Rajput Karni Sena

‘স্পিকারকে অপমান’, রাহুল-সহ ২৫ বিরোধী সাংসদকে খুনের হুমকি দিয়ে রাজস্থানে গ্রেফতার করণী সেনার নেতা

ধৃত যুবকের অভিযোগ, বাজেট অধিবেশন-পর্বে লোকসভার স্পিকার বিড়লাকে অপমান করেছেন রাহুল-সহ ওই ২৫ জন বিরোধী সাংসদ। তাই তাঁদের খুন করা হবে!

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:০৫
Share:

রাহুল গান্ধী। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী-সহ ২৫ জন বিরোধী সাংসদকে খুনের হুমকি দেওয়ার অভিযোগে রাজস্থানের কোটা থেকে গ্রেফতার করা হল এক যুবককে। ঘটনাচক্রে, ওই কোটা কেন্দ্রেরই বিজেপি সাংসদ লোকসভার স্পিকার ওম বিড়লা।

Advertisement

স্থানীয় সূত্রের খবর, ধৃত যুবকের নাম রাজ সিংহ। তিনি কট্টরপন্থী রাজপুত সংগঠন করণী সেনার একটি গোষ্ঠীর স্থানীয় নেতা। পুলিশ জানিয়েছে, সমাজমাধ্যমে প্রকাশিত একটি ভিডিয়োতে (আনন্দবাজার ডট কম যার সত্যতা যাচাই করেনি) ধৃত যুবক রাহুল-সহ বিরোধী সাংসদের উদ্দেশে কটুকথা প্রয়োগের পাশাপাশি তাঁদের সরাসরি খুনের হুমকি দিয়েছিলেন। ভিডিয়োয় তাঁর অভিযোগ ছিল, বাজেট অধিবেশন পর্বে স্পিকার বিড়লাকে অপমান করেছেন রাহুল-সহ ওই ২৫ জন বিরোধী সাংসদ। ভিডিয়োর রাজকে বলতে শোনা গিয়েছে, ‘‘আমার বিশ্বাস রাহুল গান্ধীর নির্দেশেই এই ঘটনা ঘটেছে। রাহুল, মনোযোগ দিয়ে শুনুন, যদি আবার এমন ঘটনা ঘটে, তা হলে আমরা আপনার বাড়িতে ঢুকে আপনাকে গুলি করব।’’

২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্ত সাংসদের গ্রেফতার করা না হলে, তাঁদেরও খুন করা হবে বলেও ভিডিয়োয় হুমকি দিয়েছেন ধৃত যুবক। কোটার পুলিশ সুপার তেজস্বিনী গৌতম সংবাদসংস্থা পিটিআই-কে জানিয়েছেন, এখনও পর্যন্ত কোনও সংগঠনের সঙ্গে ধূতের যোগাযোগ প্রমাণিত হয়নি। তিনি করণী সেনার কোনও গোষ্ঠীর সদস্য কি না, তদন্ত করে দেখা হচ্ছে। অতীতে বিভিন্ন সময়ে বিতর্কের কেন্দ্র থেকেছে রাজস্থানের ওই কট্টরপন্থী রাজপুত সংগঠন। তবে ‘প্রকৃত’ করণী সেনা কারা, তা নিয়ে ধন্দ রয়েছে। ‘শ্রী রাজপুত করণী সেনা’, ‘শ্রী রাষ্ট্রীয় রাজপুত করণী’-সহ বিভিন্ন সংগঠন নিজেদের ‘প্রকৃত করণী সেনা’ বলে দাবি করে। বিতর্কিত ভিডিয়োয় রাজের পিছনে দেওয়ালে একটি ছবি ঝুলতে দেখা গিয়েছে। তাতে দেখা যাচ্ছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্পিকার বিড়লা করমর্দন করছেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement