রাহুল গান্ধী। — ফাইল চিত্র।
দ্বৈত নাগরিকত্বের অভিযোগে রাহুল গান্ধীর বিরুদ্ধে এফআইআর করার নির্দেশ স্থগিত রাখল ইলাহাবাদ হাই কোর্টের সিঙ্গল বেঞ্চ। গত কাল এই বেঞ্চই রাহুলের বিরুদ্ধে এফআইআর করার নির্দেশ দিয়েছিল। বিচারপতি সুভাষ বিদ্যার্থীর এ হেন পদক্ষেপ বিরল ঘটনা বলে মনে করছেন আইনজীবীদের একাংশ।
রাহুল গান্ধীর নাগরিকত্ব নিয়ে প্রথম প্রশ্ন তোলেন বিজেপি নেতা সুব্রহ্মণ্যম স্বামী। তিনি কেন্দ্রকে লেখা চিঠিতে দাবি করেন, রাহুল ব্রিটিশ নাগরিক। তখন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক ব্যাখ্যা তলব করে রাহুলকে চিঠিও দিয়েছিল। তবে রাহুলের ভোটে লড়ায় নিষেধাজ্ঞার আর্জি খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট।
লোকসভার বিরোধী দলনেতা রাহুলের নাগরিকত্বের বিষয়টি নিয়ে এর পরে মামলা করেন বিজেপি কর্মী এস ভিঘ্নেশ শিশির। তিনি দাবি করেন, ব্রিটেনে ‘ব্যাকঅপস লিমিটেড’ নামে সংস্থার পরিচালক রাহুল। সেখানে তিনি নিজেকে ব্রিটিশ নাগরিক হিসেবে পরিচয় দিয়েছেন। আর্জিতে রাহুলের লোকসভার সদস্যপদ নিয়ে প্রশ্ন তোলেন ভিঘ্নেশ।
গত কাল ইলাহাবাদ হাই কোর্টের লখনউ বেঞ্চের বিচারপতি সুভাষ বিদ্যার্থী নির্দেশ দেন, রাহুলের বিরুদ্ধে উত্তরপ্রদেশের রায়বরেলীর (রাহুলের লোকসভা কেন্দ্র) কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করতে হবে। প্রয়োজনে রাহুলের দ্বৈত নাগরিকত্ব নিয়ে তদন্তের ভার উত্তরপ্রদেশ সরকার কোনও কেন্দ্রীয় সংস্থাকেও দিতে পারে বলে নির্দেশেজানান বিচারপতি।
কিন্তু এ দিন সেই নির্দেশ স্থগিত রেখেছেন বিচারপতি বিদ্যার্থীই। ইলাহাবাদ হাই কোর্টেরই ফুল বেঞ্চের একটি রায় উল্লেখ করে তিনি জানিয়েছেন, এ ক্ষেত্রে সম্ভাব্য অভিযুক্তের বক্তব্য শুনে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন। ফলে রাহুলকে নোটিস পাঠানো প্রয়োজন। ২০ এপ্রিল ফের এই মামলার শুনানি হবে।
প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর
সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ
সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে