এক বার সানস্ক্রিন মাখলে ঠিক কত ক্ষণ কাজ করে? ছবি: সংগৃহীত।
শীতকাল হোক বা গরমকাল, রোদকে উপেক্ষা করে কাজে তো বেরোতেই হবে। শরীর চাঙ্গা রাখতে বাড়ি থেকে বেরোনোর সময়ে ব্যাগে জলের বোতল, ছাতা, রুমাল, সানগ্লাসটি রাখতেই হবে। চিকিৎসকদের পরামর্শ শুনে সে নিয়ম অক্ষরে অক্ষরে মেনেও চলছেন কেউ কেউ। কিন্তু শরীরের যত্ন নিলেও ত্বকের প্রতি অবহেলা করছেন না তো? শীত-গ্রীষ্ম হোক কিংবা বর্ষা, ব্যাগে সানস্ক্রিন রাখতে ভুললে কিন্তু চলবে না।
সারা বছর বাড়ি থেকে বেরোনোর সময়ে মেকআপ করুন আর না-ই করুন, সানস্ক্রিন মাখতেই হবে। ত্বকের জন্য কেন এত জরুরি সানস্ক্রিন? চিকিৎসক শুভম সাহা বলেন, ‘‘সানস্ক্রিন অনেকেই ব্যবহার করেন না। অথচ ত্বক ভাল রাখার ক্ষেত্রে এই প্রসাধনীটি ব্যবহার করা ভীষণ জরুরি। কেবল মেয়েদেরই নয়, ছেলেদেরও মেনে চলতে হবে এই নিয়ম। সানস্ক্রিন কেবল ট্যান পড়ার হাত থেকে রেহাই দেয়, এমন নয়। সূর্যের অতিবেগনি রশ্মি ইউভিএ এবং ইউভিবি-র ক্ষতিকর প্রভাব থেকে ত্বককে রক্ষা করাই কিন্তু সানস্ক্রিনের মূল কাজ। সানস্ক্রিন ব্যবহার করলে ত্বকের ক্যানসারের ঝুঁকি কমে, এ ছাড়া ত্বকে অকালে বয়সের ছাপও পড়ে না।’’
অনেকেই বাড়ি থেকে বেরোনোর সময় খুব ভাল করে সানস্ক্রিন মেখে নেন। ব্যাস ওইটুকুই। সারা দিন আর তার প্রয়োজন বোধ করেন না। জানেন কি, এক বার মাখার পর সানস্ক্রিন ঠিক কত ক্ষণ কাজ করে? চর্মরোগ চিকিৎসক কৌশিক লাহিড়ী বলেন, ‘‘এক বার সানস্ক্রিন মাখার পর তা মাত্র দু’ঘণ্টা ঠিকঠাক ভাবে কাজ করে। তার পরেই সানস্ক্রিন গলতে শুরু করে। তার কার্যকারিতাও কমে যায়। খুব ভাল হয়, যদি প্রতি দু’ঘণ্টা অন্তর সানস্ক্রিন মাখা যায়। তবে বাইরে রেরিয়ে সব সময় তা সম্ভব হয় না। তাই ব্যাগে সানস্ক্রিন নিয়ে চলাই ভাল। বার বার মুখ ধুতে না পারলেও সময় পেলে সানস্ক্রিনের উপরেই আবার সানস্ক্রিন মেখে নিন।’’