বিহারের সাসারাম স্টেশনে ট পুড়ে যাওয়া কামরা। ছবি: এক্স।
বিহারের সাসারাম স্টেশনে আগুন ধরে গেল একটি ট্রেনের কামরায়। সোমবার সকালে ঘটনাটি ঘটেছে সাসারাম-পটনা ফাস্ট প্যাসেঞ্জারে। সকালে সাসারাম থেকে পটনার উদ্দেশে রওনা দেওয়ার কথা ছিল ট্রেনটির। তার ঠিক আগেই ট্রেনের একটি কামরায় আগুন ধরে যায়।
সোমবার সকাল পৌনে ৭টা নাগাদ সাসারাম থেকে পটনার উদ্দেশে রওনা দেওয়ার কথা ছিল ট্রেনটির। রওনার আগে স্টেশনেই অপেক্ষা করছিল পটনাগামী ফাস্ট প্যাসেঞ্জার। সেই সময়েই আচমকা ট্রেনের একটি কামরা থেকে কালো ধোঁয়া বেরোতে দেখা যায়। কিছু ক্ষণের মধ্যেই গোটা কামরা আগুনের গ্রাসে চলে আসে। কী ভাবে এই দুর্ঘটনা ঘটল, তা প্রাথমিক ভাবে স্পষ্ট নয়। তবে আধিকারিক সূত্রে দাবি করা হচ্ছে, শর্ট সার্কিট থেকে এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে।
আগুন ধরার খবর পেয়েই দমকলকর্মীরা দুর্ঘটনাস্থলে পৌঁছোন। রেলের পদস্থ আধিকারিকেরাও পৌঁছে যান সাসারাম স্টেশনে। রেল স্টেশনে বসানো জলের পাইপ দিয়ে আগুন নেবানোর চেষ্টা করেন তাঁরা। বেশ কিছু ক্ষণের চেষ্টায় শেষে ওই কামরার আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। দুর্ঘটনায় কোনও হতাহতের খবর মেলেনি। তবে স্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনের কামরায় আচমকা আগুন ধরে যাওয়ায় আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা।
অগ্নিকাণ্ডের জেরে নির্ধারিত সময়ের চেয়ে বেশ কিছুটা দেরিতে সাসারাম থেকে রওনা দেয় পটনাগামী ট্রেনটি। আগুনে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্ত কামরাটিকে ট্রেন থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হয়। তার পরে বাকি কামরাগুলি নিয়ে গন্তব্যের উদ্দেশে রওনা দেয় ট্রেন। ক্ষতিগ্রস্ত ওই কামরাটি সাসারাম স্টেশনেই আলাদা করে রাখা হয়েছে। প্লাটফর্মের যে অংশের ধারে সেটি রাখা আছে, তার আশপাশে ব্যারিকেড করে দেওয়া হয়েছে।
রবিবার ভোরে কেরলের তিরুঅনন্তপুরম থেকে দিল্লিগামী রাজধানী এক্সপ্রেসে আগুন ধরে গিয়েছিল। দিল্লি যাওয়ার পথে কোটা রেল ডিভিশনে অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়ে যায় রাজধানী এক্সপ্রেসের দু’টি কামরা। ওই অগ্নিকাণ্ডের পরের দিনই ফের ট্রেনের কামরায় আগুন ধরল বিহারের সাসারামে।