Clothes Washing Tips

ওয়াশিং মেশিন ব্যবহার করেও দুর্গন্ধ, জমা দাগ? কাপড় কাচার সময়ে হেঁশেলের একটি উপকরণেই সুরাহা হবে

মেশিনে কাচলে কাপড় পরিষ্কার দেখালেও তাতে হালকা গন্ধ থেকে যায়, জামার রং ধীরে ধীরে মলিন হয়ে পড়ে। খুব সাধারণ উপাদান ব্যবহার করেই এই সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৩ ফেব্রুয়ারি ২০২৬ ২০:১৭
Share:

ওয়াশিং মেশিনে কী মেশালে কাপড় বেশি ভাল পরিষ্কার হবে? ছবি: সংগৃহীত।

ওয়াশিং মেশিনে কাপড় ভরে দিয়েই নিশ্চিন্ত? কখনও দেখেছেন, জেদি দাগ পুরোপুরি উঠেছে কি না, অথবা ঘামের গন্ধ সম্পূর্ণ ভাবে দূর হয়েছে কি না? মেশিনে কাচলে কাপড় পরিষ্কার দেখালেও তাতে হালকা গন্ধ থেকে যায়, জামার রং ধীরে ধীরে মলিন হয়ে পড়ে। ডিটারজেন্ট বা মেশিনের সমস্যা ভেবে ফের টাকা খরচ করার দরকার নেই। খুব সাধারণ উপাদান ব্যবহার করেই এই সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব। মেশিনে কাপড় কাচার সময়ে একটি উপাদান মেশালেই জামাকাপড় থেকে দুর্গন্ধ পুরোপুরি দূর হবে। পাশাপাশি, কাপড় ভাল পরিষ্কারও হবে।

Advertisement

এই উপাদানটি হল, সাদা ভিনিগার। নিয়মিত কাপড় কাচার সময়ে এটি ব্যবহার করলে ডিটারজেন্টের ক্ষমতাও বৃদ্ধি পায় এবং কাপড় সত্যিই পরিষ্কার হয়।

ডিটারজেন্ট ব্যবহার করার পরেও কাপড়ের সুতোয় কিছু ময়লা, তেল আর খনিজ পদার্থ জমে থাকে। খরজল ব্যবহার করা হলে এই সমস্যা আরও বাড়ে। আপাত দৃষ্টিতে ধরা না পড়লেও এগুলির জন্যই কাপড় থেকে বাজে গন্ধ পাওয়া যায় এবং কাপড় ধীরে ধীরে রুক্ষ হয়ে যায়। সাদা ভিনিগার এই জমে থাকা ময়লা সরিয়ে কাপড়কে গভীর ভাবে পরিষ্কার করে।

Advertisement

সাদা ভিনিগার কাপড়ের দুর্গন্ধ দূর করতে খুব ভাল কাজ করে। এটি গন্ধ ঢেকে দেয় না, বরং গন্ধের আসল কারণ জীবাণুকে মেরে দেয়। ফলে কাপড় ধোয়ার পর অনেক বেশি সতেজ লাগে।

ভিনিগার কোনও রাসায়নিক ছাড়াই, প্রাকৃতিক ভাবে কাপড়কে নরম রাখে। আলাদা করে কেমিক্যাল সফটনার না দিলেও কাপড় তুলতুলে থাকে। বিশেষ করে তোয়ালে বা বিছানার চাদরের ক্ষেত্রে এর প্রভাব স্পষ্ট বোঝা যায়।

রঙিন কাপড়ের ক্ষেত্রেও সাদা ভিনিগার উপকারী। ডিটারজেন্ট আর খরজলের কারণে রং ফিকে হয়ে যাওয়ার প্রবণতা বাড়ে, আর তখনই কাজে আসে হেঁশেলের এই সাধারণ উপকরণটি। সাদা কাপড় আরও উজ্জ্বল দেখায় ভিনিগারের প্রভাবে।

ব্যবহার করার পদ্ধতিও খুব সহজ। কাপড় ধোয়ার শেষ ধাপে মেশিনে অর্ধেক কাপ সাদা ভিনিগার যোগ করতে হয়। সফটনার দেওয়ার জায়গায় এই উপকরণটি মিশিয়ে দিতে হবে।

তবে সব কাপড়ের জন্যই যে একই পন্থা অবলম্বন করবেন, তা নয়। রেশম বা উলের মতো খুব নরম কাপড় কাচার আগে অবশ্যই জামার লেবেল দেখে নেওয়া দরকার।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement