Mumbai Metro

মুম্বইয়ে মেট্রোর নির্মীয়মাণ পিলার ভেঙে মৃত এক, জখম তিন! থেঁতলে গেল পশ্চিমবঙ্গের নম্বর প্লেট দেওয়া একটি গাড়িও

মুলুন্দ ওয়েস্ট এলাকায় এলবিএস রোডের উপর দিয়ে মেট্রোর লাইন সম্প্রসারণের কাজ চলছে। দুপুরে মেট্রোর ওই নির্মীয়মাণ পিলারের একটি অংশ ভেঙে পড়ে রাস্তায়। সিমেন্টের চাঁই এসে পড়ে অটো এবং একটি গাড়ির উপরে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৪ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:৪৪
Share:

শনিবার দুপুরে মুম্বই মেট্রোর নির্মীয়মাণ পিলার থেকে ভেঙে পড়ে একটি অংশ। ছবি: সংগৃহীত।

মুম্বইয়ে ভেঙে পড়ল মেট্রোর নির্মীয়মাণ পিলারের অংশ। শনিবার দুপুরে দুর্ঘটনাটি ঘটেছে মুলুন্দ ওয়েস্ট এলাকায়। রাস্তার উপরে একটি অটো এবং একটি গাড়ির উপরে ভেঙে পড়ে পিলারের সিমেন্টের স্ল্যাব। ভেঙে পড়া ওই চাঁইয়ের নীচে চাপা পড়ে সম্পূর্ণ থেঁতলে গিয়েছে অটোটি। ক্ষতিগ্রস্ত অপর গাড়িটির রেজিস্ট্রেশন হয়েছে পশ্চিমবঙ্গে। গাড়িটির বনেটও থেঁতলে গিয়েছে। প্রাথমিক ভাবে সংবাদ সংস্থা এএনআই জানাচ্ছে, দুর্ঘটনায় এক জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও তিন জন। যদিও নিহতের নাম পরিচয় এখনও জানা যায়নি।

Advertisement

শনিবার দুপুর ১২টা ২০ মিনিট নাগাদ দুর্ঘটনাটি ঘটে। মুলুন্দ ওয়েস্ট এলাকায় এলবিএস রোডের উপর দিয়ে মেট্রোর লাইন সম্প্রসারণের কাজ চলছে। দুপুরে মেট্রোর ওই নির্মীয়মাণ পথের একটি অংশ ভেঙে পড়ে রাস্তায়। মেট্রো লাইনের ধার দিয়ে যে গার্ড ওয়ালের জন্য সিমেন্টের স্ল্যাব বসানো ছিল। সেই স্ল্যাবগুলির মধ্যেই একটি এসে পড়ে অটো এবং একটি গাড়ির উপরে।

স্থানীয় পুলিশ প্রশাসন এবং দমকলকর্মীরা ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছে গিয়েছেন। দুর্ঘটনাস্থলে পৌঁছেছেন মেট্রোর আধিকারিকেরাও। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা যাচ্ছে।

Advertisement

দুর্ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যে প্রকাশ্যে এসেছে (যার সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)। ওই ভিডিয়োয় দেখা যাচ্ছে, দুর্ঘটনার পরে দুমড়ে যাওয়া অটোটি থেকে এক ব্যক্তি বেরোনোর চেষ্টা করছেন। আশপাশের কয়েক জন ব্যক্তি তাঁকে উদ্ধারের চেষ্টা করছেন। কী ভাবে এই দুর্ঘটনাটি ঘটল, তা এখনও স্পষ্ট নয়। মেট্রোর পিলারের ওই স্ল্যাবটি খুলে পড়ার নেপথ্যে কার গাফিলতি ছিল, তা নিয়েও ইতিমধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে।

মেট্রোর এই সম্প্রসারণের কাজের দায়িত্বে রয়েছে মুম্বই মেট্রোপলিটন রিজিয়ন ডেভেলপমেন্ট অথরিটি (এমএমআরডিএ)। তারা জানিয়েছে, দু’জন ব্যক্তি আহত হওয়ার খবর মিলেছে। তাদের শারীরিক অবস্থার দিকে নজর রাখা হচ্ছে। চিকিৎসার জন্য প্রয়োজনীয় সাহায্যও করা হয়েছে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।

তবে মুম্বইয়ের মেয়র ঋতু তাওড়ে জানিয়েছেন, দুর্ঘটনায় এক জনের মৃত্যু হয়েছে। মেট্রোর নির্মাণকাজ চলাকালীন সুরক্ষাবিধি ঠিক মতো পালন করা হয়েছিল কি না, তা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement