Narendra Modi’s Appeal

‘ব্যর্থতার প্রমাণ’! দেশবাসীকে সংযমী হতে বলায় মোদীকে নিশানা রাহুলের, ভোট শেষ হতেই কেন আর্জি? প্রশ্ন অখিলেশের

পেট্রল-ডিজ়েলের ব্যবহার কমানোর জন্য দেশবাসীকে অনুরোধ করেছেন প্রধানমন্ত্রী মোদী। দেশের বৈদেশিক মুদ্রাভান্ডার সুরক্ষিত রাখতে দেশবাসীকে এগিয়ে আসার অনুরোধ করেছেন তিনি। তা নিয়ে কেন্দ্রকে বিঁধতে শুরু করেছে বিরোধী রাজনৈতিক দলগুলি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১১ মে ২০২৬ ১৬:১২
Share:

(বাঁ দিক থেকে) নরেন্দ্র মোদী, রাহুল গান্ধী এবং অখিলেশ যাদব। —ফাইল চিত্র।

বৈদেশিক মুদ্রাভান্ডার সুরক্ষিত রাখতে দেশবাসীকে সংযমী হতে বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সাধারণ জনতার উদ্দেশে তাঁর এই আর্জি নিয়ে ইতিমধ্যে প্রশ্ন তুলতে শুরু করেছে বিরোধী দলগুলি। প্রধানমন্ত্রীর এই আর্জিকে কেন্দ্রের ‘ব্যর্থতার প্রমাণ’ বলে খোঁচা দিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। মোদী সরকারকে বিঁধেছে তৃণমূল কংগ্রেস, সমাজবাদী পার্টি এবং বাম দলগুলিও।

Advertisement

পেট্রল, ডিজ়েল, রান্নার গ্যাস, ভোজ্য তেল, সোনা, তামা, রাসায়নিক সার— এই পণ্যগুলির একটি বড় অংশ বিদেশ থেকে আমদানি করতে হয় ভারতকে। টান পড়ে দেশের বৈদেশিক মুদ্রাভান্ডারে। পশ্চিম এশিয়ার অস্থিরতার মাঝে এই পণ্যগুলি সংযমী হয়ে ব্যবহারের অনুরোধ করেন প্রধানমন্ত্রী। মোদীর এই আর্জির পর সোমবার কেন্দ্রকে খোঁচা দিয়েছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল। সমাজমাধ্যমে তিনি লেখেন, “মোদীজি গতকাল সাধারণ মানুষের কাছে ত্যাগের আর্জি জানিয়েছেন— সোনা কিনবেন না, বিদেশভ্রমণ করবেন না, পেট্রল কম খরচ করুন, সার ও রান্নার তেলের ব্যবহার কমান, মেট্রোয় যাতায়াত করুন এবং বাড়ি থেকে কাজ করুন। এগুলো কোনও পরামর্শ নয়, এগুলো ব্যর্থতার প্রমাণ।”

প্রধানমন্ত্রীকে বিঁধে রাহুল আরও লেখেন, “গত ১২ বছরে দেশকে এমন এক সন্ধিক্ষণে এনে দাঁড় করানো হয়েছে যে মানুষকে এখন বলে দিতে হচ্ছে— কী কিনতে হবে আর কী কিনতে হবে না, কোথায় যেতে হবে আর কোথায় যেতে হবে না। নিজেদের দায় এড়ানোর জন্য ওরা বার বার সাধারণ মানুষের উপর দায়িত্ব চাপিয়ে দেয়।”

Advertisement

দেশবাসীর উদ্দেশে মোদীর আর্জি নিয়ে প্রশ্ন তুলেছেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবও। কেন্দ্রকে খোঁচা দিয়ে অখিলেশ লেখেন, “ভোট শেষ হতেই সঙ্কটের কথা মনে পড়ে গেল!” নির্বাচনী প্রচারের সময়ে কেন এই বিষয়গুলি মানা হয়নি, তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। অখিলেশ লেখেন, “ভোটের প্রচারের সময় বিজেপি নেতারা যে হাজার হাজার চার্টার্ড বিমানে চেপে ঘুরলেন, সেগুলো কি জল দিয়ে চলত? তাঁরা কি তখন হোটেলে ওঠেননি? না কি তাঁরা গ্যাস সিলিন্ডারের ছবি টাঙিয়ে রেখে তার সামনে রান্না করেছেন? বিজেপি নেতারা কেন নিজেদের পুরো প্রচার ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে করলেন না? এই সব কিছু শুধু সাধারণ মানুষকেই কেন মানতে হবে?”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement