Heatwave Alert

দিল্লি ছুঁল ৪৪ ডিগ্রি! আগামী ৪-৫ দিন দেশের বেশ কয়েকটি রাজ্যে তাপপ্রবাহের সম্ভাবনা, জারি করা হল সতর্কতাও

মৌসম ভবন জানিয়েছে, ২৪ এপ্রিল পর্যন্ত উত্তর-পশ্চিম ভারতের দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৪ ডিগ্রি সেলসিয়াস বাড়বে। দিল্লি, পঞ্জাব থেকে শুরু করে ছত্তীসগঢ় পর্যন্ত বেশ কয়েকটি রাজ্যে লু (গরম হাওয়া) বইতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২১ এপ্রিল ২০২৬ ১৪:৩৫
Share:

প্রবল গরমে হাঁসফাঁস করছে রাজধানী। ছবি: পিটিআই।

গরমে ফুটছে দিল্লি। মাঝ এপ্রিলেই দেশের রাজধানীতে তাপমাত্রা ছুঁয়ে ফেলেছে ৪৪ ডিগ্রি সেলসিয়াস। দেশের বেশ কয়েকটি রাজ্যে আগামী চার-পাঁচ দিন তাপপ্রবাহের পরিস্থিতি সৃষ্টি হবে। পাশাপাশি মৌসম ভবন সতর্ক করেছে, উত্তর-পশ্চিম, মধ্য এবং পূর্ব ভারতের বেশ কিছু অংশে লু বইবে। পঞ্জাবের চার জেলা লুধিয়ানা, সঙ্গরুর, ফতেহগড় সাহিব এবং পটিয়ালায় ২৪ এপ্রিল পর্যন্ত তাপপ্রবাহ এবং প্রচণ্ড গরমের পরিস্থিতি জারি থাকবে। অন্য দিকে, চণ্ডীগড় এবং সংলগ্ন অঞ্চলে সতর্কবার্তা দেওয়া হয়েছে।

Advertisement

মৌসম ভবন জানিয়েছে, ২৪ এপ্রিল পর্যন্ত উত্তর-পশ্চিম ভারতের দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৪ ডিগ্রি সেলসিয়াস বাড়বে। দিল্লি, পঞ্জাব থেকে শুরু করে ছত্তীসগঢ় পর্যন্ত বেশ কয়েকটি রাজ্যে লু (গরম হাওয়া) বইতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। ফলে তাপমাত্রার পারদ আরও চড়বে আগামী চার-পাঁচ দিন। মৌসম ভবন জানিয়েছে, আগামী চার দিন লু বইতে পারে পঞ্জাব, রাজস্থান, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি এবং ছত্তীসগঢ়ে। অন্য দিকে, আগামী পাঁচ দিন তাপপ্রবাহের পরিস্থিতি থাকতে পারে উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, মধ্যপ্রদেশ এবং ওড়িশার কিছু অংশে।

দিল্লিতে মঙ্গলবার থেকেই তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। এনসিআরে আগামী কয়েক দিন প্রচণ্ড গরম থাকবে। তবে ২৫ এপ্রিল থেকে তাপমাত্রা কিছুটা কমবে। কিন্তু এপ্রিলের শেষের দিকে তাপমাত্রা আবার বাড়তে শুরু করবে। মহারাষ্ট্র এবং ছত্তীসগঢ়ে তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে মৌসম ভবন। ওই দুই রাজ্যে তাপমাত্রা কোথাও কোথাও ৪৩ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়ে ফেলেছে। মৌসম ভবন জানিয়েছে, পশ্চিম মধ্যপ্রদেশ, মহারাষ্ট্রের বিদর্ভ এবং ছত্তীসগঢ়ের কিছু জায়গায় আগামী ২৩ এপ্রিল পর্যন্ত তাপপ্রবাহের পরিস্থিতি জারি থাকবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement