Mukhyamantri Mahila Rojgar Yojana

বিহারে ১০ হাজার টাকা করে পেলেন আরও ২৫ লক্ষ মহিলা! ব্যবসা দাঁড়িয়ে গেলে মিলবে আরও দু’লক্ষ টাকা

ব্যবসা শুরু করে মহিলাদের স্বাবলম্বী হওয়ার জন্য ১০ হাজার টাকা করে দেয় বিহার সরকার। এখন পর্যন্ত বিহারে এক কোটি ৮১ লক্ষ মহিলা ১০ হাজার টাকা করে পেয়েছেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:০৬
Share:

বিহারে আরও ২৫ লক্ষ মহিলার অ্যাকাউন্টে সোমবার ১০ হাজার টাকা করে প্রবেশ করল। গত বছর বিধানসভা নির্বাচনের আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। এ বার ‘মুখ্যমন্ত্রী মহিলা রোজগার যোজনা’-র অধীনে এই টাকা পেলেন মহিলারা। মুখ্যমন্ত্রীর দফতর জানিয়েছে, সোমবার এই প্রকল্পের জন্য ২,৫০০ কোটি টাকা দিয়েছেন নীতীশ কুমার।

Advertisement

২০২৫ সালের নভেম্বরে বিহারে বিধানসভা নির্বাচন ছিল। তার আগে গত সেপ্টেম্বর মাসে ‘মুখ্যমন্ত্রী মহিলা রোজগার যোজনা’র সূচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিহারে প্রত্যেক পরিবারের এক জন মহিলাকে ১০ হাজার টাকা করে সাহায্য দেওয়ার কথা ঘোষণা করে নীতীশ সরকার। ব্যবসা শুরু করে মহিলাদের স্বাবলম্বী হওয়ার জন্য ওই টাকা দেওয়া হয়। এখন পর্যন্ত বিহারে এক কোটি ৮১ লক্ষ মহিলা ১০ হাজার টাকা করে পেয়েছেন।

গত মাসেই নীতীশ ঘোষণা করেছিলেন, যাঁরা এই টাকা দিয়ে নিজেদের ব্যবসা শুরু করবেন, তাঁদের আরও অতিরিক্ত ২ লক্ষ টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে। যাঁরা ব্যবসা শুরু করেছেন, তাঁদের প্রথম ছ’মাসের কাজ, লাভের পরিমাণ দেখে পরবর্তী ২ লক্ষ টাকা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হবে। সেই টাকা মিলবে দফায় দফায়। ব্যবসা ভাল চললে পরবর্তী কালে সেই মহিলা আরও আর্থিক সহায়তা পেতে পারেন।

Advertisement

এ বার বিহারে আরও ২৫ লক্ষ মহিলা নিজেদের অ্যাকাউন্টে ১০ হাজার টাকা করে পেলেন। ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার (ডিবিটি)-র মাধ্যমে এই টাকা অ্যাকাউন্টে পাঠানো হয়েছে। এই নিয়ে ভোটের আগে বিরোধীরা আঙুল তুলেছিল নীতীশ কুমারের সরকারের দিকে। জন সুরজ দলের প্রধান প্রশান্ত কিশোর অভিযোগ করেছিলেন, এ ভাবে ভোট কিনছেন নীতীশ। অনেকে পশ্চিমবঙ্গের মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের ‘লক্ষ্মীর ভান্ডার’ প্রকল্পের ছায়া দেখেছিলেন নীতীশের ওই পদক্ষেপে। রাজনীতিকদের অনেকেই মনে করেন, ওই প্রকল্পের কারণেই বিহার ভোটে জয় পেয়েছিল এনডিএ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement