ফ্রিজে স্পঞ্জ রাখলে কী লাভ হবে? ছবি: এআই সহায়তায় প্রণীত।
টাটকা শাক কিনে ফ্রিজে রাখলেন, কিন্তু দু’দিনেই শুকিয়ে গেল! গরম পড়লে এই ধরনের সনস্যায় পড়েন অনেকেই। শাক ধনেপাতা, কাঁচালঙ্কা, শসার মতো সব্জি গরমের মরসুমে একটু তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। প্রশ্ন উঠতেই পারে, ফ্রিজে রাখা জিনিস কী করে নষ্ট হতে পারে?
শুধু বাড়তি তাপমাত্রা এবং আর্দ্রতাই সমস্যার কারণ নয়। বাইরের তাপমাত্রা যত বাড়ে, সব্জি রাখার খোপে আর্দ্রতার মাত্রাও তত বাড়ে। স্যাঁতসেঁতে ভাবের জন্য সব্জি দ্রুত পচে যায়। আর ঠিক একই কারণে, গরমের দিনে ফ্রিজে বিশ্রী, ভ্যাপসা গন্ধও হয়।
এমন সমস্যার সমাধানে সমাজমাধ্যম জুড়ে চর্চা শুরু হয়েছে স্পঞ্জ নিয়ে। বলা হচ্ছে, সব্জি রাখার ড্রয়ারে সেই স্পঞ্জটি বিছিয়ে দিতে হবে। তার উপর একে একে সব্জি রাখতে হবে। আদৌ কি কৌশলটি কাজের?
স্পঞ্জ ছিদ্রযুক্ত বস্তু। জল বা আর্দ্রতা দ্রুত টেনে বা শুষে নিতে পারে। ফলে ফ্রিজের ওই খোপ বা সব্জির অতিরিক্ত জলীয় ভাব শুষে স্থানটিকে শুকনো রাখতে সাহায্য করে ফ্রিজ। সব্জি চট করে পচে যায় না। তবে স্পঞ্জ ব্যবহার করলেও, কয়েক দিন অন্তর তা বদলানো দরকার। গরমের রকমারি শাকসব্জি এই ভাবে রাখলে ভাল থাকবে। বিভিন্ন রকম শাক, ধনেপাতা, পুদিনাপাতা, কাঁচালঙ্কা এই ভাবে রাখতে পারেন। গরম এবং বর্ষার মরসুমেই এই পন্থা বেশি কাজের। শীতের মরসুমে যখন আর্দ্রতার মাত্রা এমনিতেই কম থাকে, তখন এই ধরনের সমস্যা বড় একটা হয় না।