পাউরুটি দিয়ে তৈরি হোক ধোকলা, উপমা, কোপ্তা। ছবি:সংগৃহীত।
ছোট থেকে বড়দের টিফিন হোক বা তাড়াহুড়োয় প্রাতরাশ, হাতের কাছে পাউরুটি থাকলে সমস্যা সহজ হয়ে যায়। মাখন, জ্যাম বা ডিম দিয়ে সহজেই পাউরুটি খাওয়া যায়। তা ছাড়া স্যান্ডউইচও বানিয়ে নেওয়া যায়।
তবে পাউরুটি দিয়ে শুধুই যে টোস্ট বা ডিম-পাউরুটি হয়, তা কিন্তু নয়। উপমা, থেকে কোপ্তা, এমনকি ধোকলাও বানিয়ে ফেলতে পারেন কয়েকটি টুকরো পাউরুটি থাকলেই। সে সব বানানোও সহজ, খেতেও হয় স্বাদু।
ধোকলা
ধোকলা তৈরি হয় মূলত বেসন দিয়ে। তবে বেসন ছাড়াও পাউরুটি দিয়ে ধোকলা বানানো যায়।পাউরুটির চার ধারের খয়েরি অংশ বাদ দিয়ে বাকিটা মিক্সারে ঘুরিয়ে নিন, শুকনো অবস্থায়। এর সঙ্গে যোগ করুন এক কাপ সুজি, টক দই। দিয়ে দিন স্বাদমতো নুন, চিনি, কাঁচালঙ্কা, আদাবাটা, হলুদ। সব উপকরণ জল দিয়ে ভাল করে মিশিয়ে নিন। এই অবস্থায় তা রেখে দিন ৫-৭মিনিট। তার পরে ফ্রুট সল্ট মিশিয়ে একটি ট্রে-র মধ্যে তেল মাখিয়ে মিশ্রণটি ঢেলে দিন। মাইক্রোওয়েভ অভেনে সেটি রান্না করুন বা জলের উপর ছিদ্রযুক্ত থালা রেখে, তার উপরে কৌটো বসিয়ে ভাপিয়ে নিন।
পাউরুটির উপমা
ঘি দিয়ে পাউরুটি মুচমুচে করে সেঁকে চার ধারের খয়েরি অংশ বাদ দিয়ে টুকরো করে কেটে রাখুন। কড়াইয়ে সাদা তেল দিয়ে সর্ষে, শুকনো লঙ্কা, কারিপাতা ফোড়ন দিন। পেঁয়াজকুচি ভেজে নিন। অল্প একটু আদাকুচি যোগ করুন। নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো দিয়ে হালকা নাড়াচাড়া করে টম্যাটোর টুকরো যোগ করতে হবে। যত ক্ষণ না টম্যাটো গলে তেল ছাড়ে, আঁচ কমিয়ে কষান। অল্প একটু জল দিয়ে মিশ্রণে পাউরুটির টুকরোগুলি দিয়ে নাড়াচাড়া করে নিন।
পাউরুটির কোপ্তা
পাউরুটির সাদা টুকরো, পেঁয়াজ, লঙ্কা, আদাকুচি, বাদামের টুকরো জল ঝরানো টক দই দিয়ে ভাল করে মেখে নিন। গোল বলের আকার দিয়ে তেলে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে পাউরুটির কোপ্তা।