ICC T20 World Cup 2026

সুপার এইটে ভারতের আরও এক প্রতিপক্ষ নিশ্চিত হয়ে গেল, নিজেরা জিতে অন্য এক দলকে নক আউটে তুলল আফগানিস্তান

নক আউটে ভারতের এক প্রতিপক্ষ আগেই নিশ্চিত হয়ে গিয়েছিল। সোমবার আফগানিস্তানের জয়ের পর সূর্যকুমার যাদবদের দ্বিতীয় প্রতিপক্ষও নিশ্চিত হয়ে গেল।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:৪৫
Share:

ভারতীয় ক্রিকেট দল। ছবি: পিটিআই।

নিজেরা জিতে অন্য এক দলকে বিশ্বকাপের সুপার এইটে তুলে দিল আফগানিস্তান। ফলে তিনটি দল নিশ্চিত হয়ে গেল। তিনটি দলই একই গ্রুপের। নক আউটে ভারতের এক প্রতিপক্ষ আগেই নিশ্চিত হয়ে গিয়েছিল। সোমবার আফগানিস্তানের জয়ের পর সূর্যকুমার যাদবদের দ্বিতীয় প্রতিপক্ষও নিশ্চিত হয়ে গেল।

Advertisement

সোমবার আফগানিস্তান বনাম সংযুক্ত আরব আমিরশাহির খেলা ছিল। এই খেলা যদি আমিরশাহি জিতত তা হলে আফগানিস্তান নক আউটের দৌড় থেকে বিদায় নিত। চতুর্থ দেশ হিসাবে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বিদায় নিতেন রশিদ খানেরা। কিন্তু এই ম্যাচ জিতে নিজেদের আশা বাঁচিয়ে রাখার পাশাপাশি দক্ষিণ আফ্রিকাকে সুপার এইটে তুলে দিলেন তাঁরা।

প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৬০ রান করে আমিরশাহি। চার বল বাকি থাকতে ৫ উইকেটে ম্যাচ জিতে যায় আফগানিস্তান। ব্যাটে-বলে নায়ক আজ়মাতুল্লা ওমরজাই। বল হাতে ৪ ওভারে ১৫ রান দিয়ে ৪ উইকেট নেন তিনি। পরে ব্যাট হাতে ২১ বলে অপরাজিত ৪০ রান করে দলকে জেতান তিনি।

Advertisement

এই ম্যাচের আগে গ্রুপ ডি-তে তিন ম্যাচের মধ্যে তিনটি জিতে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে ছিল দক্ষিণ আফ্রিকা। কিন্তু খাতায়-কলমে তখনও সুপার এইট নিশ্চিত ছিল না। কিন্তু আফগানিস্তানের জয়ের পর এই গ্রুপ থেকে একটি দল হিসাবে নক আউটে উঠে গেলেন এডেন মার্করামেরা।

বিশ্বকাপের সুপার এইটে দু’টি গ্রুপ রয়েছে। গ্রুপ ‘এক্স’ ও গ্রুপ ‘ওয়াই’। গ্রুপ পর্বে প্রতিটি দল থেকে যে দুই দল নক আউটে উঠবে তাদের আলাদা আলাদা গ্রুপে রাখা হবে। তবে সুপার এইটে আটটি দল আগে থেকে ধরে রাখা হয়েছে। তারা গ্রুপ পর্বে যে স্থানেই শেষ করুক না কেন, নক আউটে নির্দিষ্ট জায়গাতেই খেলবে।

উদাহরণ হিসাবে বলা যায়, ভারত গ্রুপ চ্যাম্পিয়ন হোক, বা দ্বিতীয় স্থানেই শেষ করুক, তারা এক্স গ্রুপের প্রথম দল (এক্স ১)। এই গ্রুপের বাকি তিন দল ধরা হয়েছে অস্ট্রেলিয়া (এক্স ২), ওয়েস্ট ইন্ডিজ় (এক্স ৩) ও দক্ষিণ আফ্রিকা (এক্স ৪)। তার মধ্যে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ়ের সুপার এইট আগেই পাকা হয়ে গিয়েছিল। এ বার সেই তালিকায় জুড়ল দক্ষিণ আফ্রিকা। ঠিক তেমনই ওয়াই গ্রুপের চারটি দল ধরে রাখা আছে ইংল্যান্ড (ওয়াই ১), নিউ জ়িল্যান্ড (ওয়াই ২), পাকিস্তান (ওয়াই ৩) ও শ্রীলঙ্কা (ওয়াই ৪)। এই গ্রুপের কোনও দলই এখনও নিশ্চিত হয়নি।

যদি কোনও দল এই তালিকায় থাকা কোনও দলের বদলে সুপার এইটে ওঠে, তা হলে তার জায়গা নেবে তারা। যেমন, যদি অস্ট্রেলিয়ার বদলে সেই গ্রুপ থেকে জ়িম্বাবোয়ে ওঠে তা হলে অস্ট্রেলিয়ার বদলে তাদের জায়গা হবে এক্স ২।

১ মার্চ ‘এক্স ১’ বনাম ‘এক্স ৩’ ম্যাচ রয়েছে। অর্থাৎ, সে দিন কলকাতার ইডেন গার্ডেন্সে ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ় ম্যাচ হবে। এই ম্যাচের সূচি ঠিক হয়ে গিয়েছে। ভারতের বাকি দুই ম্যাচ ২২ ফেব্রুয়ারি ও ২৬ ফেব্রুয়ারি। ২২ তারিখ অহমদাবাদ ও ২৬ তারিখ চেন্নাইয়ের মাঠে খেলা। সোমবার ঠিক হয়ে গেল, ২২ ফেব্রুয়ারি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলবে ভারত। তবে ২৬ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের খেলা হবে কি না তা নিশ্চিত নয়। তাদের বদলে নক আউটে ওঠার সুযোগ রয়েছে জ়িম্বাবোয়ের। যদি তেমনটা হয়, তা হলে ২৬ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়ার বদলে জ়িম্বাবোয়ের মুখোমুখি হবেন সূর্যেরা। প্রতিটি ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৭টা থেকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement