রানওয়েতে ঘষে যাওয়া এয়ার ইন্ডিয়ার বিমানের লেজের সেই অংশ। ছবি: সংগৃহীত।
অবতরণের সময় রানওয়েতে ঘষটে গেল এয়ার ইন্ডিয়ার বিমানের লেজ (টেল সেকশন)। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরু বিমানবন্দরে। এয়ার ইন্ডিয়ার বিমানটি দিল্লি থেকে বেঙ্গালুরুতে অবতরণ করে। তখনই এই বিপত্তি ঘটে। তবে যাত্রীরা সকলেই সুরক্ষিত রয়েছেন বলে জানিয়েছে বিমান সংস্থাটি। যাত্রী এবং বিমনকর্মীদের নিরাপদে বিমান থেকে নামানো হয়।
জানা গিয়েছে, বিমানে ১৭৯ জন যাত্রী ছিলেন। এআই-২৬৫১ উড়ানটিকে আপাতত বাতিল করা হয়েছে। বেঙ্গালুরু থেকে ফের দিল্লিতে যাওয়ার কথা ছিল। কিন্তু এই দুর্ঘটনার পর বিমানটিকে আপাতত পরিষেবা থেকে সরিয়ে রাখা হয়েছে বলে সূত্রের খবর। কী ভাবে এই ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে বলে বিমান সংস্থা সূত্রে খবর।
যাত্রীরা জানিয়েছেন, হঠাৎ একটা ঝাঁকুনি অনুভব করেন তাঁরা। সেই ঝাঁকুনির জেরে বিমানের ভিতরে আতঙ্ক ছড়ায়। যদিও বিমানটিকে নিরাপদে অবতরণ করান পাইলট। এই ঘটনার জন্য যাত্রীদের কাছে আন্তরিক ভাবে ক্ষমা প্রার্থনা করে বিমান সংস্থা। আন্তর্জাতিক বিমান পরিবহণ অ্যাসোসিয়েশন-এর মতে, বিমান ওড়া বা অবতরণের সময়েই এই ধরনের ঘটনা ঘটে থাকে। তবে এই ধরনের ঘটনায় বড় দুর্ঘটনার খুব একটা সম্ভাবনা থাকে না বলে মত আন্তর্জাতিক বিমান পরিবহণ অ্যাসোসিয়েশনের। তবে বিমানের ভালরকম ক্ষতি হতে পারে। বেঙ্গালুরুগামী এয়ার ইন্ডিয়ার বিমানটিরও বেশ কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। নিরাপত্তার স্বার্থে বিমানটিকে আপাতত পরিষেবা থেকে বিরত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিমান সংস্থা সূত্রের খবর।