Rajya Sabha Election

মার্চেই পশ্চিমঙ্গের পাঁচটি-সহ ১০ রাজ্যের মোট ৩৭ রাজ্যসভা আসনে নির্বাচন, ভোটের নির্ঘণ্ট ঘোষণা করে দিল কমিশন

রাজ্যসভায় পশ্চিমবঙ্গের পাঁচ জন সাংসদের মেয়াদ শেষ হচ্ছে আগামী ২ এপ্রিল। কাছাকাছি সময়ে খালি হচ্ছে ১০টি রাজ্যের মোট ৩৭টি রাজ্যসভার আসন।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২৬ ১০:২৯
Share:

রাজ্যসভা ভোটের দিনক্ষণ জানাল নির্বাচন কমিশন। —ফাইল চিত্র।

পশ্চিমবঙ্গের রাজ্যসভার পাঁচ জন সাংসদের মেয়াদ শেষ হচ্ছে আগামী ২ এপ্রিল। কাছাকাছি সময়ে খালি হচ্ছে ১০টি রাজ্যের মোট ৩৭টি আসন। এই পরিস্থিতিতে ওই আসনগুলিতে ভোটের নির্ঘণ্ট জানিয়ে দিল নির্বাচন কমিশন। আগামী ১৬ মার্চ পশ্চিমবঙ্গের ওই পাঁচ আসন-সহ দেশের মোট ৩৭টি রাজ্যসভার আসনে ভোট হবে।

Advertisement

রাজ্যসভার ভোট নিয়ে বুধবার সকালে একটি বিজ্ঞপ্তি দিয়েছে কমিশন। ওই বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ২৬ ফেব্রুয়ারি রাজ্যসভার ৩৭টি আসনে নির্বাচনের জন্য ভোটের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আগামী ৫ মার্চ। মনোনয়নপত্র যাচাই করা হবে ৬ মার্চ। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ৯ মার্চ। তবে একটি আসনের জন্য এক জনই মনোনয়ন জমা দিলে নির্বাচনের প্রয়োজন পড়বে না।

ইতিমধ্যেই রাজ্যসভার সাংসদপদ থেকে ইস্তফা দিয়েছেন তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগ দেওয়া মৌসম বেনজির নূর। মৌসম ছাড়া তৃণমূলের তিন রাজ্যসভা-সাংসদ সাকেত গোখলে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সুব্রত বক্সীর মেয়াদ শেষ হচ্ছে আগামী ২ এপ্রিল। একই দিনে রাজ্যসভার সাংসদ হিসাবে ছ’বছরের মেয়াদ শেষ করবেন সিপিএমের বিকাশরঞ্জন ভট্টাচার্যও। এই পাঁচ আসনেই নির্বাচন হবে ১৬ মার্চ। বিধানসভায় এখনকার বিধায়ক সংখ্যার নিরিখে পাঁচ আসনের মধ্যে চারটিতে তৃণমূলের জয়ী হওয়ার কথা। বিধানসভার বর্তমান সমীকরণ অনুযায়ী, একটি আসনে জয়ী হওয়ার কথা বিজেপির। তবে পাঁচের বেশি প্রার্থী দাঁড়ালে ভোটাভুটির প্রয়োজন হবে।

Advertisement

পশ্চিমবঙ্গ ছাড়া মহারাষ্ট্রের সাতটি, ওড়িশার চারটি, তামিলনাড়ুর ছ’টি, অসমের তিনটি, বিহারের পাঁচটি, ছত্তীসগঢ়ের দু’টি, হরিয়ানার দু’টি, হিমাচল প্রদেশের একটি এবং তেলঙ্গানার দু’টি রাজ্যসভা-আসনে নির্বাচন হবে আগামী ১৬ মার্চ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement