India- Russia

আরও তেল, গ্যাস দিতে চায় রাশিয়া

ভারত এবং রাশিয়ার মধ্যে আলোচনায় উঠে এসেছে হরমুজ় প্রণালী প্রসঙ্গ। মস্কো এবং নয়াদিল্লি উভয়েই মনে করছে, পশ্চিম এশিয়ার যুদ্ধ এখনই মেটার লক্ষণ নেই।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৪ এপ্রিল ২০২৬ ০৯:৫৯
Share:

—প্রতীকী চিত্র।

পশ্চিম এশিয়ার যুদ্ধের আবহেই দু’দিনের ভারত সফরে এসে রাশিয়ার প্রথম উপপ্রধানমন্ত্রী ডেনিস মান্তুরোভ ভারতের পাশে থাকার বার্তা দিলেন। জ্বালানির আন্তর্জাতিক বাজারে যখন টালমাটাল চলছে, আরও তেল এবং গ্যাস সরবরাহের আশ্বাস দিলেন তিনি। গতকাল থেকে আজ পর্যন্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে বৈঠক করেছেন মান্তুরোভ।

বৈঠকের পর রাশিয়ার তরফে বিবৃতি দিয়ে বলা হয়েছে, ‘মান্তুরভ ভারতকে জানিয়েছেন, রাশিয়ার সংস্থাগুলি ভারতীয় বাজারে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এবং তেলের সরবরাহ বাড়াতে প্রস্তুত। বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ বাড়াতে সহায়ক পরিস্থিতি গড়ে তোলার পদক্ষেপ নিয়ে আলোচনা হয়েছে।’ রাশিয়ার উপপ্রধানমন্ত্রী আরও জানান, ২০২৫ সালের শেষের দিকে ভারতে উচ্চ চাহিদাসম্পন্ন খনিজ সারের সরবরাহ ৪০ শতাংশ বৃদ্ধি করেছিল রাশিয়া। ভবিষ্যতেও মস্কো নয়াদিল্লির চাহিদা মেটাতে প্রস্তুত। বিবৃতিতে বলা হয়, উভয় পক্ষ কার্বাইড উৎপাদনের জন্য যৌথ প্রকল্পও তৈরি করছে।

বৈঠকের পর এক্স হ্যান্ডলে প্রধানমন্ত্রী মোদী লেখেন, রাশিয়ার উপ প্রধানমন্ত্রীর সঙ্গে বাণিজ্য, সার, যোগাযোগ এবং নাগরিক পর্যায়ে সহযোগিতার মতো বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। গত ডিসেম্বরে ভারত-রাশিয়া শীর্ষ সম্মেলনের সিদ্ধান্ত বাস্তবায়নে ধারাবাহিক প্রচেষ্টার প্রশংসা করেন মোদী। পাশাপাশি বিদেশ মন্ত্রকের বক্তব্য, দু’পক্ষের মধ্যে বাণিজ্য, প্রযুক্তি, শক্তি, সার, বিরল খনিজ, সংযোগ এবং অত্যাধুনিক প্রযুক্তির ক্ষেত্রে বিস্তৃত আলোচনা হয়েছে। এস জয়শঙ্কর এবং মান্তুরভ আঞ্চলিক এবং আন্তর্জাতিক বিষয় এবং পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতি নিয়ে মত বিনিময় করেছেন।

ভারত এবং রাশিয়ার মধ্যে আলোচনায় উঠে এসেছে হরমুজ় প্রণালী প্রসঙ্গ। মস্কো এবং নয়াদিল্লি উভয়েই মনে করছে, পশ্চিম এশিয়ার যুদ্ধ এখনই মেটার লক্ষণ নেই। পরিস্থিতির চাপও বাড়ছে উত্তরোত্তর। এই পরিস্থিতিতে বিশ্ব বাজারে তেলের দাম নিয়ন্ত্রণে রাখতে রুশ তেলের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে আমেরিকা। এবং আবারও রাশিয়ার থেকে তেল কিনছে ভারত।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন