Advertisement
E-Paper

রাজধানী এক্সপ্রেসে আগুন! কেরল থেকে দিল্লি যাওয়ার পথে মধ্যপ্রদেশের কাছে অগ্নিকাণ্ড, দু’টি কামরা ভস্মীভূত

রেল সূত্রে খবর, অগ্নিকাণ্ড ঘটেছে কোটা রেল ডিভিশনের অন্তর্গত লুনি এবং আলট রেলস্টেশনের মাঝে। বি ১ কোচে আগুন লেগেছে বলে প্রাথমিক ভাবে জানা গিয়েছে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৭ মে ২০২৬ ০৮:৪৮
রাজধানী এক্সপ্রেসে আগুন। ছবি: সংগৃহীত।

রাজধানী এক্সপ্রেসে আগুন। ছবি: সংগৃহীত।

কেরলের তিরুঅনন্তপুরম থেকে দিল্লিগামী হজ়রত নিজ়ামউদ্দিন এক্সপ্রেসে ভয়াবহ অগ্নিকাণ্ড। রবিবার ভোর সওয়া ৫টা নাগাদ ট্রেনের একটি কামরায় আগুন লাগে। পরে সেই আগুন আরও একটি কামরায় ছড়িয়ে পড়ে। জানা গিয়েছে, দু’টি কামরাই আগুনে ভস্মীভূত হয়ে গিয়েছে।

রেল সূত্রে খবর, অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে কোটা রেল ডিভিশনের অন্তর্গত লুনি এবং আলট রেলস্টেশনের মাঝে। বি ১ কোচে আগুন লেগেছে বলে প্রাথমিক ভাবে জানা গিয়েছে। সেই কোচ থেকে অন্য একটি কোচেও আগুন ছড়ায়। তবে ওই দুই কামরার সব যাত্রীকে নিরাপদে উদ্ধার করা হয়েছে।

রেল সূত্রে খবর, ১২৪৩১ তিরুঅনন্তপুরম-হজ়রত নিজ়ামউদ্দিন রাজধানী এক্সপ্রেসের বি ১ কোচে প্রথম আগুন লাগার বিষয়টি নজরে আসে। ট্রেনের গার্ড লোকো পাইলটকে সতর্ক করেন। তিনি জানান, একটি কামরা থেকে ধোঁয়া বার হতে দেখা গিয়েছে। তার পরই চালক ট্রেনটিকে থামান। যাত্রীদের দ্রুত কামরা থেকে বার করে আনা হয়। বি ১ কোচে তখন ৬৮ জন যাত্রী ছিলেন। তাঁদের উদ্ধার করা হয়। ঘটনাস্থলে দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন এসে আগুন নেবানোর কাজ শুরু করে। স্থানীয় সূত্রের দাবি, দু’টি কামরা ভস্মীভূত হয়ে গিয়েছে। তবে সঠিক সময়ে আগুন লাগার বিষয়টি নজরে না এলে অনেক প্রাণহানির আশঙ্কা থাকত বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

আগুন লাগার পর পরই রেলের ওভারহেড তারের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন করা হয়। কোটা রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক রবীন্দ্র লাকড়া জানিয়েছেন, সমস্ত যাত্রীকে উদ্ধার করা হয়েছে। কারও কোনও ক্ষতি হয়নি। সকলেই সুরক্ষিত আছেন। আগুন যাতে অন্য কামরাগুলিতে ছড়িয়ে না পড়ে, সে জন্য ক্ষতিগ্রস্ত কামরা দু’টিকে দ্রুত আলাদা করে দেওয়া হয়। ক্ষতিগ্রস্ত কামরার যাত্রীদের ট্রেনের অন্য কামরায় উঠিয়ে দেওয়া হয়। কোটা পর্যন্ত নিয়ে যাওয়া হচ্ছে এ ভাবেই। সেখান থেকে ট্রেনের সঙ্গে অতিরিক্ত কামরা জুড়ে যাত্রীদের গন্তব্যে রওনা করানো হবে। তবে কী থেকে আগুন লাগল, তা জানা যায়নি। প্রাথমিক ভাবে সন্দেহ করা হচ্ছে, শর্ট সার্কিটের কারণে আগুন লেগে থাকতে পারে।

Fire
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy