এর কাজ শুরু করেছিল কমিশন। পশ্চিমবঙ্গের চূড়ান্ত ভোটার তালিকা এখনও প্রকাশ্যে আসেনি। আগামী ২৮ ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গের এসআইআর পরবর্তী চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে। ইতিমধ্যে গুজরাত, পুদুচেরি এবং লক্ষদ্বীপের চূড়ান্ত তালিকা প্রকাশ্যে এসেছে। শনিবার প্রকাশ্যে এল আরও চার রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের চূড়ান্ত তালিকা। এর মধ্যে রাজস্থান, ছত্তীসগঢ় এবং গোয়া— তিনটি রাজ্যেই বর্তমানে বিজেপির সরকার রয়েছে। কেন্দ্রশাসিত অঞ্চল আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জের সাংসদও বিজেপির।
কমিশনের পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫ সালে এসআইআর শুরুর আগে রাজস্থানে মোট ৫ কোটি ৪৬ লক্ষ ৫৬ হাজার ২১৫ জন ভোটার ছিলেন। খসড়া তালিকায় তা কমে হয় ৫ কোটি ৪ লক্ষ ৭১ হাজার ৩২৪। শনিবার যে চূড়ান্ত তালিকা প্রকাশিত হয়েছে, তাতে মোট ৫ কোটি ১৫ লক্ষ ১৯ হাজার ৯২৯ জন ভোটার রয়েছেন। অর্থাৎ, খসড়া তালিকার তুলনায় ১০ লক্ষ ৪৮ হাজার ৬০৫ ভোটার বৃদ্ধি পেয়েছেন চূড়ান্ত তালিকায়। এসআইআর শুরুর আগে যে তালিকা ছিল, তার তুলনায় চূড়ান্ত তালিকায় বাদ গিয়েছে মোট ৩১ লক্ষ ৩৬ হাজার ২৮৬ জনের নাম।
বিজেপিশাসিত অপর রাজ্য ছত্তীসগঢ়েও এসআইআর শুরুর আগে ২ কোটি ১২ লক্ষ ৩০ হাজার ৭৩৭ জন ভোটার ছিলেন। চূড়ান্ত তালিকায় তা কমে হয়েছে ১ কোটি ৮৭ লক্ষ ৩০ হাজার ৯১৪। অর্থাৎ, মোট ২৪ লক্ষ ৯৯ হাজার ৮২৩ ভোটারের নাম বাদ গিয়েছে নতুন তালিকা থেকে। এসআইআর শুরুর পরে খসড়া তালিকা ১ কোটি ৮৪ লক্ষ ৯৫ হাজার ৯২০ জনের নাম প্রকাশ করা হয়েছিল। চূড়ান্ত তালিকায় তা থেকে ২ লক্ষ ৩৪ হাজার ৯৯৪ ভোটারের নাম বেশি রয়েছে।
গোয়ায় গত বছর এসআইআর শুরুর আগে ১১ লক্ষ ৮৫ হাজার ৩৪ জন ভোটার ছিলেন। চূড়ান্ত তালিকা প্রকাশের পরে দেখা যাচ্ছে, তা থেকে ১ লক্ষ ২৭ হাজার ৪৬৮ জনের নাম বাদ গিয়েছে। কমিশন প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকায় রয়েছে ১০ লক্ষ ৫৭ হাজার ৫৬৬ জনের নাম। গত বছরের শেষের দিকে গোয়ার যে খসড়া তালিকা প্রকাশিত হয়েছিল, তাতে ১০ লক্ষ ৮৪ হাজার ৯৯২ জনের নাম ছিল। চূড়ান্ত তালিকায় তার তুলনায় আরও ২৭ হাজার ৪২৬ জনের নাম কমে গিয়েছে।
আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জেও ৫২ হাজার ৩৬৪ জনের নাম বাদ পড়েছে চূড়ান্ত ভোটার তালিকা থেকে। এসআইআর শুরুর আগে সেখানে মোট ভোটার ছিলেন ৩ লক্ষ ১০ হাজার ৪০৪ জন। চূড়ান্ত তালিকায় নাম রয়েছে ২ লক্ষ ৫৮ হাজার ৪০ জনের। কেন্দ্রশাসিত এই অঞ্চলের খসড়া তালিকায় ২ লক্ষ ৪৬ হাজার ৩৯০ জনের নাম ছিল। চূড়ান্ত তালিকায় তার তুলনায় ১১ হাজার ৬৪০ জন ভোটার বৃদ্ধি পেয়েছেন।