ছবি: এক্স থেকে নেওয়া।
সমাজমাধ্যমে প্রায়ই রেলস্টেশনে ঘটা কোনও না কোনও দুর্ঘটনার ভিডিয়ো নেটাগরিকদের নজরে পড়ে। এই দুর্ঘটনাগুলির বেশির ভাগই ঘটে মানুষের নিজেদের অসাবধানতার কারণে। এ বারও সমাজমাধ্যমে তেমনই একটি ঘটনার ভিডিয়ো ভাইরাল হয়েছে। মধ্যপ্রদেশের ইটারসি জংশনের সেই ভিডিয়ো দেখে শিউরে উঠেছেন নেটাগরিকেরা। ভিডিয়োয় দেখা গিয়েছে, এক তরুণী তাঁর ছোট সন্তানকে নিয়ে একটি চলন্ত ট্রেনে ওঠার সময় কী ভাবে রেললাইনে পড়ে গিয়েছেন। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, মর্মান্তিক দুর্ঘটনাটি মধ্যপ্রদেশের নর্মদাপুরম জেলার ইটারসি রেলস্টেশনে ঘটেছে। জানা গিয়েছে, স্টেশনের ৪ নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়ছিল আগরতলা ইন্টারসিটি এক্সপ্রেস। সে সময়ই অঞ্জলি কাশ্যপ (২৫) নামে এক তরুণী তাঁর ৩ বছর বয়সি পুত্রকে নিয়ে চলন্ত ট্রেনে ওঠার চেষ্টা করছিলেন। ট্রেনটি ধীরে ধীরে গতি বাড়ানোর সঙ্গে সঙ্গে তরুণী তাড়াহুড়ো করে দরজার দিকে হাত বাড়ান। ট্রেনটি আরও গতি বাড়াতে থাকলে ভারসাম্য হারিয়ে শিশুকে নিয়ে পড়ে যান তিনি। ঢুকে যান প্ল্যাটফর্ম ও ট্রেনের মাঝের বিপজ্জনক ফাঁকে। ঘটনাটি এতটাই আকস্মিক যে, সেখানে ঘটনাস্থলে উপস্থিত লোকজনও কয়েক সেকেন্ডের জন্য হতবাক হয়ে গিয়েছিলেন। পুরো ঘটনাটি স্টেশনের সিসি ক্যামেরায় ধরা পড়েছে। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে। জানা গিয়েছে, দুর্ঘটনায় তরুণী গুরুতর জখম হয়েছেন। শিশুটিও সামান্য আঘাত পেয়েছে। দুজনকেই সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘এবিপি নিউজ়’-এর এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন নেটাগরিকেরা। ভিডিয়োটি দেখার পর নেটাগরিকদের অনেকে যেমন বিস্ময় প্রকাশ করেছেন, তেমনই আবার উদ্বেগ প্রকাশ করেছেন অনেকে। রেল নিরাপত্তা বিধিমালা নিয়েও সমাজমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে ভিডিয়োটি। এক নেটাগরিক ভিডিয়োটি দেখার পর লিখেছেন, ‘‘এ জন্যই ট্রেনে ওঠার সময় তাড়াহুড়ো করা উচিত নয়। ভয়াবহ দুর্ঘটনা। শিশুকে নিয়ে প্রাণ হারাতে পারতেন তরুণী।’’ অন্য এক জন লিখেছেন, ‘‘এটি একটি অত্যন্ত বেদনাদায়ক এবং হৃদয়বিদারক ঘটনা। চলন্ত ট্রেনে ওঠা বা নামার চেষ্টা কয়েক সেকেন্ডের মধ্যে জীবন বদলে দিতে পারে, বিশেষ করে যখন সঙ্গে শিশু থাকে। নিরাপত্তার স্বার্থে চলন্ত ট্রেন ধরার চেষ্টা কখনওই করা উচিত নয়।’’