কেনা নয়, টাটকা ফল দিয়েই বানিয়ে দিন ফ্রুটি। ছবি: ফ্রিপিক।
ছোট থেকে বড় সকলেরই পছন্দ ফ্রুটি। গরমের দিনে ‘ম্যাঙ্গো ফ্রুটি’ ছোটদের তো খুবই পছন্দের পানীয়। কিন্তু দোকান থেকে কিনে আনা ফ্রুটি কি আদৌ স্বাস্থ্যকর? একেবারেই নয়। প্যাকেটে দীর্ঘ সময় তাজা রাখতে এতে মেশানো হয় প্রিজ়ারভেটিভ। লোভনীয় দেখাতে মেশে কৃত্রিম রং, স্বাদের জন্য কৃত্রিম চিনি ও ফ্লেভার। সব মিলিয়ে সে ফ্রুটি আর পুষ্টিকর থাকে না। তাই খুব সহজে যদি বাড়িতেই একদম দোকানের মতো স্বাদের ফ্রুটি বানিয়ে নেওয়া যায়, তবে কেমন হয়?
গরমের দিনের ফল দিয়েই বানানো যায় ফ্রুটি। তাতে মিশবে টাটকা ফলের রস, তাই প্রিজ়ারভেটিভ দেওয়ার প্রয়োজন নেই। প্যাকেটজাত ফ্রুটিতে সোডিয়াম বেঞ্জোয়েট ও পটাশিয়াম সরবেটের মতো প্রিজ়ারভেটিভ থাকে যা ছোটদের পেটের সমস্যা, অ্যালার্জি ও হাইপারটেনশনেরও কারণ হয়ে উঠতে পারে। তাই বাড়িতে তৈরি ফ্রুটিই ছোটদের জন্য নিরাপদ।
নানা স্বাদের ফ্রুটি
ম্যাঙ্গো ফ্রুটি
উপকরণ:
২টি পাকা আম
১ টি কাঁচা আম
১ কাপ চিনি
৪ কাপ জল
১ চামচ লেবুর রস
পুদিনা পাতা সাজানোর জন্য
ম্যাঙ্গো ফ্রুটি
প্রণালী
পাকা ও কাঁচা আম খোসা ছাড়িয়ে ছোট টুকরো করে কেটে নিন। একটি পাত্রে আম ও ১ কাপ জল দিয়ে মাঝারি আঁচে ১০-১২ মিনিট ফুটিয়ে সেদ্ধ করুন। সেদ্ধ আম ঠান্ডা হলে মিক্সিতে ব্লেন্ড করে পিউরি বানিয়ে নিন। কড়াইতে এই পিউরি, চিনি এবং বাকি জল দিয়ে আরও ৫-৭ মিনিট ফোটান, যত ক্ষণ না মিশ্রণটি ঘন হচ্ছে। নামানোর আগে লেবুর রস মিশিয়ে নিন। ছাঁকনি দিয়ে ছেঁকে ফ্রিজে ঠান্ডা করে পুদিনা পাতা ছড়িয়ে পরিবেশন করুন।
আনারসের ফ্রুটি
উপকরণ
২ কাপ পাকা আনারসের টুকরো
আধ কাপ চিনি
৩ কাপ জল
আধ চামচ বিটনুন
৪-৫টি পুদিনা পাতা
আনারসের ফ্রুটি
প্রণালী
আনারসের টুকরোগুলিকে অল্প জল দিয়ে ভাল করে ব্লেন্ড করে নিন। এ বার ছাঁকনি দিয়ে ছেঁকে নিতে হবে। ছেঁকে নেওয়া আনারসের রসের সঙ্গে চিনি ও জল মিশিয়ে মিনিট দশেক কম আঁচে ফুটিয়ে নিন। নামিয়ে নিয়ে তাতে বিটনুন ও পুদিনা পাতার রস মিশিয়ে ফ্রিজে রেখে দিন। টক-মিষ্টি স্বাদের আনারসের ফ্রুটি ছোটরা খুবই পছন্দ করবে।
লিচু-লেবুর ফ্রুটি
উপকরণ
১৫-২০টি খোসা ও বীজ ছাড়ানো তাজা লিচু
২ চামচ পাতিলেবুর রস
৪ চামচ চিনি বা মিছরির গুঁড়ো
২ কাপ জল
লিচু-লেবুর ফ্রুটি
প্রণালী
লিচুর সঙ্গে জল মিশিয়ে ব্লেন্ড করে নিন। মিশ্রণটি ছেঁকে রস বার করে রাখুন। এই রসের সঙ্গে আরও কিছুটা জল, মিছরি, লেবুর রস ভাল করে মিশিয়ে কাচের পাত্রে ভরে ফ্রিজে রেখে দিন। এই পানীয় পুষ্টিকর এবং ছোটদের জন্যও ভাল।