West Bengal SIR

প্রয়োজনে তালিকা ২০ তারিখ, বললেন কমিশনের কৌঁসুলি

ইতিমধ্যেই শুনানির জন্য অতিরিক্ত ৩-৪ দিন সময় চেয়ে নির্বাচন কমিশনের কাছে আবেদন জানালেন দক্ষিণ ২৪ পরগনা এবং মালদহ-সহ কয়েকটি জেলার জেলাশাসক।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৬ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:৩০
Share:

—প্রতিনিধিত্বমূলক ছবি।

প্রয়োজনে পশ্চিমবঙ্গে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিন ১৪ থেকে পিছিয়ে ২০ ফেব্রুয়ারি হতে পারে, আজ সুপ্রিম কোর্টে জানালেন নির্বাচন কমিশনের আইনজীবী রাকেশ দ্বিবেদী।

১৪ ফেব্রুয়ারি ভোটার তালিকা প্রকাশিত হবে জানিয়েও রাকেশ আজ সংবাদমাধ্যমে বলেন, ‘‘এক কোটির বেশি শুনানি হয়ে গিয়েছে। মে মাসের মধ্যে নির্বাচন করতে হবে। ফলে মার্চ, এপ্রিলে নির্বাচন প্রক্রিয়া শুরু হলেও হাতে সময় থাকবে। এমনিতেই সময়সীমা অনেক বার বাড়ানো হয়েছে। আমরা আরও সময়সীমা বাড়াতে পারি। প্রয়োজনে চূড়ান্ত ভোটার তালিকার সময় ১৪ থেকে পিছিয়ে ২০ ফেব্রুয়ারি হতে পারে।’’ সেই সঙ্গে তিনি বলেন, “নির্বাচন কমিশন কাউকে ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার লক্ষ্যে কাজ করছে না। কমিশন শুধু নাগরিকত্ব, বয়স ও ভোটার হিসেবে যোগ্যতা যাচাই করছে।’’ তাঁর অভিযোগ, পশ্চিমবঙ্গে বিভিন্ন ধরনের নথি জাল করা হচ্ছে। বিশেষ করে মালদা ও দক্ষিণ ২৪ পরগনায়।

ইতিমধ্যেই শুনানির জন্য অতিরিক্ত ৩-৪ দিন সময় চেয়ে নির্বাচন কমিশনের কাছে আবেদন জানালেন দক্ষিণ ২৪ পরগনা এবং মালদহ-সহ কয়েকটি জেলার জেলাশাসক। সূত্রের দাবি, কমিশন তা মানলে ১৪ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিনটিও কিছুটা পিছিয়ে যেতে পারে। তথ্যগ্রাহ‍্য অসঙ্গতি এবং আনম্যাপড মিলিয়ে অন্তত ১ কোটি ৫২ লক্ষ ভোটারকে শুনানিতে ডাকা হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানাচ্ছে, বৃহস্পতিবার পর্যন্ত ১ কোটি ৩০ লক্ষের কাছাকাছি শুনানি শেষ হয়েছে। অন‍্য দিকে, রাজ্যের স্বরাষ্ট্র সচিব-সহ ২৫ জন আমলাই কমিশনের পর্যবেক্ষক-প্রশিক্ষণে যোগ দিয়েছেন। কমিশনের তরফে জানান হয়, দেশ থেকে ১৪৪৪ জন আমলা প্রশিক্ষণ শিবিরে যোগ দেন। তার মধ্যে ৭১৪ জন পর্যবেক্ষক, ২৩৩ জন পুলিশ পর্যবেক্ষক, ৪৯৭ জন অর্থ পর্যবেক্ষক রয়েছেন।

এ দিকে এসআইআর-এ মতুয়াদের সমস্যা ফের সুপ্রিম কোর্টে উঠে এল। এসআইআর-এ যেহেতু শুধুমাত্র নাগরিকদেরই ভোটার তালিকায় রাখা হচ্ছে, তাই মতুয়ারা সমস্যায় পড়েছেন। যাঁরা বাংলাদেশ থেকে শরণার্থী হিসেবে পশ্চিমবঙ্গে এসেছেন, সিএএ-তে নাগরিকত্বের আবেদন করলেও অনেকেই তা পাননি। এ নিয়ে সুপ্রিম কোর্টে আগেই মামলা হয়েছিল। আজ এই বিষয়ে মামলার আইনজীবী সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির বেঞ্চে আর্জি জানিয়েছেন, সিএএ-তে মামলাকারীদের নাগরিকত্বের আবেদন ঝুলে রয়েছে। কিন্তু পশ্চিমবঙ্গে এসআইআর প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। প্রধান বিচারপতি সূর্য কান্ত বলেন, গতকালই পশ্চিমবঙ্গের মামলা শোনা হয়েছে। আইনজীবী বলেন, এই মামলা শুনানির তালিকায় ছিল না। প্রধান বিচারপতি দ্রুত শুনানির আর্জি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন