Social Media

সমাজমাধ্যমের পোস্টে নয় যান্ত্রিক এফআইআর

এফআইআর খারিজের পাশাপাশি সমাজমাধ্যমের পোস্টের জেরে ঢালাও ফৌজদারি প্রক্রিয়ার প্রয়োগ রুখতে আচরণবিধি বেঁধে দেয় কোর্ট।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৬ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:২৩
Share:

—প্রতীকী চিত্র।

সমাজমাধ্যমে শুধুই কড়া সমালোচনা বা রাজনৈতিক মন্তব্য করার জেরে পুলিশ কারও বিরুদ্ধে যান্ত্রিক ভাবে এফআইআর দায়ের করতে পারবে না বলে সম্প্রতি রায় দিয়েছিল তেলঙ্গানা হাই কোর্ট। এ ক্ষেত্রে পুলিশ এবং বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটদের জন্য হাই কোর্ট আচরণবিধিও নির্দিষ্ট করে দিয়েছিল। এ বার তেলঙ্গানা সরকারের আপত্তি খারিজ করে হাই কোর্টের রায় ও আচরণবিধি বহাল রাখল সুপ্রিম কোর্ট।

তেলঙ্গানা হাই কোর্ট তাদের রায়টি দিতে গিয়ে জনৈক নাল্লা বালুর বিরুদ্ধে দায়ের হওয়া তিনটি এফআইআর খারিজ করে দিয়েছিল। তেলঙ্গানার শাসক দল কংগ্রেসের সমালোচনা করে এক্স হ্যান্ডলে পোস্ট দেওয়ার জেরে ভারতীয় ন্যায় সংহিতার বিভিন্ন ধারায় তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের হয়। কিন্তু হাই কোর্ট মনে করেছিল, বালুর পোস্টগুলি বৈধ রাজনৈতিক প্রতিক্রিয়ার মধ্যেই পড়ে এবং এ ক্ষেত্রে তাঁর বিরুদ্ধে অভিযোগ দাঁড়ায় না। এর পরেও তাঁর বিরুদ্ধে ফৌজদারি প্রক্রিয়া চালানো হলে তাতে বিচার ব্যবস্থার অপব্যবহার হয়। এর পরেই এফআইআর খারিজের পাশাপাশি সমাজমাধ্যমের পোস্টের জেরে ঢালাও ফৌজদারি প্রক্রিয়ার প্রয়োগ রুখতে আচরণবিধি বেঁধে দেয় কোর্ট।

এই রায়কেই চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতে গিয়েছিল তেলঙ্গানা সরকার। তাদের আইনজীবী সিদ্ধার্থ লুথরা আদালতে বলেন, হাই কোর্টের নির্দেশিকা পরস্পর-বিরোধী এবং তা সুপ্রিম কোর্টের দ্বারা সংশোধন করে দেওয়ার প্রয়োজন রয়েছে। কিন্তু শীর্ষ আদালতের বিচারপতি জে বি পারদিওয়ালা এবং বিচারপতি বিজয় বিষ্ণোই জানিয়ে দেন, হাই কোর্টের রায় তাঁরা খুঁটিয়ে দেখেছেন। ওই রায় এবং আচরণবিধিতে হস্তক্ষেপ করা উচিত নয় বলেই তাঁরা মনে করছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন