ছবি: সংগৃহীত।
তপ্ত রোদ আর গরমে যখন হাঁসফাঁস দশা, তখন দৈনন্দিন জীবনে আরামের সংজ্ঞাটা বদলে যায়। গরমের সাজ মানেই ফ্যাশনপ্রেমীরা ভাবেন ত্বক যতটা সম্ভব উন্মুক্ত রাখা। শরীরকে শীতল রাখতে অনেকেই বেছে নেন শর্টস, স্লিভলেস কামিজ, টপস কিংবা আধুনিক হল্টারনেক পোশাক। ধারণাটি খুব একটা ভুল নয়—বাতাস চলাচলের জন্য উন্মুক্ত পোশাক বেশ আরামদায়ক। কিন্তু প্রখর রোদে স্লিভলেস পরা কি সবসময় বুদ্ধিমানের কাজ?
বিশেষজ্ঞদের মতে, প্রচণ্ড গরমে এবং কড়া রোদে সরাসরি ত্বক উন্মুক্ত রাখা বেশ ঝুঁকিপূর্ণ হতে পারে। বিশেষ করে সকালের দিকে। সূর্যের অতিবেগুনি রশ্মি সরাসরি ত্বকের সংস্পর্শে এলে ‘সানবার্ন’ বা ত্বক পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এছাড়া দীর্ঘক্ষণ রোদে স্লিভলেস পরে ঘুরলে ত্বকে কালচে ছোপ বা ট্যান পড়ে যায়, যা সহজে দূর হতে চায় না। তাই কাঠফাটা দুপুরে যখন বাড়ির বাইরে বের হতে হয়, তখন স্লিভলেসের চেয়ে পাতলা সুতির হাত ঢাকা পোশাক বেশি কার্যকর।
হাত ঢাকা পোশাক পরলে তা অনেকটা বর্মের মতো কাজ করে এবং শরীরের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে। তবে পোশাকটি অবশ্যই হতে হবে লিনেন বা মলমল বা সুতির মতো আরামদায়ক কাপড়ের এবং ঢিলেঢালা কাটের। যারা ফ্যাশনের সাথে আপস করতে চান না, তারা হালকা রঙের ফুল স্লিভ কুর্তি বা লুজ ফিটিং শার্ট পরতে পারেন। হালকা রং সূর্যরশ্মি প্রতিফলন করে শরীরকে ভেতর থেকে ঠান্ডা রাখে।
তবে বিকেলে নরম রোদে বা সন্ধ্যায় কিংবা বাড়ির ভিতরে ভেতর স্লিভলেস বা হল্টারনেক পোশাক পরতেই পারেন। তাতে ক্ষতির কোনও সম্ভাবনা নেই। কিন্তু ভরদুপুরে নিজেকে সতেজ ও সুরক্ষিত রাখতে হাত ঢাকা সুতির পোশাকেই আরামের পাশাপাশি মিলবে সুরক্ষাও।