— নিজস্ব চিত্র।
তৃণমূল ঘনিষ্ঠ ঠিকাদারের বাড়ি থেকে উদ্ধার হল বিপুল পরিমাণ গাঁজা। বুধবার দুপুরে কুমার রকি নারায়ণ ওরফে বাদলের বাড়িতে হানা দেয় কোতোয়ালি থানার পুলিশ। টানা তিন ঘণ্টা তাঁর বাড়িতে তল্লাশির পর, পাওয়া যায় প্রায় ৪০ কেজি গাঁজা। বাজেয়াপ্ত করা হয় ওই বস্তাগুলি। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত। আটক করা হয়েছে অভিযুক্তের স্ত্রীকে।
পুলিশ সূত্রে খবর, রকির বাড়ি কোচবিহারের দেবীবাড়ি এলাকায়। খবর পেয়ে বুধবার দুপুরে তাঁর বাড়িতে হানা দেয় কোতোয়ালি থানার পুলিশ। টানা তিন ঘণ্টা তল্লাশির পর তৃণমূল ঘনিষ্ঠ ঠিকাদারের বাড়ি থেকে উদ্ধার হয় আনুমানিক ৪০ কেজি গাঁজা। অভিযুক্ত কোচবিহারের তৃণমূল নেতাদের অত্যন্ত ঘনিষ্ঠ বলেই পরিচিত। পুলিশের অনুমান, এতো পরিমান গাঁজা পাচারের উদ্দেশেই বাড়িতে মজুত করে রাখা হয়েছিল।
এই ঘটনার পর কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ জানায়, মৃত অমিতাভ নারায়ণের পুত্র রকির বাড়িতে অভিযান চালানো হয়। তাঁর বাড়ির চত্বর থেকে ৩৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। জামা কাপড়ের মধ্যে ওই বস্তাগুলি লুকিয়ে রাখা হয়েছিল। এগ্জ়িকিউটিভ ম্যাজিস্ট্রেট এবং কোচবিহারের ডিওয়াইএসপি (ট্রাফিক) রিয়াদ সুব্বা ও কোতোয়ালি থানার পুলিশের উপস্থিতিতে এই তল্লাশি চালানো হয়। ইতিমধ্যেই বাজেয়াপ্ত করা হয়েছে ওই বস্তাগুলি। রকির স্ত্রী জুলি কুমার নারায়ণকে আটক করা হয়েছে। এই বিষয়ে একটি নির্দিষ্ট মামলা রুজু করা হচ্ছে।