মনস্টেরার যত্নআত্তি কী ভাবে করবেন? ছবি: সংগৃহীত।
পরিবেশের সবুজ উধাও, কিন্তু ঘর সবুজ করার উপায় আছে হাতের কাছেই। এমনই একটি গাছ মনস্টেরা, যার বড় বড় পাতা বাড়িতে সবুজের ছোঁয়া এনে দেয়। দক্ষিণমুখী জানলার পাশে রাখতে পারেন এটি।
বড় বড় পাতার এই গাছ আর তার বাহার সকলের দৃষ্টি আকর্ষণ করবেই। গাছটি বড় হতে একটু সময় লাগে। তবে বড় হওয়ার সঙ্গে সঙ্গে গাছের পাতার বাহার আরও খোলতাই হয়।
মনস্টেরা বা ‘সুইস চিজ় প্ল্যান্ট’ গরম আবহাওয়ায় ভাল মানিয়ে নেয়। তবে ঋতুভেদে যত্নে কিছু পরিবর্তনের প্রয়োজন হয়। এই গাছের যত্নআত্তি কী ভাবে করবেন?
মাটি: মনস্টেরা এমন মাটি পছন্দ করে যা জল ধরে রাখবে কিন্তু অতিরিক্ত জল জমতে দেবে না। সাধারণ বাগানের মাটির সঙ্গে ৬০ শতাংশ কোকোপিট, ২০ শতাংশ বালি এবং ২০ শতাংশ ভার্মিকম্পোস্ট বা গোবর সার মিশিয়ে নিন। কোকোপিট থাকলে মাটিতে হাওয়া চলাচল ভাল ভাবে করতে পারে। শিকড় পচে যাওয়ার ভয় কম থাকে।
জল দেওয়ার নিয়ম
গ্রীষ্মকালে সপ্তাহে অন্তত ২ বার জল লাগতে পারে। তবে জল দেওয়ার আগে আঙুল দিয়ে দেখে নিন উপরের মাটি শুকিয়েছে কি না। শীতকালে গাছের ততটা জলের দরকার হয় না, সপ্তাহে এক দিন বা ১০ দিন অন্তর একবার দিলেই চলে। বর্ষাকালে বাতাসে আর্দ্রতা বেশি থাকে, তাই মাটি শুকোতে সময় নেয়। এই সময় জল একটু কমই লাগে।
আদর্শ পরিবেশ ও আলো
আলো: মনস্টেরা সরাসরি রোদে রাখার গাছ নয়, বরং আলো-হাওয়া আসে এমন জানলার পাশে এটি রাখলে ভাল থাকবে। তবে এই গাছের জন্য হালকা রোদ খুব জরুরি। বাড়িতে বাতানুকূল যন্ত্র চললে ঘরের আর্দ্রতা কমে যায়। তাই পাতার উজ্জ্বলতা বজায় রাখতে মাঝেমধ্যে জল স্প্রে করা জরুরি।
তাপমাত্রা
১৮-৩০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এই গাছের বেড়ে ওঠার জন্য ভাল। তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নীচে নামলে বিশেষ যত্ন নিতে হবে।