গরমের দিনের উপযোগী, ত্বকের জন্য স্ক্রাব বানিয়ে নিন বাড়িতেই। ছবি: ফ্রিপিক।
গরমে ঘাম জমে ত্বকে র্যাশ বা নাকের উপরে ও দু'পাশে ব্ল্যাকহেড্সের সমস্যা হয়ই। মুখের ত্বকের যে সব অংশ থেকে তেল নিঃসরণ হয়, সেই সব জায়গায় ত্বকের রন্ধ্রপথে তেল জমে, মৃত কোষ জমে মুখ বন্ধ হয়ে গেলে তৈরি হয় ব্ল্যাকহেড্স। তা ছাড়া গরমের দিনে ঘাম জমে ত্বকে ব্রণ, র্যাশের সমস্যাও হয়। কালচে দাগছোপ পড়ে ত্বকে। এই সময়ে বেশি স্ক্রাব দিয়ে ঘষলে ত্বকে জ্বালা হতে পারে। তাই গরমের দিনে ত্বকের এক্সফোলিয়েশনের জন্য এমন স্ক্রাব ব্যবহার করতে হবে যা ত্বকের জন্য ভাল। স্পর্শকাতর ত্বকেও ব্যবহার করা যাবে।
গরমের দিনের উপযোগী স্ক্রাব বানান বাড়িতেই
শিয়া বাটারের স্ক্রাব
একটি পাত্রে শিয়া বাটার ও নারকেল তেল মিশিয়ে গ্য়াসে কম আঁচে বা মাইক্রোঅভেনে গরম করে নিন। মাখন গলে গেলে তাতে চিনি ও ল্যাভেন্ডার তেল মেশান। এ বারে মিশ্রণটিকে ঠান্ডা করে নিন। এ বার তা একটি কাচের শিশিতে ভরে রাখুন। এই স্ক্রাব ব্যবহার করলে ত্বক নরম ও মসৃণ থাকবে।
মধু-কফির স্ক্রাব
সমপরিমাণ মধু এবং কফি নিন। অর্থাৎ, ২ চামচ মধু নিন, কফিও নিতে হবে ২ চামচ। তার সঙ্গে ১ চা-চামচ নারকেল তেল ভাল করে মিশিয়ে নিন। তার পরে ত্বকে মালিশ করুন। মিনিট ২০ রেখে ধুয়ে ফেলুন। এই স্ক্রাব খুব তাড়াতাড়ি মৃত কোষ দূর করে। ত্বক পেলব ও উজ্জ্বল দেখাবে।
ওট্স-দুধের স্ক্রাব
মিহি করে ওট্স গুঁড়ো করে নিন। এতে অল্প একটু জল এবং আমন্ড অয়েল মিশিয়ে দিন। এর মধ্যে ইচ্ছামতো দুধ, মধু মিশিয়ে দিতে পারেন। এক্সফোলিয়েটের জন্য চিনিও গুরুত্বপূর্ণ। বাদামি হোক বা সাদা, চিনি দিয়ে এক্সফোলিয়েট করলে ত্বকের মৃত কোষ উঠে যাবে তাড়াতাড়ি।
টক দইয়ের সঙ্গে হলুদ
ত্বকের জেল্লা বাড়িয়ে তুলতে টক দই এবং কাঁচা হলুদের মিশ্রণ দারুণ কাজ করে। দু’চামচ দইয়ের সঙ্গে এক চামচ হলুদ মেশাতে হবে। তাতে সামান্য মধুও যোগ করতে পারেন। স্নানের আগে নিয়মিত ব্যবহার করলে মুখের কালচে দাগছোপ উঠে যাবে। কনুই, হাঁটুর কালচে দাগও দূর হবে।