Huge Fire at Ghaziabad

উত্তরপ্রদেশের গাজ়িয়াবাদে বহুতলে অগ্নিকাণ্ড, ভস্মীভূত আটটি ফ্ল্যাট! কালো ধোঁয়ায় ঢাকল এলাকা, ১৫টি ইঞ্জিন গেল ঘটনাস্থলে

স্থানীয় সূত্রে খবর, গাজ়িয়াবাদের ইন্দ্রপুরমের একটি অভিজাত আবাসনে আগুন লাগে। আগুনের ভয়াবহতা এতটাই বেশি ছিল যে, তা দিল্লি-মেরঠ এক্সপ্রেসওয়ে থেকে দেখা গিয়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৯ এপ্রিল ২০২৬ ১২:১০
Share:

গাজ়িয়াবাদের সেই বহুতল। ছবি: সংগৃহীত।

ভয়াবহ অগ্নিকাণ্ড উত্তরপ্রদেশের গাজ়িয়াবাদের একটি বহুতল আবাসনে। বুধবার সকাল ৮টা ৫০ মিনিটে ওই বহুতলের ১০ তলা থেকে কালো ধোঁয়া বার হতে দেখা যায়। তার পর মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। ওই বহুতলের গা ঘেঁষাঘেঁষি করে বেশ কয়েকটি বহুতল রয়েছে। যে বহুতলে আগুন ধরেছে, তার পাশের বহুতলগুলি দ্রুত খালি করানো হয়।

Advertisement

স্থানীয় সূত্রে খবর, গাজ়িয়াবাদের ইন্দ্রপুরমের একটি অভিজাত আবাসনে আগুন লাগে। আগুনের ভয়াবহতা এতটাই বেশি ছিল যে, তা দিল্লি-মেরঠ এক্সপ্রেসওয়ে থেকে দেখা গিয়েছে। কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছিল এলাকা। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হাওয়ার কারণে আগুন বহুতলের অন্যান্য তলেও ছড়িয়ে পড়ে। ১০ তলা থেকে সেই আগুন নীচের তলাতেও ছড়িয়ে যায়। তবে ওই বহুতল থেকে নিরাপদে বাসিন্দাদের বার করে নিয়ে আসা হয়েছে বলে দাবি পুলিশের।

খবর পেয়ে ঘটনাস্থলে যায় দমকলের ১৫টি ইঞ্জিন। দমকলের এক আধিকারিক জানিয়েছেন, ছ’তলা থেকে ১০ তলা পর্যন্ত আগুনের গ্রাসে চলে যায়। তবে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। ওই দমকল আধিকারিক জানিয়েছেন, হাওয়ার কারণে আগুন দ্রুত ছড়াচ্ছিল। কিন্তু অন্যতল বা পাশের বহুতলে যাতে এই আগুন ছড়িয়ে পড়তে না পারে, তার চেষ্টা চালিয়ে যাওয়া হয়েছে। কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

Advertisement

মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ পুলিশ কমিশনার, জেলাশাসককে পরিস্থিতি খতিয়ে দেখে রিপোর্ট দেওয়ার নির্দেশ দিয়েছেন। দ্রুত ঘটনাস্থলে যাওয়ার নির্দেশও দেন। উদ্ধারকাজে যাতে কোনও রকম গাফিলতি না হয়, সে দিকটাও দেখার কথা বলেছেন প্রশাসনকে। তিনি বলেন, ‘‘কোনও রকমের গাফিলতি বরদাস্ত করব না।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement