Iran War

পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়ে আরও তিন রাষ্ট্রনেতার সঙ্গে কথা বললেন প্রধানমন্ত্রী মোদী, কী আলোচনা হল?

২৮ ফেব্রুয়ারি ইরানের উপর ইজ়রায়েল ও আমেরিকার হামলার (যার পোশাকি নাম যথাক্রমে ‘অপারেশন লায়নস রোর’ এবং ‘অপারেশন এপিক ফিউরি’) পরে এশিয়া এবং ইউরোপের বেশ কয়েক জন রাষ্ট্রনেতার সঙ্গে পশ্চিম এশিয়া পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন মোদী।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৯ মার্চ ২০২৬ ১৯:২৬
Share:

নরেন্দ্র মোদী। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

ইরানের উপর আমেরিকা এবং ইজ়রায়েলের হামলার জেরে পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে। ফলে ওই অঞ্চলে কর্মরত কয়েক লক্ষ ভারতীয় নাগরিকের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। হরমুজ় প্রণালীতে তেহরানের অবরোধ ঘিরে তেল এবং গ্যাস পরিবহণ ব্যাহত হচ্ছে। অনিশ্চয়তার আবহে ধারাবাহিক ভাবে পশ্চিম এশিয়া-সহ বিভিন্ন দেশের শীর্ষনেতৃত্বের সঙ্গে আলোচনা করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ বার ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রোঁ, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এবং ওমানের সুলতান হাইথাম বিন তারিকের সঙ্গে টেলিফোনে কথা বললেন তিনি।

Advertisement

ফেব্রুয়ারি মাসে ভারত সফরে এসে মোদীর সঙ্গে দীর্ঘ বৈঠক করেছিলেন মাক্রোঁ। বৃহস্পতিবার তাঁর সঙ্গে কথা বলার পরে সমাজমাধ্যমে মোদী লিখেছেন, ‘‘আমার প্রিয় বন্ধু, প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রোঁর সঙ্গে পশ্চিম এশিয়ার পরিস্থিতি এবং উত্তেজনা প্রশমনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপের পাশাপাশি আলোচনা ও কূটনীতির পথে প্রত্যাবর্তনের বিষয়ে কথা বলেছি। আমরা ওই অঞ্চলে এবং তার বাইরে শান্তি ও স্থিতিশীলতা এগিয়ে নিতে যেতে ঘনিষ্ঠ সমন্বয় অব্যাহত রাখার জন্য আগ্রহী।’’ একই ভাবে এশিয়ার দুই রাষ্ট্রনেতার সঙ্গে কথোপকথনের কথাও সমাজমাধ্যমে তুলে ধরেছেন মোদী।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা প্রসঙ্গে মোদী লিখেছেন, ‘‘আমার বন্ধু, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে কথা বলেছি এবং আসন্ন হরি রায়া এইদিলফিতরি (ইদ-উল ফিতর) উৎসব উপলক্ষে তাঁকে এবং মালয়েশিয়ার জনগণকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছি। আমরা পশ্চিম এশিয়ার গভীর ভাবে উদ্বেগজনক পরিস্থিতি নিয়েও আলোচনা করেছি এবং আলোচনা ও কূটনীতির মাধ্যমে উত্তেজনা হ্রাস এবং দ্রুত শান্তি ও স্থিতিশীলতা পুনঃপ্রতিষ্ঠার প্রতি যৌথ অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছি।’’ যুদ্ধ পরিস্থিতির ২০তম দিনে ইরানের নিশানা ওমানের সুলতানের সঙ্গে আলোচনা প্রসঙ্গে মোদী লিখেছেন, ‘‘আমার ভাই সুলতান হাইথাম বিন তারিকের সঙ্গে একটি ফলপ্রসূ আলোচনা হয়েছে এবং ওমানের জনগণকে আগাম ইদের শুভেচ্ছা জানিয়েছি।’’ এর পরেই নাম না করে ইরানকে খোঁচা দিয়ে মোদীর মন্তব্য, ‘‘ভারত আবার ওমানের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার লঙ্ঘনের নিন্দা করেছে এবং ভারতীয় নাগরিক-সহ হাজার হাজার মানুষের নিরাপদ প্রত্যাবর্তন নিশ্চিত করতে ওমানের প্রচেষ্টার প্রশংসা করেছে। ভারত ও ওমান চায় হরমুজ় প্রণালী দিয়ে নিরাপদ ও অবাধ নৌপরিবহণ আবার শুরু হোক।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement