প্রতিনিধিত্বমূলক ছবি।
মাঝ-আকাশে ইঞ্জিন ‘বিকল’ হয়ে যাওয়ায় ইন্ডিগোর একটি বিমানকে জরুরি ভিত্তিতে অবতরণ করানো হল দিল্লি বিমানবন্দরে। ইন্ডিগোর ওই উড়ানে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ার পর পাইলট জরুরি ভিত্তিতে অবতরণের অনুমতি চেয়েছিলেন। সেই বার্তা পেতেই দিল্লি বিমানবন্দরে সম্পূর্ণ জরুরি অবস্থা ঘোষণা করা হয়। বিমানটি অবতরণের আগে সব রকম ব্যবস্থা প্রস্তুত রাখা হয়। তবে বিমানটিকে নিরাপদেই অবতরণ করিয়েছেন পাইলট।
জানা গিয়েছে, শনিবার সকালে ১৬১ জন যাত্রী নিয়ে অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম থেকে উড়েছিল ইন্ডিগোর বিমানটি। দিল্লিতে ১০টা ৫৩ মিনিটে অবতরণের কথা ছিল সেটির। সূত্রের খবর, দিল্লিতে অবতরণের আগে বিমানটির ইঞ্জিনে গোলযোগ দেখা দেয়। তড়িঘড়ি পাইলট দিল্লি এয়ার ট্রাফিক কন্ট্রোলের (এটিসি) সঙ্গে যোগাযোগ করেন। বিমানবন্দরের ২৮ নম্বর রানওয়েতে চূড়ান্ত সতর্কতা জারি করা হয়। বিমানবন্দরে জরুরি অবস্থা ঘোষণা করা হয়। দমকল থেকে শুরু করে সুরক্ষার যাবতীয় ব্যবস্থা প্রস্তুত রাখেন বিমানবন্দর কর্তৃপক্ষ। দমকল, অ্যাম্বুল্যান্স— সব প্রস্তুত রাখা হয় যাতে কোনও রকম অপ্রীতিকর ঘটনা ঘটলেই সঙ্গে সঙ্গে প্রয়োজনীয় পদক্ষেপ করা যায়।
প্রাথমিক ভাবে জানা গিয়েছে, বিমানটিকে নিরাপদে অবতরণ করানোর পর সমস্ত যাত্রীকে বার করে নিয়ে আসা হয়। তাঁরা সকলেই সুরক্ষিত আছেন বলে বিমানবন্দর কর্তৃপক্ষ সূত্রে জানানো হয়েছে। বিমান সংস্থা সূত্রে জানানো হয়েছে, বিমানটিতে কী ধরনের গোলযোগ হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।
ইন্ডিগোর মুখপাত্র জানিয়েছেন, ৬ই ৫৭৯ উড়ানটি বিশাখাপত্তনম থেকে দিল্লি আসছিল। অবতরণের আগে সেই উড়ানে যান্ত্রিক গোলযোগ ধরা পড়ে। তবে উড়ানটি নিরাপদেই অবতরণ করেছে। সকল যাত্রী সুরক্ষিত আছেন।
প্রসঙ্গত, গত মাসেও দিল্লি এয়ারপোর্টে জরুরি অবস্থা ঘোষণা করে স্পাইসজেটের একটি বিমানকে অবতরণ করানো হয়। দিল্লি থেকে লেহ যাচ্ছিল বিমানটি। কিন্তু ওড়ার পর মুহূর্তেই বিমানের ইঞ্জিনে গোলযোগ ধরা পড়ে। সঙ্গে সঙ্গে বিমানের মুখ ঘুরিয়ে সেটিকে আবার দিল্লি বিমানবন্দরে অবতরণ করানো হয়। বিমানে ১৫০ জন যাত্রী ছিলেন।