Tips to Identify Good Pasta

পাস্তার গুণগত মান বোঝার উপায় বলে দিলেন রন্ধনশিল্পী রণবীর ব্রার, জেনে নিন দু’টি কৌশল

পাস্তা যে ভাবেই রাঁধা হোক না কেন, তার গুণমান ভাল হওয়া জরুরি। পাস্তার গুণগত মান ঠিক আছে না কি নেই, বোঝার উপায় বাতলে দিলেন জনপ্রিয় রন্ধনশিল্পী রণবীর ব্রার। শেখালেন দু’টি কৌশল।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৪ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:৪৭
Share:

পাস্তার গুণগত মান বোঝার উপায় কী? গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

ইটালির পাস্তা ভারতীয় হয়ে গিয়েছে কবেই। এখন ঘরে ঘরে তার কদর। খুদেরা তো বটেই বড়রাও দিব্যি চেটেপুটে খাচ্ছেন চিজ় দেওয়া হোয়াইট থেকে রেড সস্ পাস্তা। ভারতীয়করণ হয়েছে এই খাবারের। কেউ পাস্তা বানাচ্ছেন সব্জি দিয়ে ঝাল ঝাল, শুকনো করে। পাস্তা যে ভাবেই রাঁধা হোক না কেন, তার গুণগত মান ভাল হওয়া জরুরি। চাল বা গম ভাল কি না, বুঝে নেওয়ার অভিজ্ঞতা অনেকেরই আছে। কিন্তু পাস্তা? প্যাকেটে করা পাস্তা যেমন বিক্রি হয়, তেমনই নানা আকৃতির পাস্তা পাওয়া যায় খোলাও, তা ওজন করে ঠোঙায় দেওয়া হয়। পাস্তার গুণমান ঠিক আছে কি নেই, বোঝার উপায় বাতলে দিলেন জনপ্রিয় রন্ধনশিল্পী রণবীর ব্রার। সমাজমাধ্যমেই তিনি পরামর্শ দিয়েছেন, কী ভাবে পরীক্ষা করতে হবে।

Advertisement

সেদ্ধ: গরম জলে পাস্তা ফেলে দিন। জল ফোটার সঙ্গে সঙ্গে যদি প্রচুর ফেনা হয়, বুঝতে হবে, তার গুণমান তেমন ভাল নয়। ভাল পাস্তা হলে জল পরিষ্কার থাকবে বা ফেনার মাত্রা কম হবে।

রং: কোনও পাস্তা হয় সাদা, কোনওটি হালকা হলুদ। প্যাকেটজাত, আবার খোলা পাস্তাও বিক্রি হয়। পাস্তা যদি খুব সাদা হয়, সেটি ময়দার হতে পারে। হালকা হলদেটে ভাব যেটায় থাকে, সেটি সুজি দিয়ে তৈরি। সাদা বাদ দিয়ে সুজির পাস্তা খাওয়া ভাল, কারণ তা স্বাস্থ্যবান্ধব।

Advertisement

সুস্বাদু পাস্তা তৈরির কৌশল

· পাস্তা বেশি বা কম সেদ্ধ হলে হবে না। তাই জলের মাপ এবং সেদ্ধ করার সময়সীমা বোঝা খুব জরুরি। সাধারণত ৬৫০ মিলিটার জলে ১০০ গ্রাম পাস্তা সেদ্ধ করলে ভাল। পাস্তা ফোটার সময় জলে মেশে স্টার্চ। সেই স্টার্চ যুক্ত জল সস্‌ তৈরির সময় ব্যবহার করা যায়। জলের মাপ বেশি বা কম হলে, সেটি বেশি ঘন হয়ে যেতে পারে। পাস্তা সেদ্ধ করার পরে এক কাপ জল সরিয়ে রাখুন, পরবর্তী রান্নার জন্য।

· পাস্তা কত ক্ষণ সেদ্ধ করতে হবে, তা নির্ভর করবে পাস্তার মানের উপর। কোনওটি দ্রুত সেদ্ধ হয়, কোনওটিতে দেরি হয়। পাস্তা ফোটানোর সময় ১-২ মিনিট অন্তর চামচ দিয়ে পরীক্ষা করে দেখুন। মোটমুটি ৬০-৭০ শতাংশ রান্না হলেই সেটি নামিয়ে গরম জল ঝরিয়ে নেওয়া দরকার।

· পাস্তা সেদ্ধ করার কৌশল আছে। জল টগবগিয়ে ফুটলে তাতে স্বাদমতো নুন দিন। তার পর পাস্তা যোগ করতে হবে। পাস্তা যাতে গায়ে গায়ে লেগে না যায়, সে জন্য পাস্তার সস্ তৈরি করে সরাসরি তাতে পাস্তা সেদ্ধ করেই দিয়ে দিন। তবে সস্ তৈরি না হলে পাস্তার গায়ে একটু সাদা তেল বা মাখন মাখিয়ে দিন, যাতে তা গায়ে গায়ে জুড়ে না যায়।

· পাস্তার সস্ তৈরির সময় পাস্তা সেদ্ধ করা জল প্রয়োজনমতো ব্যবহার করুন। সেদ্ধ পাস্তা সসের সঙ্গে কিছু ক্ষণ আঁচ কমিয়ে রান্না করলে স্বাদ ভাল হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement