Ramlila

রামের ছোড়া তির বিঁধল রাবণের চোখে! উত্তরপ্রদেশে ভন্ডুল রামলীলা পালা, অভিযোগ দায়ের থানায়

আক্রান্তের অভিযোগ, তাঁর চোখ ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু সাহায্যের জন্য আয়োজক বা অভিযুক্তের কাছে গেলেও কেউই তাঁকে সহায়তা করেননি। আর্থিক সহায়তা চেয়েও পাননি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০১ ফেব্রুয়ারি ২০২৬ ১১:৫৩
Share:

—প্রতিনিধিত্বমূলক চিত্র।

রামলীলার পালা চলছিল। দর্শকেরা আনন্দিত, হাততালিতে ফেটে পড়ছে এলাকা। মঞ্চে তখন রাম এবং রাবণ! আচমকাই ছন্দ পতন। রামের চরিত্রে অভিনয় করা যুবকের ছোড়া তির গিয়ে লাগে সরাসরি রাবণের চরিত্রে অভিনয় করা ব্যক্তির চোখে! সঙ্গে সঙ্গে হাত দিয়ে চোখ চেপে মঞ্চের উপরই বসে পড়েন ওই ব্যক্তি। বন্ধ হয়ে যায় পালা।

Advertisement

ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের সোনভদ্রে। গত বছর নভেম্বরে শাহগঞ্জে রামলীলার অনুষ্ঠান চলাকালীন দুর্ঘটনাটি ঘটে। ওই অনুষ্ঠানের আয়োজক ছিলেন রামস্নেহী সিংহ। ওই পালায় রামের চরিত্রে অভিনয় করেছিলেন নৈতিক পাণ্ডে নামে এক যুবক। আর সুনীল কুমার নামে এক ব্যক্তি অভিনয় করেছিলেন রাবণের চরিত্রে।

দু’মাস আগের ঘটনা হলেও সম্প্রতি অভিযোগ দায়ের হওয়ার পরই ঘটনাটি প্রকাশ্যে এসেছে। দায়ের হওয়া অভিযোগে দাবি করা হয়, রাম এবং রাবণের যুদ্ধের দৃশ্য হচ্ছিল মঞ্চে। সেই সময় আচমকা নৈতিকের ছোড়া তিরে আহত হন সুনীল। তিরটি রাবণের মুকুটে লাগার কথা ছিল। কিন্তু সেই তির লাগে সুনীলের চোখে।

Advertisement

সুনীলের অভিযোগ, তাঁর চোখ ক্ষতিগ্রস্ত হয়। কিন্তু সাহায্যের জন্য আয়োজক বা অভিযুক্তের কাছে গেলেও কেউই তাঁকে সহায়তা করেননি। আর্থিক সহায়তা চেয়েও পাননি। আক্রান্তের আরও অভিযোগ, সাহায্য চাইতে গেলে তাঁর উদ্দেশে অবমাননাকর মন্তব্য করা হয়। এমনকি, খুনের হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ করেন সুনীল।

পুলিশের বিরুদ্ধেও অসহযোগিতার অভিযোগ এনেছেন সুনীল। তাঁর দাবি, ঘটনার পর পুলিশের কাছে যান তিনি। কিন্তু তাৎক্ষণিক কোনও পদক্ষেপ করেনি তারা। তবে পরে সুনীলের অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করা হয়েছে। রামলীলার আয়োজক এবং অভিযুক্ত নৈতিকের বিরুদ্ধে মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement