Viral Video

সম্পর্কে থাকতে চান না স্ত্রী, রেগে মাটি কাটার যন্ত্র এনে বাড়ি ভাঙলেন মাতাল স্বামী! তছনছ করলেন সব, ভাইরাল ভিডিয়ো

সংবাদমাধ্যম সিবিএস পিটসবার্গের প্রতিবেদন অনুযায়ী, স্বামী-স্ত্রীর মধ্যে সংঘাতের সূত্রপাত হয় যখন পিয়ারজ়ার স্ত্রী তাঁকে বলেন যে তিনি আর ওই সম্পর্কে থাকতে চান না। বিয়ে ভাঙতে চান। সে সময় মদ খেয়ে ছিলেন পিয়ারজ়া।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৩ জুন ২০২৬ ১৫:৩৯
Share:

ছবি: ইনস্টাগ্রাম।

দাম্পত্যকলহ চরমে। রাগের মাথায় স্ত্রী-কন্যা বাড়ির ভিতরে থাকাকালীনই মাটি কাটার যন্ত্র দিয়ে পৈতৃক বাড়ি ভেঙে দিলেন এক যুবক। ঘটনাটি ঘটেছে আমেরিকার পেনসিলভেনিয়ায়। জানা গিয়েছে, ওই কাণ্ড ঘটানোর সময় মদ খেয়ে ছিলেন যুবক। সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম

Advertisement

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, পেনসিলভেনিয়ার ওই যুবকের নাম এরিক পিয়ারজ়া। দাম্পত্যকলহের জেরে ৪৮ বছর বয়সি যুবক প্রথমে পৈতৃক বাড়ি ভেঙে ফেলার হুমকি দেন স্ত্রীকে। পরে স্ত্রী এবং কন্যারা ভেতরে থাকা অবস্থাতেই একটি মাটি কাটার যন্ত্র নিয়ে এসে বাড়ির একাংশ ভেঙে ফেলেন। ক্ষয়ক্ষতি এতটাই গুরুতর ছিল যে তদন্তকারীরা মনে করছেন পুরো বাড়িটি হয়তো আর নিরাপদ বা কাঠামোগত ভাবে মজবুত নেই। বাড়ি ভাঙচুরের সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

সংবাদমাধ্যম সিবিএস পিটসবার্গের প্রতিবেদন অনুযায়ী, স্বামী-স্ত্রীর মধ্যে সংঘাতের সূত্রপাত হয় যখন পিয়ারজ়ার স্ত্রী তাঁকে বলেন যে তিনি আর ওই সম্পর্কে থাকতে চান না। বিয়ে ভাঙতে চান। সে সময় মদ খেয়ে ছিলেন পিয়ারজ়া। স্ত্রীর কথা শুনে রেগে যান তিনি। স্ত্রীকে সতর্ক করে বলেন, “যদি সব শেষ হয়ে গিয়ে থাকে, তা হলে আমি বাড়িটাও ভেঙে ফেলব।”

Advertisement

পুলিশ জানিয়েছে, এর পরেই মাটি কাটার যন্ত্র এনে বাড়ির বিভিন্ন অংশ ভাঙতে শুরু করেন পিয়ারজ়া। তছনছ করে দেন বাগান। যন্ত্রটি যখন বাড়িতে আছড়ে পড়ে, তখন পিয়ারজ়ার স্ত্রী এবং দুই কন্যা বাড়ির ভেতরেই ছিলেন। আতঙ্কগ্রস্ত হয়ে পুলিশকে ফোন করেন পিয়ারজ়ার স্ত্রী। এর মধ্যেই ধ্বংসযজ্ঞ থামিয়ে ভাঙা বাড়িতে ঢুকে একটি ব্যাগ নিয়ে এলাকা ছেড়ে চলে যান পিয়ারজ়া। পুলিশ পরে তাকে খুঁজে বার করে গ্রেফতার করে। পিয়ারজ়ার বিরুদ্ধে অন্যান্য অপরাধের পাশাপাশি বিপর্যয় ঘটানো, বেপরোয়া ভাবে বিপদ সৃষ্টি এবং বিশৃঙ্খল আচরণের অভিযোগ আনা হয়েছে। পিয়ারজ়ার স্ত্রীও স্বামীর নির্যাতন থেকে সুরক্ষা চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন।

ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে কমপ্লেক্স নামের একটি ইনস্টাগ্রাম হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখে নেটাগরিকদের অনেকে যেমন বিস্ময় প্রকাশ করেছেন, তেমনই আবার উদ্বেগ প্রকাশ করেছেন অনেকে। যুবকের শাস্তির দাবিতেও সরব হয়েছেন নেটাগরিকদের একাংশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement