Summer Healthy Food

অফিস থেকে ফিরে গরমে হেঁশেলে ঢুকতে ইচ্ছে করে না? ঝটপট রাতের খাবারে কী কী বানাতে পারেন?

দিনভর অফিস করে এসে ফের হেঁশেলে ঢুকতে অনেকেরই ইচ্ছে করে না। তাছাড়া গরম যে ভাবে বাড়ছে, তাতে গলদঘর্ম হয়ে হাতা-খুন্তি ধরতে কারই বা ভাল লাগে? তাই এমন কিছু খাবার বানিয়ে ফেলুন যা ঝটপট হয়ে যাবে এবং খেতেও সুস্বাদু হবে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৮ এপ্রিল ২০২৬ ১৪:৩৮
Share:

গরমে কম পরিশ্রমে বানানো যায় এমন সুস্বাদু খাবারের রেসিপি রইল। ছবি: ফ্রিপিক।

প্রচণ্ড গরমে শরীর ও মন দুইই এখন ক্লান্ত। সারাদিন অফিস করে এসে ফের হেঁশেলে ঢোকার কথা ভাবলেই ক্লান্তি আরও বাড়ছে। এই গরমে গলদঘর্ম হয়ে হাতা-খুন্তি ধরতে কারই বা ভাল লাগে? এ দিকে একই রকম খাবার রোজ রাঁধলে বাড়ির লোকজনেরও ভাল লাগবে না। তাই কম পরিশ্রমে রাঁধা যায়, অথচ স্বাদ ও স্বাস্থ্যও বজায় থাকে, এমন কিছু খাবারের রেসিপি জেনে রাখা ভাল।

Advertisement

লেমন-গার্লিক গ্রিলড ফিশ

লেমন-গার্লিক গ্রিলড ফিশ। ছবি: ফ্রিপিক।

রোজ মাছের ঝোল দিয়ে ভাত খেতে ভাল লাগে না। তাই একটু অন্য রকম ভাবে বানিয়ে ফেলুন লেমন-গার্লিক গ্রিলড ফিশ। এই খাবার হালকা ও সহজপাচ্য, গরমের দিনে খাওয়ার জন্যও ভাল। ভেটকি বা রুই বা কাতলা দিয়েও বানাতে পারেন। মাছ ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে হালকা সেদ্ধ করে কাঁটা বার করে ফেলুন। এ বার লেবুর রস, কুচোনো রসুন, সামান্য মাখন বা অলিভ অয়েল, নুন ও গোলমরিচ দিয়ে মাখিয়ে ২০ মিনিট রেখে দিন। প্যানে সামান্য অলিভ অয়েল বা সাদা তেল গরম করে কম আঁচে মাছের দু’পিঠ লাল করে ভেজে নিন। এর পর উপরে আরও কিছুটা লেবুর রস ছড়িয়ে সেদ্ধ ব্রকোলি বা গাজর দিয়ে খেতে পারেন। আলাদা করে কোনও সস ছড়ানোর দরকার নেই।

Advertisement

চিকেন প্যানকেক

চিকেন প্যানকেক। ছবি: ফ্রিপিক।

তীব্র গরমে রাতে চিকেন কষা বা চিলি চিকেন না খেয়ে বরং চিকেন দিয়ে হালকা প্যানকেক বানিয়ে ফেলতে পারেন। ময়দার বদলে ওট্‌স ব্যবহার করলে এটি আরও স্বাস্থ্যকর হবে। প্রথমে চিকেন ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে বা কিমা বানিয়ে সেদ্ধ করে নিন। এ বার ডিম, ওট্‌স, নুন ও গোলমরিচ দিয়ে ব্যাটার বানান। তাতে চিকেন কিমা, গ্রেট করা গাজর, রসুন কুচি, আদা কুচি, কাঁচালঙ্কা কুচি, ধনেপাতা কুচি দিয়ে ভাল করে ফেটিয়ে নিন। কিছু ক্ষণ রেখে সামান্য তেল দিয়ে দোসার মতো দু’পিঠ ভেজে নিন।

বেকড এগ উইথ স্পিনাচ। ছবি: ফ্রিপিক।

বেকড এগ উইথ স্পিনাচ

স্বাস্থ্যকর ও প্রোটিন সমৃদ্ধ খাবার। কম সময়ে বানানো যায়। ডায়েট যাঁরা করছেন, তাঁরা এই খাবারটি খেলে উপকার পাবেন। রাতের হালকা খাবারের জন্য বা সকালের জলখাবারেও বানানো যায় এটি। এর জন্য লাগবে ২-৪টি ডিম, এক কাপ কুচোনো পালং শাক, ১টি মাঝারি মাপের পেঁয়াজ, ২ চামচ দুধ, অল্প মাখন বা অলিভ অয়েল। সাদা তেলেও রান্নাটি করতে পারেন। প্যানে মাখন বা তেল গরম করে রসুন ও পেঁয়াজ কুচি হালকা সোনালি হওয়া পর্যন্ত ভাজতে হবে। এর পর পালং শাক দিয়ে রান্না করতে হবে। ছোট বেকিং ডিশে সামান্য মাখন মাখিয়ে রান্না করা পালং শাক দিয়ে মাঝখানে ডিমগুলি ফেটিয়ে দিয়ে দিন। উপরে থেকে চিজ় ছড়িয়ে দিতে পারেন। এ বার ১৫-২০ মিনিট বেক করলেই তৈরি হয়ে যাবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement