(বাঁ দিকে) স্ত্রী ব্রিজেতকে নিয়ে বিমান থেকে নামছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রোঁ (ডান দিকে)। সোমবার মধ্যরাতে মুম্বই বিমানবন্দরে। ছবি: পিটিআই।
তিন দিনের সফরে ভারতে এলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রোঁ। সোমবার মধ্যরাতে স্ত্রী ব্রিজেতকে নিয়ে মুম্বইয়ে পৌঁছোন তিনি। মুম্বই বিমানবন্দরে তাঁদের স্বাগত জানাতে উপস্থিত ছিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডণবীস এবং সে রাজ্যের রাজ্যপাল আচার্য দেবরাট।
মুম্বইয়ে পৌঁছোনোর আগেই বিমান থেকে সমাজমাধ্যমে একটি পোস্ট করেন মাক্রোঁ। বিমানের জানলা থেকে তোলা ছবি পোস্ট করে লেখেন, “ভারতের পথে। আমাদের (ভারত এবং ফ্রান্স) বোঝাপড়াকে আরও এগিয়ে নিয়ে যাব।” প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ‘আমার প্রিয় বন্ধু’ বলেও সম্বোধন করেন মাক্রোঁ। মঙ্গলবার সকালে ফরাসি প্রেসিডেন্টের ওই পোস্ট শেয়ার করে মোদী মাক্রোঁকে ভারতে স্বাগত জানান। মোদীও ফ্রান্সের প্রেসিডেন্টকে ‘আমার প্রিয় বন্ধু’ বলে সম্বোধন করে লেখেন, “মুম্বই এবং পরে দিল্লিতে দেখা হচ্ছে।”
প্রাথমিক ভাবে জানা গিয়েছে, মঙ্গলবার বিকেলে মুম্বইয়ে দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন মোদী এবং মাক্রোঁ। সেখানে দুই দেশের মধ্যে একাধিক সমঝোতাপত্র (মউ) স্বাক্ষরিত হতে পারে। কৌশলগত বোঝাপড়া বৃদ্ধি নিয়েও কথা হতে পারে দুই রাষ্ট্রপ্রধানের। গত সপ্তাহেই ফরাসি সংস্থা দায়ো অ্যাভিয়েশনের তৈরি রাফাল যুদ্ধবিমান কেনার বিষয়ে ছাড়পত্র দিয়েছে প্রতিরক্ষা মন্ত্রকের ‘ডিফেন্স প্রোকিওরমেন্ট বোর্ড’। ৩ লক্ষ ২৫ হাজার কোটি টাকা দিয়ে আরও ১১৪টি রাফাল কিনতে চলেছে ভারত। এই রাফাল চুক্তির বিষয়েও মোদী এবং মাক্রোঁর কথা হতে পারে।
মুম্বই থেকে নয়াদিল্লিতে যাবেন মাক্রোঁ। বুধবার এবং বৃহস্পতিবার এআই সম্মেলনে যোগ দেবেন তিনি। ২০১৭ সালে ফ্রান্সের প্রেসিডেন্ট হওয়ার পর ২০১৮ সালে প্রথম বার ভারত সফরে এসেছিলেন মাক্রোঁ। তার পর ২০২৩ সালে জি২০ সম্মেলনে যোগ দিতে ফের ভারতে আসেন তিনি। ২০২৪ সালে দিল্লিতে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তিনি। ফ্রান্সের সিডেন্ট হিসাবে চতুর্থ বারের জন্য ভারতে এলেন মাক্রোঁ।