Mamata Banerjee

প্রকাশ্যে মাংস বিক্রি নিষিদ্ধ বিহারে, ক্ষোভ প্রকাশ মমতার

অনেকেই মনে করছেন, মাংস বিক্রি নিয়ে আসলে বিজেপি-শাসিত উত্তরপ্রদেশ সরকারের পথে হাঁটতে চলেছে বিহারের এনডিএ সরকার।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২৬ ০৭:৩৫
Share:

মমতা বন্দ্যোপাধ্যায়। — ফাইল চিত্র।

বিহারে খোলা জায়গায় আর মাংস বিক্রি করা চলবে না। রাজ্যের উপমুখ্যমন্ত্রী বিজয়কুমার সিন্‌হা জানিয়েছেন, বিহারে যত্রতত্র প্রকাশ্যে মাংস বিক্রি নিষিদ্ধ হতে চলেছে। নতুন নিয়ম চালু হলে শুধুমাত্র লাইসেন্সপ্রাপ্ত দোকানদারেরাই মাংস বিক্রি করতে পারবেন। নীতীশ কুমারের নেতৃত্বাধীন এনডিএ সরকারের এই সিদ্ধান্ত নিয়ে রাজনৈতিক স্তরে বিতর্কের সৃষ্টি হয়েছে। বিহার সরকারের এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করেছেন তৃণমূল নেত্রী ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বিহারের উপমুখ্যমন্ত্রী জানিয়েছেন, রাজ্যে মাংস বিক্রির ক্ষেত্রে কেউ যদি নিয়ম লঙ্ঘন করেন, তাঁর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করা হবে। বিজয়কুমার বলেন, ‘‘বিহারে প্রকাশ্যে রাস্তার পাশে কেউ মাংস বিক্রি করতে পারবেন না। কারও ভাবনায় আঘাত দেওয়া চলবে না। নিয়ম মেনে লাইসেন্স পাবেন যাঁরা, তাঁরাই মাংস বিক্রি করতে পারবেন। কেউ এই নিয়ম ভাঙলে কঠোর পদক্ষেপ করা হবে।’’ তবে কবে থেকে চালু হবে নতুন বিধি, আর সেই নিয়ম ভাঙলে শাস্তির কী ব্যবস্থা থাকছে, তা নিয়ে স্পষ্ট কিছু বলেননি তিনি।

এ প্রসঙ্গে মমতা কলকাতায় বলেন, ‘‘বিহারের উপমুখ্যমন্ত্রী বলছেন, বাজারে মাছ মাংস বিক্রি করা যাবে না। শুধু যাঁদের লাইসেন্স আছে, তাঁরাই বিক্রি করতে পারবেন। মানে সবাই কি শপিং মলে গিয়ে মাছ, মাংস বিক্রি করবেন? আমাদের চাষিরা তো রাস্তায় বসেন। পুকুর থেকে মাছ ধরে নিয়ে এসে বিক্রি করেন।’’ বিজেপিকে নিশানা করে মমতা আরও বলেন, ‘‘আজ যদি বলে বাংলায় মাছ বন্ধ, মাংস বন্ধ, ডিম বন্ধ...। কারণ বিজেপি অন্ধ।’’

অনেকেই মনে করছেন, মাংস বিক্রি নিয়ে আসলে বিজেপি-শাসিত উত্তরপ্রদেশ সরকারের পথে হাঁটতে চলেছে বিহারের এনডিএ সরকার। গত বছরের মার্চ মাসে যোগী আদিত্যনাথের সরকার উত্তরপ্রদেশের সব ধর্মীয় স্থানের নির্দিষ্ট দূরত্বের মধ্যে মাংস বিক্রির উপর নিষেধাজ্ঞা জারি করে। উত্তরপ্রদেশ সরকারের নির্দেশ অনুযায়ী, রাজ্যে কোনও দোকানের বাইরে মাংস ঝুলিয়ে রাখা যাবে না। দোকানদারকে দোকানের সামনে পর্দা ঝুলিয়ে দিতে হবে কিংবা কালো কাচ ব্যবহার করতে হবে যাতে পথচলতি মানুষ বাইরে থেকে মাংস দেখতেনা পারেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন