প্রিয়ঙ্কাকে পাল্টা জবাব মেনকার
নিজস্ব প্রতিবেদন
নেহরু-গাধীঁ পরিবারের লড়াই পর্দার আড়াল থেকে এ বার প্রকাশ্যে এল। লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে চাপানউতোরের সর্বশেষ সংয়োজন, প্রিয়ঙ্কা বঢরার উদ্দেশে মেনকা গাঁধীর জবাব। শনিবার উত্তরপ্রদেশের সুলতানপুরে দলের কর্মিসভায় প্রিয়ঙ্কা সেখানকার বিজেপি প্রার্থী, তাঁর ভাই বরুণকে নিশানা করেছিলেন। মন্তব্য করেছিলেন, “বরুণ আমার পরিবারের সদস্য কিংবা ভাই হতে পারে। কিন্তু পরিবারের ছোট কোনও সদস্য যদি ভুল পথে চলে, তা হলে বড়দের উচিত তাকে ঠিক পথে চালানো।” কর্মিসভায় চার দেওয়ালের ভিতরে করা এমন মন্তব্য কিছু ক্ষণের ভিতরেই প্রকাশ্যে চলে আসে। এবং রাত কাটতে না কাটতেই ভোটের হাওয়া আরও গরম করে দিয়ে কাকিমা মেনকার পাল্টা জবাব, “কে ভুল, কে ঠিক দেশের মানুষই তার জবাব দিয়ে দেবে।” নেহরু-গাঁধী পরিবারের এই প্রকাশ্য লড়াই স্বাভাবিক ভাবেই ব্যাপক কৌতূহলের সৃষ্টি করেছে। মেনকা-সনিয়ার সম্পর্কের বরফ গলাতে পারেনি পরবর্তী প্রজন্ম। যদিও রাহুল, প্রিয়ঙ্কার সঙ্গে বরুণের সম্পর্কে এত দিন কোনও তিক্ততা ছিল না। কিছু দিন আগে অমেঠীতে দাদা রাহুলের কাজের প্রশংসা করে বিজেপির অস্বস্তি বাড়িয়েছিলেন বরুণ। কিন্তু সে দিনের সৌজন্য ভোটের প্রচারের গরমে এ বার ভাঙনের মুখে। বরুণের থেকে প্রতিক্রিয়া না এলেও প্রিয়ঙ্কার কথার জবাব দিতে এগিয়ে এসেছেন মা মেনকা, যিনি কিছ দিন আগে নিজের নির্বাচনী কেন্দ্র পিলিভিটে মনোনয়নপত্র জমা দিতে গিয়ে সরাসরি নিশানা করেছিলেন সনিয়াকেও। সনিয়ার সম্পত্তি নিয়ে সে দিন প্রশ্ন করতে শোনা যায় মেনকাকে। সনিয়ার উদ্দেশে তিনি মন্তব্য করেছিলেন, বিয়ের সময়ে পণের টাকা তো কিছুই আনেনি। তা হলে এত পয়সা এল কী ভাবে? এই তিক্ততা সে দিন সবাইকে অবাক করে দিয়েছিল। মার্চের শেষে মায়ের এমন আক্রমণের পরেও অমেঠীতে রাহুলের কাজের প্রশংসা শোনা যায় বরুণের মুখে। কিন্তু প্রিয়ঙ্কার শনিবারের মন্তব্য নতুন করে অস্বস্তি বাড়িয়েছে দুই পক্ষে। বরুণকে সুযোগ না দিয়েই সনিয়া-তনয়ার পাল্টা জবাব দিতে এগিয়ে এসেছেন মেনকা।
ভিড় মিঠুনের সভাতেও
নিজস্ব সংবাদদাতা • শিলচর
কাছাড়ের নির্বাচনী সভায় রাজনৈতিক নেতারা এ বার সে ভাবে লোক টানতে পারছেন না। ব্যতিক্রম নরেন্দ্র মোদী। তারপর নিঃসন্দেহে মিঠুন চক্রবর্তী! গত সোমবার শিলচরে তৃণমূলের নির্বাচনী সভায় তাঁর জন্যেই ভিড় উপ্চে পড়ল। রাজ্যসভা সাংসদ মিঠুন নয়, বলিউডের সুপারহিট সিনেমার নায়ককে এক ঝলক দেখতে এসেছিলেন আট থেকে আশির মানুষ। ভিড় থেকে আওয়াজ উঠল ওই তো এমএলএ ফাটাকেষ্ট! কাউকে নিরাশ করেননি মিঠুন। রাজনীতির কথার ফাঁকেই শোনালেন হিন্দি সিনেমার জনপ্রিয় সংলাপ। বিভিন্ন ভাষায় সাড়ে তিনশোরও বেশি ছবির অভিনেতা ছ’ফুটের মিঠুন একই সঙ্গে বললেন, “আজ আমি ফিল্মের হিরো হয়ে আসিনি। কথা দিলাম আবার আসব। তখন গান, নাচ সব হবে।” তৃণমূলের সাংসদের সঙ্গে ছিলেন পশ্চিমবঙ্গের নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। কয়েক মিনিটেই ভাষণ শেষ করেন তিনি। মন্ত্রী বলেন, ‘‘এক মাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ই মোদীকে ঠেকাতে সক্ষম। দিদিই পশ্চিমবঙ্গে পরিবর্তন এনেছেন। আপনারা মোদীকে ঠেকান, মিঠুন চক্রবর্তী বারবার এখানে আসবেন।” মিঠুন বক্তৃতা শুরু করতেই, ভিড় সামলানোর কাজ ফেলে মঞ্চের সামনে জড়ো হন স্বেচ্ছাসেবকরা। মোবাইল ফোনের ক্যামেরায় তাঁর ছবি তুলতে হুড়োহুড়ি শুরু হয়। রাজ্যসভা সাংসদ বলেন, ‘‘দিল্লিতে অনেকে মিলে আওয়াজ তুলতে চাই। উন্নয়ন চাইলে তৃণমূলের শক্তি বাড়াতে হবে।’’ সে জন্য শিলচর থেকে দলীয় প্রার্থী ওয়াজিদ রেদা ওসমানিকে জেতানোর আহ্বান জানান।
এনসি নেতার বাড়িতে জঙ্গি হানা, হত ৪
নিজস্ব সংবাদদাতা • শ্রীনগর
প্রথম দফার ভোট হয়ে গিয়েছে। জম্মু ও কাশ্মীরে বাকি আরও চার দফার ভোট। এর মধ্যেই রবিবার গুলির লড়াইয়ে অশান্ত হয়ে উঠল কাশ্মীরের পুলওয়ামা। এই দিন দুপুরে পুলওয়ামায় ন্যাশনাল কনফারেন্সের (এনসি) এক যুব নেতার বাড়িতে জঙ্গি হানায় প্রাণ হারালেন দুই পুলিশকর্মী। নিহত হয়েছে দুই জঙ্গিও। পুলিশ সূত্রের খবর, ন্যাশনাল কনফারেন্সের ওই নেতা ইয়ার মাসুদির বাড়ি পুলওয়ামার খ্রুতে রবিবার দুপুরে দলীয় বৈঠক ডাকা হয়েছিল। সে সময় আচমকাই হানা দেয় জঙ্গিরা। মাসুদির বাড়ির বাইরে দুই পুলিশ আব্দুল হামিদ এবং বিনোদ কুমার নিরাপত্তা রক্ষীর দায়িত্বে ছিলেন। গুলির লড়াই শুরু হয়। তাঁরা জখম হন। হাসপাতাল পৌঁছনোর আগেই মৃত্যু হয় তাঁদের। রক্ষীদের সঙ্গে গুলির লড়াইয়ে প্রাণ হারিয়েছে দুই জঙ্গি।
শান্তি আলোচনায় খাপলাং জঙ্গিরা
নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি
মায়ানমার সরকারের সঙ্গে যৌথ শান্তি চুক্তি ও সংঘর্ষ বিরতি চুক্তি স্বাক্ষরের ব্যাপারে আলোচনা শুরু করল নাগা জঙ্গি সংগঠন, এনএসসিএন (খাপলাং)। গত সপ্তাহে তারা ও সে দেশের ২০টি সশস্ত্র জঙ্গি সংগঠন মায়ানমার সরকারের সঙ্গে যৌথভাবে শান্তি আলোচনা শুরু করেছে। সম্প্রতি দেশ জুড়ে সংঘর্ষ বিরতি শুরু করেছে মায়ানমার সরকার। এই আলোচনা তারই অঙ্গ।
ত্রিপুরায় প্রার্থী অভিযুক্তরাও
নিজস্ব সংবাদদাতা • আগরতলা
ত্রিপুরায় ভোট-যুদ্ধের লড়াইতে নেমেছেন ফৌজদারি মামলায় অভিযুক্ত তিন প্রার্থী। কমিশনে দাখিল হলফনামার ভিত্তিতে এমনই জানিয়েছে ‘অ্যাসোসিয়েশন অফ ডেমোক্র্যাটিক রিফর্মস’ এবং ‘ত্রিপুরা ইলেকশন ওয়াচ’। এক সিপিএম প্রার্থীর বিরুদ্ধে মামলা রয়েছে। অন্য দুই অভিযুক্ত আইপিএফটি এবং নির্দল প্রার্থী।
রিমোট-চালিত
নিজস্ব সংবাদদাতা • বেঙ্গালুরু
কেন্দ্রে শক্তিশালী এবং স্থায়ী সরকারের পক্ষে সওয়াল করে বর্তমান ইউপিএ সরকারকে ‘রিমোট-চালিত’ সরকার বললেন নরেন্দ্র মোদী। আত্মবিশ্বাসী মোদী রবিবার কর্নাটকের একটি সভায় দাবি করেন, কেন্দ্রে শক্তিশালী সরকার এলে তারা উপযুক্ত পদক্ষেপ করে দেশকেও শক্তিশালী করে তুলবে।
আজমের বিরুদ্ধে এফআইআর
সংবাদ সংস্থা • লখনউ
উস্কানিমূলক বক্তৃতা দেওয়ার অভিযোগে এফআইআর দায়ের করা হল উত্তরপ্রদেশের মন্ত্রী আজম খানের বিরুদ্ধে। ৮ এপ্রিল সামলি জেলার জালালাবাদের সভায় তিনি নরেন্দ্র মোদীকে কড়া ভাষায় আক্রমণ করেন। ওই সভার ভিডিও দেখে জেলাশাসক এনপি সিংহ জানিয়েছেন, আজম খান যা বলেছেন তা আপত্তিকর। তা-ই এফআইআর করা হয়েছে। এর আগেই উস্কানিমূলক বক্তৃতা দেওয়ার জন্য শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে নির্বাচন কমিশন জানিয়েছিল, আজম খান আর প্রচার করতে পারবেন না। রবিবার তাই নির্বাচন কমিশনের বিরুদ্ধেও তোপ দাগেন আজম খান। এমনকী নির্বাচন কমিশনের বিরুদ্ধে মামলার হুমকিও দেন তিনি।
বিদ্যুৎবিভ্রাট
টানা লোডশেডিংয়ে নাকাল ধুবুরির বাসিন্দারা। প্রতিদিনই দিনে ও রাতে পালা করে লোডশেডিং চলছে। লাগাতার আন্দোলনের হুমকি দিয়েছেন ক্ষুদ্ধ বাসিন্দারা। সমস্যার কথা স্বীকার করেছেন অসম বিদ্যুৎ পর্ষদের ধুবুরির কর্তারাও। সরবরাহের ঘাটতির জন্যই এই পরিস্থিতি বলে তাঁরা এই দিন জানিয়ে দিয়েছেন।
ঝাড়খণ্ডের বহরাগোড়ায় দলীয় প্রার্থী বিদ্যুৎবরণ মাহতোর সমর্থনে রবিবার প্রচার করলেন বিজেপি নেতা অর্জুন মুণ্ডা। সঙ্গে ছিলেন দলের প্রাক্তন রাজ্য সভাপতি দীনেশানন্দ গোস্বামী। অর্জুন বলেন, “নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী প্রার্থী হিসেবে মেনেই বিজেপি ভোটের লড়াইয়ে নেমেছে। বিরোধীরা এখনও পর্যন্ত নিজেদের প্রধানমন্ত্রী পদপ্রার্থী ঠিক করতে পারেনি।” তথ্য: প্রবাল গঙ্গোপাধ্যায়, ছবি: পার্থ চক্রবর্তী।
ক্লান্তি আমার...। প্রবল রোদে গরমে জোর কদমে চলছে প্রচার। রবিবার আমদাবাদের কাছে বিজেপি নেতা লালকৃষ্ণ আডবাণী। ছবি: এএফপি