মদ বিক্রি করতে অস্বীকার করায় বিক্রেতার দুই ছেলে মেয়েকে গুলি করল দুষ্কৃতীরা। ঘটনাটি ঘটেছে শুক্রবারা রাতে জামশেদপুরের পরশুডিতে। ঘটনাস্থলেই মারা যায় রঞ্জু পুর্তি নামে বছর দশেকের মেয়ে। গুলি খেয়ে গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি রঞ্জুর ভাই রাজ পুর্তি। রঞ্জুর বাবা দুর্গা পুর্তি পরশুডিতে নিজের বাড়িতেই হাড়িয়া বিক্রি করেন। রাজেশ ও পুর্তু নামে দুই যুবক তার বাড়িতে হাড়িয়া কিনতে আসে। দুর্গা তাদের হাড়িয়া বিক্রি করতে অস্বীকার করলে ওই দুই যুবক চলে যায়। তারপর ফের দুর্গার বাড়িতে ফিরে আসে রাত সাড়ে দশটা নাগাদ। বাড়ির বাইরের ঘরে ঘুমোচ্ছিল দুর্গার ছেলে মেয়ে। দুর্গাকে না পেয়ে রাজেশ ও পুর্তু রঞ্জু ও রাজকে গুলি করে পালায়। অভিযুক্তদের খুঁজছে পুলিশ।