ঘরে ফুল টাটকা রাখার কৌশল। ছবি: সংগৃহীত।
ঘর সাজানোর সবচেয়ে সহজ ও যৎসামান্য খরচের পদ্ধতি হিসাবে ফুলের কদর রয়েছে ঘরে ঘরে। কিন্তু কাট ফ্লাওয়ার অর্থাৎ কাটা ফুল খুব দ্রুত শুকিয়ে যায় বলে কৃত্রিম ফুলের দিকে ঝুঁকতে হয় অনেককে। কিন্তু আসল ফুলের ঘ্রাণ ও সৌন্দর্যের সঙ্গে কৃত্রিম ফুলের কোনও তুলনাই হয় না। ফুলদানিতে সাজানো টাটকা ফুল ঘরের সৌন্দর্য এবং স্নিগ্ধতা বহু গুণ বাড়িয়ে দেয়। কিন্তু সঠিক যত্নের অভাবে অনেক সময়ে ফুল দ্রুত শুকিয়ে যায়। কিছু সহজ কৌশল অবলম্বন করলে আপনার শোয়ার ঘরে, বসার ঘরে দীর্ঘ দিন ধরে শোভা পাবে রংবেরঙের ফুল।
সঠিক পদ্ধতিতে ডাঁটি ছাঁটা এবং নিয়মিত জল পরিবর্তন করা ফুল সতেজ রাখার অন্যতম প্রধান উপায়। তবে এরই সঙ্গে অতি সহজ একটি টোটকা রয়েছে, যার কথা অনেকেই জানেন না। কিন্তু অনেকেই সেই পদ্ধতি অনুসরণ করে লাভবান হয়েছেন। আর তা হল, সাধারণ জলের বদলে নুন-জলে ফুল সংরক্ষণ করা।
ফুলদানিতে ফুলের যত্ন। ছবি: সংগৃহীত
নুনের ব্যবহার নিয়ে কিছুটা মতভেদ থাকলেও, পরিমিত ব্যবহারে এটি ফুল সতেজ রাখতে সাহায্য করতে পারে বলে দাবি অনেকের। নুনের মূল কাজ হল, জলের সোডিয়াম এবং ক্লোরাইড আয়নের মাধ্যমে ব্যাক্টেরিয়ার বংশবৃদ্ধি নিয়ন্ত্রণ করা এবং ডাঁটির কোষগুলিতে জলের প্রবাহ বজায় রাখা। ফলে সেই যুক্তি মেনেই সম্ভবত নুন-জলে ফুল রেখে উপকৃত হয়েছেন অনেকে।
ধাপে ধাপে নিয়ম মেনে ফুলদানিতে ফুল সংরক্ষণ করতে পারেন—
১. ফুলদানি পরিষ্কার করা: আপনার ঘরে রাখা ফুলদানিতে ব্যাক্টেরিয়ার সম্ভাবনা দূর করতে প্রথমেই এটি পরিষ্কার করা উচিত। ফুলদানিটি আগাগোড়া ধুয়ে ফেলতে ভুলবেন না।
২. ফুলের ডাঁটি ছাঁটা: ফুলের ডাঁটি প্রায় অর্ধেক ইঞ্চি কেটে ফেলার ফলে সেগুলি আরও জল শোষণ করতে পারে। তাই এমন ভাবে কাটতে হবে, যাতে ফুলদানির নীচে জল শোষিত হতে পারে। কয়েক দিন পর পর কাণ্ডগুলি নতুন করে কাটতে হবে। তবে এই ধাপে আপনার ছুরি বা কাঁচি পরিষ্কার আছে কি না, তা-ও নিশ্চিত করতে হবে।
৩. নুন বেছে নেওয়া: যে কোনও প্রকার নুন ব্যবহার করলেই উপকৃত না-ও হতে পারেন। এখানেই প্রয়োজন সৈন্ধব লবণ। এতে রয়েছে আয়রন, ক্যালশিয়াম, পটাশিয়ামের মতো উপকারী কিছু উপাদান। প্রক্রিয়াকরণের আগের পর্যায় হল এই সৈন্ধব নুন। এর অ্যান্টি-ব্যাক্টেরিয়াল বৈশিষ্ট্য রয়েছে। তাই ফুলদানির জলে এই লবণ যোগ করলে ফুলের কাণ্ডের মাধ্যমে পুষ্টি সরবরাহ করে।
৪. নুন যোগ করা: ফুলদানির জলে এক চা চামচ সৈন্ধব লবণ যোগ করুন। অতিরিক্ত নুন দিলে আবার ফুল দ্রুত শুকিয়ে যেতে পারে, তাই পরিমাণের দিকে খেয়াল রাখুন। কয়েক দিন পর আবার জল পাল্টে সৈন্ধব লবণ যোগ করে ফুলদানিতে ভরে রাখুন। এ ভাবেই অনেক দিন পর্যন্ত দানিতে রাখা কাট ফ্লাওয়ার টাটকা থাকতে পারে।