US Iran Conflict

ধ্বংস সেনাছাউনি, স্কুল থেকে হাসপাতাল, ইজ়রায়েল-আমেরিকার আক্রমণে ইরানের আকাশে শুধুই ধোঁয়া! রইল ধ্বংসের ছবি

চলতি বছরের ২৭ ফেব্রুয়ারি যৌথ ভাবে ইরানকে নিশানা করে ইজ়রায়েল এবং আমেরিকার ফৌজ। ওই দিন ভোরে সাবেক পারস্য দেশের রাজধানী তেহরান-সহ একাধিক শহরে আছড়ে পড়ে তাদের ছোড়া একাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৩ মার্চ ২০২৬ ১৩:৪৬
Share:
০১ ১৮

পরিস্থিতি ক্রমে জটিল হচ্ছে পশ্চিম এশিয়ায়। ইজ়রায়েল ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ইরানে। আক্রমণ শানাচ্ছে আমেরিকাও। তেহরানও চালাচ্ছে পাল্টা আক্রমণ। পশ্চিম এশিয়ায় যে দেশগুলিতে আমেরিকার ঘাঁটি রয়েছে, সেখানেও হামলা‌ চলছে।

০২ ১৮

এক কথায় ইহুদি-মার্কিন যৌথ অভিযানে রক্তাক্ত ইরান। ঘন ঘন বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে তেহরানে। মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলায় ইতিমধ্যেই নিহত ইরানের শিয়া ধর্মগুরু তথা সর্বোচ্চ নেতা (সুপ্রিম লিডার) আয়াতোল্লা আলি খামেনেই। খামেনেইয়ের মৃত্যুতে শোকে মুহ্যমান ইরান। মঙ্গলবার তাঁর স্ত্রীর মৃত্যুর খবরও প্রকাশ্যে এসেছে।

Advertisement
০৩ ১৮

চলতি বছরের ২৭ ফেব্রুয়ারি যৌথ ভাবে ইরানকে নিশানা করে ইজ়রায়েল এবং আমেরিকার ফৌজ। ওই দিন ভোরে সাবেক পারস্য দেশের রাজধানী তেহরান-সহ একাধিক শহরে আছড়ে পড়ে তাদের ছোড়া একাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন। ইহুদিরা এই অভিযানের নাম রেখেছে ‘অপারেশন লায়ন্স রোর’ (সিংহের গর্জন)। অন্য দিকে আমেরিকার আক্রমণের পোশাকি নাম ‘অপারেশন এপিক ফিউরি’ বা ‘মহাকাব্যিক ক্রোধ’।

০৪ ১৮

শনিবার সকাল থেকে ইরানে আক্রমণ শুরু করে ইজ়রায়েল। পরে জানা যায়, আমেরিকার সেনাও হামলায় সহায়তা করছে। শনিবার রাতেই ইজ়রায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, যৌথ হামলায় খামেনেইয়ের মৃত্যু হয়েছে। তারও বেশ কিছু সময় পরে এই খবরের সত্যতা স্বীকার করে নেয় তেহরান।

০৫ ১৮

তার পর থেকে আক্রমণ-পাল্টা আক্রমণ চলছে। অশান্তি ছড়িয়েছে পশ্চিম এশিয়ার বহু দেশে। তবে মনে করা হচ্ছে আধুনিক সমরাস্ত্রের কারণে আক্রমণের তেজে এগিয়ে রয়েছে ইজ়রায়েল-আমেরিকা জুটিই।

০৬ ১৮

ইতিমধ্যেই ইরানের রেভেলিউশনারি গার্ড কোরের ‘কমান্ড অ্যান্ড কন্ট্রোল ফেসিলিটি’ ধ্বংস করে দিয়েছে মার্কিন বাহিনী। মঙ্গলবার এমনটাই দাবি করেছে আমেরিকার সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড। পাশাপাশি ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, ক্ষেপণাস্ত্র এবং ড্রোন উৎক্ষেপণ কেন্দ্র এবং বেশ কিছু সামরিক বিমানক্ষেত্র ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি আমেরিকার।

০৭ ১৮

ইরানের রাষ্ট্রদূত রেজ়া নাজাফির আবার দাবি, রবিবার ইজ়রায়েল-আমেরিকার যৌথ হামলায় ক্ষতি হয়েছে তাঁদের এক পরমাণুকেন্দ্রের। যদিও রাষ্ট্রপুঞ্জ নিয়ন্ত্রিত আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ) অন্য কথা বলেছে। আইএইএ-র প্রধান রাফায়েল গ্রোসি সংস্থার বোর্ড অফ গভর্নরকে জানিয়েছেন, এখনও পর্যন্ত ইরানের কোনও পরমাণুকেন্দ্র ক্ষতিগ্রস্ত হওয়ার চিহ্ন মেলেনি।

০৮ ১৮

আমেরিকা-ইজ়রায়েলের সঙ্গে ইরানের সংঘাতে মৃত্যু হয়েছে অনেক মানুষের। বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ইরানের ক্ষেত্রে সেই সংখ্যা ৬০০-র কাছাকাছি। আহত শতাধিক। ইজ়রায়েলে মৃত্যু হয়েছে ১০ জনের। ছয় মার্কিন সেনার মৃত্যু হয়েছে বলে খবর।

০৯ ১৮

ইরানে এখন চারদিকে ধ্বংসের ছবি। সেই সংক্রান্ত বেশ কিছু ছবি এবং ভিডিয়ো ইতিমধ্যেই সমাজমাধ্যমে প্রকাশ্যে এসেছে। যদিও সেই সব ছবি এবং ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

১০ ১৮

মার্কিন সেন্ট্রাল কমান্ডের দেওয়া ভিডিয়ো থেকে পাওয়া এই ছবিতে দেখা যাচ্ছে যে রবিবার ইরানের একটি ভবনে আমেরিকার ছোড়া ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে।

১১ ১৮

সোমবারের উপগ্রহচিত্র। ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত ইরানের নাতান্‌জ় পরমাণুকেন্দ্রের একটি অংশ।

১২ ১৮

মার্কিন সেন্ট্রাল কমান্ডের দেওয়া ভিডিয়ো থেকে আংশিক ভাবে মুছে ফেলা এই ছবিতে দেখা যাচ্ছে, ইরানের একটি বিমানঘাঁটিতে আমেরিকার ছোড়া ক্ষেপণাস্ত্র আছড়ে করেছে।

১৩ ১৮

ইরানের একটি অজ্ঞাত স্থানে বিস্ফোরণের পর একটি গাড়ি থেকে গল গল করে ধোঁয়া বেরিয়ে আসছে। আগুনের শিখাও দেখা গিয়েছে, যা ‘অপারেশন এপিক ফিউরি’র ফল বলে মনে করা হচ্ছে।

১৪ ১৮

ইজ়রায়েল ও আমেরিকার ক্ষেপণাস্ত্র হামলায় বিস্ফোরণের পর তেহরানের আকাশে ধোঁয়া। ভয়ে উড়ে পালাচ্ছে পাখির দল।

১৫ ১৮

ইহুদি-মার্কিন যৌথ অভিযানে ধ্বংস তেহরানের একটি পুলিশস্টেশন। কিছুটা দূর থেকে দাঁড়িয়ে দেখছেন এক জন প্রৌঢ়।

১৬ ১৮

ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ইরানের মিনাবের একটি স্কুল। উদ্ধারকাজে হাত লাগিয়েছেন উদ্ধারকারী এবং স্থানীয়েরা।

১৭ ১৮

মিনাবেরই ওই স্কুলে একটি পড়ুয়ার ব্যাগ হাতে দাঁড়িয়ে এক উদ্ধারকারী। সেই পড়ুয়া কোথায়? উত্তর নেই।

১৮ ১৮

শুধুই ধ্বংসস্তূপ। আমেরিকা এবং ইজ়রায়েলের যৌথ অভিযানে ধ্বংস হয়ে গিয়েছে তেহরানের গান্ধী হাসপাতাল।

সব ছবি: রয়টার্স, পিটিআই এবং ফাইল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও গ্যালারি
Advertisement