India Russia Oil Trade

‘ট্রাম্প ছাড়া কাউকে বলতে শুনিনি’! ভারত কি রাশিয়ার তেল কেনা বন্ধ করেছে? ভিন্ন ইঙ্গিত রুশ বিদেশমন্ত্রীর

কিছু দিন আগেই রাশিয়া অভিযোগ করেছে, ভারত-সহ একাধিক দেশকে শুল্ক ও বিধিনিষেধের ভয় দেখিয়ে এবং সরাসরি হুমকি দিয়ে তাদের তেল কেনা বন্ধ করাতে চাইছে আমেরিকা। বুধবার মুখ খুললেন রুশ বিদেশমন্ত্রীও।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:৩২
Share:

(বাঁ দিক থেকে) আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

রাশিয়ার কাছ থেকে খনিজ তেল কেনা বন্ধ করে দিয়েছে ভারত, এমনটাই দাবি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই কারণে তিনি ভারতের উপর যে বাড়তি ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছিলেন, তা-ও প্রত্যাহার করে নিয়েছেন। কিন্তু ভারত সরকার এখনও এ বিষয়ে স্পষ্ট করে কিছু জানায়নি। এর মধ্যেই রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই লাভরভ ভিন্ন ইঙ্গিত দিলেন। তিনি দাবি করেছেন, ভারত যে রাশিয়ার তেল কেনা বন্ধ করে দিয়েছে, একমাত্র ট্রাম্প ছাড়া আর কাউকে এ কথা তিনি বলতেই শোনেননি।

Advertisement

কিছু দিন আগেই রাশিয়া দাবি করেছে, ভারত-সহ একাধিক দেশকে শুল্ক, বিধিনিষেধের ভয় দেখিয়ে এবং সরাসরি হুমকি দিয়ে তাদের তেল কেনা বন্ধ করাতে চাইছে আমেরিকা। বুধবার রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট ডুমায় এই সংক্রান্ত প্রশ্নের উত্তরে লাভরভ বলেন, ‘‘রাশিয়ার তেল না-কিনতে ভারত সম্মত হয়েছে বলে ট্রাম্প ঘোষণা করেছেন। আমি এই ধরনের মন্তব্য আর কারও মুখে শুনিনি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বা অন্য কোনও নেতা এমন কোনও মন্তব্য করেননি।’’

চলতি বছরে ব্রিক্‌স সম্মেলনের আয়োজন করতে চলেছে ভারত। রুশ পার্লামেন্টে সে প্রসঙ্গও উত্থাপন করেছেন লাভরভ। ওই সম্মেলন উপলক্ষে ফের ভারতে আসতে পারেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। গত ডিসেম্বরে তিনি ভারতে এসেছিলেন। পুতিনের সেই সফরে ভারত এবং রাশিয়ার দ্বিপাক্ষিক সম্পর্কের অনেক উন্নতি হয়েছে বলে দাবি করেছেন লাভরভ। জানিয়েছেন, ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর সম্প্রতি নয়াদিল্লি থেকে ব্রিক্‌স-এ জ্বালানি নিরাপত্তার বিষয়টিকে গুরুত্ব দেওয়ার কথা বলেছেন। লাভরভের কথায়, ‘‘পুতিনের ভারত সফর দুই দেশের মধ্যে বিশেষ কৌশলগত সম্পর্ক তৈরি করেছে। ব্রিক্‌স সম্মেলনের সময় দুই রাষ্ট্রনেতার মধ্যে ফের আলাদা বৈঠক হতে পারে। ভারতের সঙ্গে সম্পর্কের বিষয়ে রাশিয়া তত দূর যেতে পারে, যত দূর ভারত চাইবে।’’ এ ক্ষেত্রে আকাশকে সীমানা হিসাবে নির্ধারণ করেছেন লাভরভ।

Advertisement

রাশিয়ার তেল কেনা বন্ধ করার কারণ দেখিয়ে ভারতের উপর থেকে আমেরিকা বাড়তি শুল্ক প্রত্যাহার করে নেওয়ার পর গত সোমবার বিদেশসচিব বিক্রম মিস্রী জানান, জাতীয় স্বার্থই ভারতের বাণিজ্যনীতির প্রধান নির্ধারক। তেল কেনার ক্ষেত্রে একাধিক উৎস বজায় রাখা হবে। কোনও একটি দেশের কাছ থেকে তেল কেনার বাধ্যবাধকতা নেই নয়াদিল্লির।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement