তাওয়াতেই হবে মুচমুচে টোস্ট। পুড়বে না এতটুকু। কৌশলটি শুধু রপ্ত করার অপেক্ষা। ছবি:এআই সহায়তায় তৈরি।
টোস্টারে দিয়ে টোস্ট করা আর তাওয়ায় পাউরুটি সেঁকা, দুইয়ের মধ্যে তফাত অনেকটাই। যন্ত্রে পাউরুটি টোস্ট করলে, পাউরুটির প্রতিটি অংশ সমান ভাবে বাদামি হয়। পুড়ে না গিয়েও তা হয় মুচমুচে। কিন্তু তাতে এতটুকু পোড়ার দাগ থাকে না।
অথচ তাওয়ায় পাউরুটি সেঁকলে তা সমান ভাবে বাদামি তো হয়ই না, বেশি মুচমুচে করতে গেলে কোনও না কোনও অংশ পুড়ে যায়। তবে কৌশল জানলে তাওয়াতেও টোস্টারের মতোই পাউরুটি টোস্ট হতে পারে।
১। তাওয়া ভাল করে গরম করতে হবে। তেতে ওঠা তাওয়ায় দিন মাখন বা সাদা তেল।
২। আঁচ কমিয়ে পাউরুটি দিন। খুন্তির চৌকো চ্যাপ্টা অংশ দিয়ে পাউরুটির উপরিভাগ চেপে ধরুন। এই ভাবে পাউরুটির প্রতিটি অংশে উপর থেকে চাপ দিতে হবে, তবেই পাউরুটির একটি পিঠ সমান ভাবে বাদামি হবে।
৩। পাউরুটির একটি দিক সেঁকা হয়ে গেলে, অন্য পিঠ উল্টে দিয়ে একই কায়দায় সেঁকে নিন। তেল বা মাখন শুধু টোস্টের স্বাদ বাড়ায় না, পাউরুটি মুচমুচে করতেও সাহায্য করে।