Demographic Change in India

অনুপ্রবেশের জেরে বদলে যাচ্ছে জনবিন্যাস! গোটা দেশে প্রভাব খতিয়ে দেখতে উচ্চ পর্যায়ের কমিটি গড়ল অমিত শাহের মন্ত্রক

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সমাজমাধ্যমে ঘোষণা করেছেন, জনবিন্যাসের পরিবর্তনের প্রভাব পর্যালোচনার জন্য গড়া কমিটির চেয়ারম্যান হবেন অবসরপ্রাপ্ত বিচারপতি প্রকাশ প্রভাকর নওলেকর।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৬ মে ২০২৬ ১৭:০৪
Share:

অমিত শাহ। —ফাইল চিত্র।

অভিযোগ তুলছিলেন গত কয়েক বছর ধরেই। এ বার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ‘অনুপ্রবেশ এবং অন্যান্য কারণে দেশ জুড়ে জনবিন্যাস চরিত্র অস্বাভাবিক পরিবর্তনের প্রভাব’ পর্যালোচনার জন্য একটি উচ্চস্তরীয় কমিটি গড়ল। শাহ সমাজমাধ্যমে এই ঘোষণা করে বলেছেন, কমিটির চেয়ারম্যান হবেন অবসরপ্রাপ্ত বিচারপতি প্রকাশ প্রভাকর নওলেকর।

Advertisement

কেন্দ্রীয় সরকারের গড়া ওই কমিটির সদস্যদের মধ্যে রয়েছেন জনগণনা কমিশনার, প্রাক্তন আইএএস কর্মকর্তা দুর্গাশঙ্কর মিশ্র, প্রাক্তন আইপিএস কর্মকর্তা বালাজি শ্রীবাস্তব এবং অর্থনীতিবিদ শমিকা রবি। স্বরাষ্ট্র মন্ত্রকের যুগ্ম সচিব (বিদেশি-১) কমিটির সদস্য-সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন জানিয়ে সমাজমাধ্যমে শাহ লিখেছেন, ‘জনবিন্যাসের পরিবর্তন দেশের বর্তমান ও ভবিষ্যৎ উভয়ের জন্যই একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ এবং এটি সার্বভৌমত্ব, জাতীয় নিরাপত্তা, আইন-শৃঙ্খলা, সামাজিক কাঠামো এবং আদিবাসী সমাজের সংরক্ষণের মতো বিষয়গুলির সঙ্গে যুক্ত’।

গত কয়েক বছ ধরেই ধারাবাহিক ভাবে দেশের সীমান্তবর্তী রাজ্যগুলিতে (বিশেষত বাংলাদেশ লাগোয়া পূর্ব ভারতের রাজ্যগুলি) গিয়ে অনুপ্রবেশের ফলে জনবিন্যাসের চরিত্র বদলের অভিযোগ তুলেছেন শাহ। দাবি করেছেন, এর নেপথ্যে ‘নির্দিষ্ট ছক’ কাজ করছে। গত বছর স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর লালকেল্লার বক্তৃতাতেও এসেছিল অনুপ্রবেশ এবং জনবিন্যাস বদলের প্রসঙ্গ। নতুন কমিটি গঠনের কারণ ব্যাখ্যা করতে গিয়ে জনবিন্যাসের চরিত্র বদলের সেই অভিযোগ সরাসরি মেনে নেওয়া হয়েছে। সমাজমাধ্যমে ওই পোস্টে শাহ লিখেছেন, ‘এই কমিটি অবৈধ অভিবাসন এবং অন্যান্য অস্বাভাবিক কারণের ফলে সমগ্র ভারতে ঘটে চলা জনবিন্যাসের চরিত্র পরিবর্তনের বিস্তারিত মূল্যায়ন করবে এবং ধর্মীয় ও সামাজিক জনগোষ্ঠীর অস্বাভাবিক জনসংখ্যাগত পরিবর্তনের চরিত্র বিশ্লেষণ করবে। পাশাপাশি নির্দিষ্ট সময়সীমার মধ্যে এই সমস্যা সমাধানের সুপরিকল্পিত মতামতও পেশ করবে’।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement