(বাঁ দিকে) মহসিন নকভি ও শোয়েব আখতার (ডান দিকে)। —ফাইল চিত্র।
পাকিস্তান ক্রিকেটকে সমালোচনায় ফালাফালা করে দিলেন দেশের প্রাক্তন ক্রিকেটার শোয়েব আখতার। তাঁর নিশানায় পাক ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নকভি। তাঁকে ‘অশিক্ষিত’ ও ‘অযোগ্য’ বলে উল্লেখ করেছেন আখতার। তাঁর অভিযোগ, দায়িত্ব নিয়ে পাকিস্তানের ক্রিকেটকে ধ্বংস করে দিচ্ছেন নকভি।
‘এবিপি নিউজ়’-কে দেওয়া এক সাক্ষাৎকারে আখতার নিশানা করেন নকভিকে। তিনি বলেন, “একজন ব্যক্তি জানেনই না যে, পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যানের কাজটা কী। তিনি কী ভাবে দল চালাবেন? আপনি এমন একজনকে তারকা তৈরি করেছেন (বাবর আজ়ম) যে আপনাকে একটা ম্যাচও জেতাতে পারে না। আপনি এমন একজনকে তারকা বানিয়েছেন (শাহিন আফ্রিদি) যে ১০ ওভারও বল করতে পারে না। তা হলে কী ভাবে পাকিস্তান জিতবে?”
আখতারের মতে, বিশ্বের সবচেয়ে অযোগ্য ব্যক্তিকে এত বড় দায়িত্ব দেওয়া হয়েছে। তাই দেশের ক্রিকেটের এই হাল। তিনি বলেন, “আপনি এমন লোকেদের দলে নিয়েছেন, যারা আপনার ইশারায় চলবে। দলের জেতা-হারা নিয়ে আপনার কোনও মাথাব্যথাই নেই। এটা সবচেয়ে বড় অপরাধ। বিশ্বের সবচেয়ে অযোগ্য ব্যক্তিকে এত বড় দায়িত্ব দেওয়া হয়েছে। এর থেকে বড় অপরাধ আর কিছু নেই।”
নকভি দায়িত্ব নেওয়ার পর ছ’বার ভারত-পাকিস্তান মুখোমুখি হয়েছে। ছ’বারই পাকিস্তান হেরেছে। তার পরেও নকভির শিক্ষা হয়নি বলে মনে করেন আখতার। তিনি বলেন, “গত ১৫-২০ বছরে ক্রিকেটে বিনিয়োগ হয়নি। ক্রিকেট আরও খারাপ জায়গায় যাচ্ছে। এটাই বাস্তব। একটা সময় মাঠে আমরা ভারতের সঙ্গে লড়াই করতাম। এখন ওদের হারানোর কথা স্বপ্নেও ভাবতে পারি না। শেষ কয়েক বছরে তো পাকিস্তানের কফিনে একের পর এক পেরেক পুঁতেছে ভারত। তার দায় বোর্ডের চেয়ারম্যান এড়াতে পারেন না।”
শুধু অযোগ্য বলেই ক্ষান্ত থাকেননি আখতার। নকভিকে অশিক্ষিতও বলেছেন তিনি। পাকিস্তানের প্রাক্তন পেসার বলেন, “যখন একজন অযোগ্য ও অশিক্ষিত লোক এত বড় দায়িত্ব সামলান, তখন এই রকম পরিস্থিতিই হবে। উনি পাকিস্তানকে ধ্বংস করে দেবেন। যে কোনও সংস্থাকে শেষ করে দেওয়ার ক্ষমতা ওঁর আছে। উদাহরণ আপনাদের চোখের সামনে। সবই বুঝতে পারছেন।”