এখনই ভোট হলে সমাজবাদী পার্টির ফল খুব খারাপ হতে পারে বলে দলকে হুঁশিয়ারি দিলেন মুলায়ম সিংহ যাদব। ঠিক মতো রাজ্য না চালাতে পারার জন্য ছেলে অখিলেশ-সহ শীর্ষ নেতৃত্বকে প্রবল ধমকও দিয়েছেন সমাজবাদী প্রধান। দলীয় সূত্রে খবর, লখনউয়ে দলের সদর দফতরে গত কাল এক বৈঠকে দলের নেতা ও কর্মীদের কাজকর্ম নিয়ে তাঁদের রীতিমতো তুলোধোনা করেন মুলায়ম। তাঁর মতে, অখিলেশ সরকার মোটেই ঠিক মতো কাজ করছে না। নেতা-কর্মীরাও সরকারের জনকল্যাণ নিয়ে প্রচার করছেন না। আগেও অখিলেশ সরকারের কাজ নিয়ে সরব হয়েছিলেন তিনি।