Cow Vigilante Bittu Bajrangi

বিয়ে করতে গিয়ে প্রতারিত হলেন হরিয়ানার সেই স্বঘোষিত ‘গোরক্ষক’ বিট্টু বজরঙ্গী! নুহের অশান্তির ঘটনায় অন্যতম অভিযুক্ত

বিট্টুর অভিযোগ, তাঁর প্রতিবেশীর এক আত্মীয় বান্টিকে জানিয়েছিলেন যে, তিনি বিয়ে করতে চান। পছন্দমতো পাত্রী খুঁজে দিতে হবে। বান্টিকে পাত্রী খোঁজার দায়িত্ব দেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২১ ফেব্রুয়ারি ২০২৬ ১৩:৪৩
Share:

প্রতারণার শিকার বিট্টু বজরঙ্গী। ছবি: সংগৃহীত।

বিয়ে করতে গিয়ে প্রতারিত হলেন হরিয়ানার স্বঘোষিত ‘গোরক্ষক’ বিট্টু বজরঙ্গী ওরফে রাজকুমার পাঞ্চাল। বিয়ের ব্যবস্থা করে দেওয়ার নামে বিট্টুর কাছে থেকে ৩০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। পুলিশের কাছে প্রতারণার অভিযোগ দায়ের করেছেন স্বঘোষিত ‘গোরক্ষক’।

Advertisement

বিট্টুর অভিযোগ, তাঁর প্রতিবেশীর এক আত্মীয় বান্টিকে জানিয়েছিলেন যে, তিনি বিয়ে করতে চান। পছন্দমতো পাত্রী খুঁজে দিতে হবে। বান্টিকে পাত্রী খোঁজার দায়িত্ব দেন। তাঁর কথামতো রানি নামে এক মহিলার সঙ্গে পরিচয় করিয়ে দেন। তার পর তাঁদের মধ্যে কাথাবার্তাও হয়। অভিযোগ, কিছু দিন পর বিট্টুকে বান্টি জানান, রানি তাঁর সঙ্গে দেখা করতে চান। বিয়ের সম্পর্কে আলোচনা করতে চান। তার পর সেই পরিকল্পনা মতেো আলিগড়ে বান্টি এবং রানির সঙ্গে দেখা করেন বিট্টু। তিন বার বান্টিদের সঙ্গে দেখা করেন তিনি।

বিট্টুর দাবি, কিছু দিন পর বান্টি এক মহিলার ছবি পাঠান বিট্টুকে। সেই মহিলাকে পছন্দও হয়েছিল তাঁর। তার পর ওই মহিলা এবং তাঁর পরিবারকে নিয়ে বিট্টুর বাড়িতে হাজির হন বান্টি এবং রানি। এ বছরের ৭ ফেব্রুয়ারি বিয়ের পাকা কথা স্থির হয়। বিট্টুর অভিযোগ, তাঁর হবু স্ত্রীর বিয়ের পোশাক কেনাকাটার জন্য ৬ ফেব্রুয়ারি বান্টিকে ৩০ হাজার টাকা দেন তিনি। ৭ ফেব্রুয়ারি আত্মীয়দের নিয়ে আলিগড়ে বিয়ে করতে যান বিট্টু। কিন্তু তাঁকে যে বাড়ি দেখানো হয়েছিল, গিয়ে দেখেন সেটি তালা দেওয়া। এর পরই ওই মহিলাকে ফোন করেন বিট্টু। কিন্তু ওই মহিলা জানিয়ে দেন, এ বিষয়ে তিনি কিছু জানেন না। শেষে হতাশ হয়ে ফিরে আসতে হয় বিট্টুকে। তার পর তিনি প্রতারণার অভিযোগ তুলে থানায় যান। বান্টি এবং রানির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।

Advertisement

প্রসঙ্গত, হরিয়ানার নুহতে যে হিংসা ছড়িয়েছিল ২০২৩ সালের জুলাইয়ে, সেই ঘটনায় অন্যতম অভিযুক্ত বিট্টু। বর্তমানে জামিনে মুক্ত। ‘গো রক্ষা বজরং ফোর্স’ নামে একটি দল চালান তিনি। যে দলের বিরুদ্ধে বেশ কয়েকটি অভিযোগও রয়েছে। হরিয়ানার বিধানসভা নির্বাচনে নির্দল প্রার্থী হিসাবে ফরিদাবাদের এনআইটি কেন্দ্র থেকে লড়াই করেছিলেন এই স্বঘোষিত ‘গোরক্ষক’।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement