IPL 2026

আইপিএলে খেলার সুযোগ পাক পেসারের! পরের বছর নিলামে নাম লেখাতে পারেন আমির

২০০৮ সালের পর থেকে আইপিএলে খেলার সুযোগ পান না পাকিস্তানের ক্রিকেটারেরা। আগামী বছর সেই সুযোগ পেতে পারেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার মহম্মদ আমির।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২০ মে ২০২৬ ২২:৫২
Share:

মহম্মদ আমির। —ফাইল চিত্র।

পরের বার কি আইপিএলে দেখা যাবে মহম্মদ আমিরকে? ২০০৮ সালের পর থেকে আইপিএলে খেলার সুযোগ পান না পাকিস্তানের ক্রিকেটারেরা। আগামী বছর সেই সুযোগ পেতে পারেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার আমির।

Advertisement

ব্রিটিশ নাগরিকত্ব নিয়েছেন আমির। তাঁর স্ত্রী নারজিস খান ব্রিটিশ নাগরিক। স্ত্রীর সূত্রেই ব্রিটেনের নাগরিকত্ব পেয়েছেন আমির। সেই নাগরিকত্ব কাজে লাগিয়ে আইপিএলে নাম লেখাতে পারেন তিনি। শুধু আইপিএল নয়, বিদেশের লিগগুলিতেও ব্রিটিশ নাগরিক হিসাবে নাম লেখাতে পারেন পাকিস্তানের প্রাক্তন পেসার।

ইনস্টাগ্রামে নিজের কথা জানিয়েছেন আমির। তিনি লিখেছেন, “একটা নতুন যাত্রা শুরু হল। ব্রিটেনের নাগরিকত্ব পেয়েছি। আগামী বছর আইপিএলেও আমাকে দেখা যেতে পারে। সুযোগ পেলে কেন খেলব না?”

Advertisement

আইপিএলের শুরুতে পাকিস্তানের বেশ কয়েক জন ক্রিকেটার আইপিএল খেলেছিলেন। তালিকায় ছিলেন শাহিদ আফ্রিদি, শোয়েব আখতার, উমর গুল, সলমন বাট, সোহেল তানবির, শোয়েব মালিকের মতো ক্রিকেটার। কিন্তু ২০০৮ সালে মুম্বইয়ে জঙ্গি হামলার পর ভারতীয় ক্রিকেট বোর্ড জানিয়ে দেয়, আইপিএলে পাকিস্তানের ক্রিকেটারদের খেলতে দেওয়া হবে না।

তার পর অবশ্য পাকিস্তানের এক ক্রিকেটারই আইপিএলে খেলেছেন। ২০১২ ও ২০১৩ সালে পঞ্জাব কিংস ও ২০১৫ সালে কলকাতা নাইট রাইডার্সে খেলেছেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার আজ়হার মাহমুদ। তিনিও ব্রিটিশ নাগরিকত্ব নিয়ে আইপিএলে খেলার অনুমতি পেয়েছিলেন। এখন দেখার, আমিরও সেই পথে আইপিএলে খেলতে পারেন কি না।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement