লাগবে না মাখন, বদলে বাড়িতেই তৈরি করে নিন স্যান্ডুইচের ‘স্প্রেড’, স্বাদ-পুষ্টি বাড়বে, ভাল থাকবে স্বাস্থ্য

বাজারচলতি স্প্রেডে থাকে মেয়োনিজ়, চিজ়। থাকে কৃত্রিম ফ্লেভারও। তবে পুষ্টি এবং ক্যালোরির মাত্রা নিয়ন্ত্রণে প্যাকট বা কৌটোজাত খাবারের বদলে খেতে পারেন ঘরে তৈরি স্প্রেড। বানাবেন কী ভাবে?

Advertisement
শেষ আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:১১
Share:

মাখন টোস্টের জনপ্রিয়তায় ভাটা না পড়লেও, পাউরুটিতে মাখানোর জন্য বাজারে এখন বিক্রি হচ্ছে ‘স্প্রেডার’। জিনিসটি খানিক মাখনের মতো হলেও আদতে তা মাখন নয়। বরং মেয়োনিজ়, চিজ়ের সঙ্গে রকমারি উপকরণের মিশ্রণে তৈরি হওয়া পণ্য ব্যবহার হচ্ছে পাউরুটির উপর মাখনের বদলে মাখিয়ে খাওয়ার জন্য। তা যেমন টোস্ট হিসাবেও খাওয়া যায়, তেমনই স্যান্ডুউইচের পুর হিসাবেও খাওয়া চলে।

Advertisement

বাজারচলতি স্প্রেডে থাকে মেয়োনিজ়, চিজ়। থাকে কৃত্রিম ফ্লেভারও। তবে প্যাকট বা কৌটোজাত খাবার অনেক সময় স্বাস্থ্যকর হয় না। তা ছাড়া, মেয়োনিজ়, চি‌জ় যুক্ত স্প্রেড সুস্বাদু হলেও, তাতে ক্যালোরির পরিমাণ বেশি। চাইলে স্বাস্থ্য এবং স্বাদ দুইয়ের খেয়াল রাখত বাড়িতেই বানাতে পারেন নানা স্বাদের স্প্রেড।

বেসিল পেস্তো: বেসিল হল তুলসী। যদিও ভারতীয় তুলসী পাতার সঙ্গে বেসিলের অল্পবিস্তর তফাত রয়েছে। একমুঠো বেসিল, ৫-৬টি আখরোট, ৪-৫টি কাঠবাদাম, পার্মেসন চিজ়, ৪-৫টি রসুন, স্বাদ মতো নুন, গোলমরিচ, ১ টেবিল চামচ অলিভ অয়েল দিয়ে মিক্সারে ঘুরিয়ে নিন। সবুজ মিশ্রণটি পাউরুটির উপর মাখিয়ে নিন। এর সঙ্গে পনিরের টুকরো, গোল করে কাটা ডিম সেদ্ধ দিয়ে স্যান্ডউইচ বানিয়ে নিন। শুধু পেস্তো পাউরুটিতে মাখিয়েও স্যান্ডউইচ বানিয়ে নিতে পারেন।

Advertisement

হুমাস: সৌদি আরব, সংযুক্ত আরব আমিরশাহীর মতো দেশে পিটা ব্রেড বা হাতে তৈরি রুটি গিয়ে হুমাস খাওয়ার চল রয়েছে। প্রোটিনে ভরপুর মাখনের মতো হুমাস তৈরি হয় কাবলি ছোলা দিয়ে। নুন দিয়ে কাবলি ছোলা সেদ্ধ করে জল ঝরিয়ে নিন। মিক্সারে এক কাপ সেদ্ধ কাবলি ছোলার সঙ্গে যোগ করুন তিন চা-চামচ তাহিনী (সাদা তিল অলিভ অয়েল দিয়ে বেটে তৈরি সস্), ৩-৪ কোয়া রসুন, স্বাদমতো নুন, অলিভ অয়েল। সমস্ত উপকরণ ভাল করে ঘুরিয়ে নিলেই তৈরি হয়ে যাবে মাখনের মতো ঘন এবং মসৃণ হুমাস। সেঁকা পাউরুটির উপরে তা মাখিয়ে খেতে পারেন, স্যান্ডউইচের পুরেও তা জুড়ে দেওয়া যায়।

দইয়ের স্প্রেডার: টক দই জল ঝরিয়ে নিন। তার মধ্যে মিহি করে কুচোনো ধনেপাতা, পুদিনাপাতা, রসুন যোগ করুন। দিয়ে দিন পাতিলেবুর রস, গোলমরিচের গুঁড়ো এবং অলিভ অয়েল। সমস্ত উপকরণ মিশিয়ে নিলেই ঘন ক্রিমের মতো স্প্রেডার তৈরি হয়ে যাবে। ফ্যাট বাদ দিতে চাইলে অলিভ অয়েলের মাত্রা কমাতে পারেন। স্যান্ডউইচের পুরে এটিও ব্যবহার করা যাবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement