নতুন বছর। নতুন উদ্দীপনা। সাদামাঠা জীবনকে বদলে ফেলার তাগিদ। শুরু হয়ে গেল ২০২৬। নতুন বছর শুরু হওয়া মানে কেবল পুরনো ক্যালেন্ডার বদলে বাড়ির দেওয়ালে নতুন ক্যালেন্ডারের জায়গা করে দেওয়া নয়, জীবনেরও নব অধ্যায়ের সূচনা হওয়া।
২০২৬ সূর্যের বছর। যে কোনও বছরের উপরই কোনও নির্দিষ্ট গ্রহের প্রভাব থাকতে দেখা যায়। ২০২৫ ছিল মঙ্গলের বছর, ২০২৬-এর উপর থাকবে রবির প্রভাব। মঙ্গলের মতো সূর্যও অগ্নিকারক গ্রহ। ফলত নানা ক্ষেত্রে এর প্রভাব দেখা যাবে।
রাশিচক্রের ১২টি রাশির জীবনেও নানা পরিবর্তন দেখতে পাওয়া যাবে। কারও ভাল কাটবে, কারও খারাপ, কোনও মানুষের আবার মোটামুটি। কিন্তু জীবনের কোনও না কোনও ক্ষেত্রে খুব সামান্য হলেও পরিবর্তন দেখা যাবেই।
যে কোনও বছর শুরুর সময় প্রায় সব মানুষের মনেই সেই বছর ঘিরে উৎসাহ ও নানা পজ়িটিভ চিন্তা কাজ করে। অনেকেই বিগত বছরের সব না পাওয়াগুলোকে নতুন বছরে পাওয়ার প্রতিশ্রুতি নিয়ে নতুন বছর শুরু করে থাকেন। ২০২৬ ঘিরেও বহু মানুষের মনে নানা প্রত্যাশা ঘুরে বেড়াচ্ছে।
তবে বেশির ভাগ ক্ষেত্রেই সব কিছু আমাদের মনের মতো হয় না। সেটা না হওয়াই স্বাভাবিক। জীবনে চলার পথে চড়াই-উতরাই থাকবেই। তাই বছরের প্রথমেই ভাগ্যে কী রয়েছে সেটা দেখে নিলে আগাম সতর্ক হওয়া যায় বা সেই অনুযায়ী নিজেকে তৈরি করা যায়। এ ক্ষেত্রে আমাদের সাহায্য করতে পারে জ্যোতিষশাস্ত্র। রাশি মিলিয়ে দেখে নিন নতুন বছরে আপনার জন্য কী অপেক্ষা করছে।
মেষ: মেষ রাশির ব্যক্তিদের ২০২৬ মোটামুটি কাটতে চলেছে। দুর্দান্ত কোনও সুযোগ যে পাবেন না তা বলা চলে না, তবে নানা বাধার সম্মুখীন হতে হবে বলে মনে করা হচ্ছে।
অর্থভাগ্যের উন্নতি ঘটবে। তবে খরচের হাত নিয়ন্ত্রণে রাখতে হবে। না হলে আয়ের তুলনায় ব্যয় বেশি হয়ে যেতে পারে। স্বাস্থ্যের বিষয়ে সচেতন হতে হবে। ভালবাসার মানুষের সঙ্গে ছোটখাটো মনোমালিন্য লেগে থাকতে পারে। তবে তাঁকে পর্যাপ্ত সময় দিলে সমস্যা কমবে। পারিবারিক ঝগড়া-অশান্তির আশঙ্কা রয়েছে।
বৃষ: ২০২৬-এ বৃষ রাশির জাতক-জাতিকাদের জীবনে নানা দিক দিয়ে পরিবর্তন দেখা দেবে বলে মনে করা হচ্ছে। যে কোনও সিদ্ধান্ত খুব ভেবেচিন্তে নিতে হবে। সঠিক সিদ্ধান্তই আপনাদের অগ্রগতিতে সাহায্য করবে। রাগ নিয়ন্ত্রণে রাখতে হবে।
হঠাৎ খরচের আশঙ্কা দেখা যাচ্ছে। তাই বছরের প্রথম দিন থেকেই বুঝেশুনে খরচ করুন। খাওয়াদাওয়ার ক্ষেত্রে সতর্ক থাকা আবশ্যিক। অন্যথায় পেটের সমস্যা বাড়তে পারে। দৈনিক রোজনামচায় কিছু স্বাস্থ্যকর অভ্যাস যোগ করুন। সম্পর্কের ক্ষেত্র ভাল দেখা যাচ্ছে। ঝামেলা হলেও তা একে অপরের সঙ্গে কথা বলে মিটিয়ে নেওয়া যাবে। জীবনে আসতে পারে নতুন প্রেম।
মিথুন: নতুন বছরে মিথুন রাশির জাতক-জাতিকারা নিজেদের নতুন করে চিনবেন। এত দিন ধরে করে আসা সকল পরিশ্রমের ফল এ বার আপনারা পেতে চলেছেন। তবে ধৈর্য ধরতে হবে। না হলে পর্যাপ্ত সুফল পাবেন না। ভুলভাল খরচ করতে মন চাইবে।
খরচের হাত কমাতে পারলে খুব ভাল সঞ্চয় হবে। আয় বাড়বে, তবে ব্যয়ের দিকে নজর দেওয়া জরুরি। স্বাস্থ্যের প্রতি সচেতন হতে হবে। নিয়মিত যোগাভ্যাস করতে পারেন। সম্পর্কক্ষেত্রে আনন্দ থাকবে। তবে রাগ নিয়ন্ত্রণে রাখতে না পারলে মুশকিল হবে। পরিবারে সামান্য ভুল বোঝাবুঝির আশঙ্কা দেখা যাচ্ছে। সব কিছু শান্ত মাথায় সামলানোর চেষ্টা করুন।
কর্কট: কর্কট রাশির জাতক-জাতিকাদের জীবনে নতুন বছর নানা পরিবর্তন নিয়ে আসতে চলেছে। তবে বছরের শুরুতেই সে সব কিছু বুঝতে পারবেন না। বছরের মাঝামাঝি সময় সুপরিবর্তন দেখতে পাবেন। হঠাৎ ব্যয়ের জন্য আর্থিক ক্ষেত্রে একটু সমস্যা দেখা দিতে পারে। কিন্তু পরিবারের সহযোগিতা পাবেন।
বছরের প্রথম দিকে বাড়িতে কিছু সমস্যা হতে পারে। তবে তা বেশি বড় আকার ধারণ করবে না। সম্পর্কক্ষেত্রে নতুন রং লাগতে পারে। প্রেমজীবনে আনন্দ থাকবে।
সিংহ: সিংহ রাশির ব্যক্তিদের নতুন বছরটা চড়াই-উতরাইয়ের মধ্য দিয়ে কাটবে। তবে ভাল কাটবে না বললে ভুল বলা হবে। আয়ক্ষেত্রে মন্দা দেখা দিতে পারে। তাই বুঝেশুনে খরচ করুন।
কাজের চাপে অশান্তি বৃদ্ধি পাবে। শরীরের উপরও তার প্রভাব পড়তে দেখা যাবে। স্বাস্থ্যের প্রতি যত্নশীল হন। পরিবারে শান্তির পরিবেশ বজায় থাকবে। সম্পর্কের ক্ষেত্রে ছোটখাটো ঝগড়া-অশান্তি থাকলেও, বড় কোনও সমস্যা হওয়ার আশঙ্কা দেখা যাচ্ছে না। মোটের উপর প্রেমের জীবন ভালই কাটবে।
কন্যা: ২০২৬-এ কন্যা রাশির ব্যক্তিরা জীবনে অগ্রগতির নানা সুযোগ পেতে পারেন বলে মনে করা হচ্ছে। তবে আর্থিক দিক দিয়ে সচেতনতা অবলম্বন করে চলা জরুরি।
২০২৬ কন্যা রাশির ব্যক্তিদের ধৈর্যের পরীক্ষা নেবে বলে মনে করা হচ্ছে। কাছের মানুষদের সঙ্গে নানা ভুল বোঝাবুঝি লেগে থাকবে। ঠান্ডা মাথায়, সময় নিয়ে কথা বললে সমস্যা মিটতে পারে। না হলে অশান্তি বৃদ্ধি পাবে। সম্পর্কক্ষেত্রেও উন্নতি ঘটবে। অবিবাহিতেরা চাইলে বিয়ে নিয়েও ভাবতে পারেন।
তুলা: নতুন বছরে তুলা রাশির ব্যক্তিরা অন্যদের ছাপিয়ে অনেকটা এগিয়ে যাবেন। নিজের ষষ্ঠেন্দ্রিয়ের কথা মেনে চলুন। আর্থিক ক্ষেত্রে দারুণ উন্নতি দেখতে পারবেন।
তবে কাজে মজে গিয়ে নিজের শরীরের কথা ভুলে গেলে ফ্যাসাদে পড়বেন তুলা রাশির ব্যক্তিরা। কর্মক্ষেত্র ও ব্যক্তিগত জীবনের মধ্যে ভারসাম্য বজায় রাখতে না পারায় দাম্পত্যজীবনে সমস্যা সৃষ্টি হতে পারে। মাথা গরম করলে চলবে না। সঙ্গীর সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলার চেষ্টা করুন।
বৃশ্চিক: নতুন বছরের শুরুটা বৃশ্চিক রাশির ব্যক্তিদের মনের মতো না হওয়ার আশঙ্কা দেখা যাচ্ছে। প্রতিযোগিতার পরিমাণ বৃদ্ধি পেলেও বুদ্ধিতে আপনারা সকলের আগে যেতে সক্ষম হবেন। অযাচিত খরচের পরিমাণ বৃদ্ধি পেতে পারে।
বছরের প্রথম ভাগে কাজের চাপ বাড়ায় স্বাস্থ্যের দিকে অবহেলা করলে চলবে না। মনের মানুষকে এই বছর একটু বেশি ভালবাসা ও সময় দিতে হবে। না হলে সম্পর্কক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে। বিবাহিত ব্যক্তিরা দাম্পত্যজীবনে নানা সমস্যার সম্মুখীন হতে পারেন। নিজেদের মধ্যে কথা বলে মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন। পারিবারিক অশান্তি পিছু ছাড়বে না। তবে চিন্তার কোনও কারণ নেই। বড় ঝামেলার আশঙ্কা দেখা যাচ্ছে না।
ধনু: ধনু রাশির ব্যক্তিদের সব ক্ষেত্রে নানা পরিবর্তনের সম্মুখীন হতে হবে। কিছু বদল ভাল হলেও, কোনওটা খারাপও হতে পারে। চোখকান খোলা রেখে চলুন। বছরের দ্বিতীয় ভাগে ফলের পরিবর্তন ঘটতে পারে। ধৈর্য হারালে চলবে না। হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ দেখা যাচ্ছে।
পরিবারে শান্তির পরিবেশ বিরাজ করবে। ২০২৬-এ কোনও কঠিন মুহূর্তেই নিজেকে একা মনে হবে না। পরিবারের সহযোগিতা সব সময় পাবেন। ছোটখাটো ঝামেলা হলেও তাঁরা কখনওই আপনার সঙ্গ ছাড়বেন না। দাম্পত্যজীবনেও প্রেমের স্রোত বইবে। যাঁরা সম্পর্কে নেই, তাঁদের জীবনে নতুন প্রেম আসার সম্ভাবনা দেখা যাচ্ছে। কাউকে পছন্দ হলে তাঁকে সাহস করে মনের কথা এই বছর বলে দিতে পারেন।
মকর: শনির রাশি মকরের জাতক-জাতিকাদের একাগ্রতাই হবে তাঁদের এই বছরের সবচেয়ে বড় অস্ত্র। পরিকল্পনা করে এগোলে আর্থিক ক্ষেত্রেও কোনও সমস্যা দেখা দেবে না। সম্পত্তি লাভের সম্ভাবনা দেখা যাচ্ছে।
কাজের চাপের কুপ্রভাব স্বাস্থ্যের উপর পড়তে পারে। পরিবারে অশান্তি লেগেই থাকবে। কথা বলে মিটিয়ে না নিলে সমস্যা আরও বৃদ্ধি পেতে পারে। বাড়ির সদস্যদের প্রতি সংবেদনশীল হন। সঙ্গীকে নিজের মনের কথা জানান। না হলে সম্পর্কে আপনার সহযোগিতা নিয়ে প্রশ্ন উঠতে পারে।
কুম্ভ: কুম্ভ রাশির ব্যক্তিদের ২০২৬ মোটামুটি কাটতে চলেছে। বছরের প্রথম দিকে যেগুলিকে চ্যালেঞ্জ বলে মনে হবে, পরে গিয়ে সেগুলিই আপনাকে সফলতার দিকে এগিয়ে দেবে। তাই ধৈর্য ধরে পরিশ্রম করে যেতে হবে। ব্যয়ের দিকে নজর দেওয়া জরুরি।
কুম্ভ রাশির জাতক-জাতিকাদের এই বছর অবসাদে ভোগার আশঙ্কা দেখা যাচ্ছে। মনের কথা কাছের মানুষদের সঙ্গে ভাগ করে নিন। নিয়মিত ধ্যান ও মন্ত্রপাঠ করুন। মা-বাবার সঙ্গে কথায় কথায় ঝামেলা হতে পারে। কিন্তু মাথা গরম করলে চলবে না। দাম্পত্যজীবনে ছোটখাটো সমস্যা হওয়ার আশঙ্কা রয়েছে। সব ক্ষেত্রেই শান্ত মাথায় পরিস্থিতি সামলানোর চেষ্টা করুন। তা হলে নানা ঝামেলা হওয়ার আগেই আটকে দিতে পারবেন। সঙ্গীর সঙ্গে মেলামেশা বৃদ্ধি করুন।
মীন: নতুন বছরটা মীন রাশির জাতক-জাতিকাদের স্বপ্নপূরণের বছর হতে পারে। বাস্তবকে সঙ্গে নিয়ে চলতে হবে। স্বপ্নের দুনিয়ায় হারিয়ে গেলে চলবে না। নিজের সৃজনশীল দিকগুলি মেলে ধরার সুযোগ পাবেন। মনের কথা শুনে চলুন। যে কোনও কাজ আত্মবিশ্বাসের সঙ্গে করুন।
মানসিক চাপের প্রভাবে শারীরিক অবস্থার অবনতির আশঙ্কা দেখা যাচ্ছে। মন ভাল থাকবে এমন কাজ বেশি করে করার চেষ্টা করুন। দাম্পত্যজীবনে সুখের সময় কাটাতে পারবেন। ঝগড়া যে হবে না তা নয়, তবে সেগুলি সম্পর্কের ভিত মজবুত করতে সাহায্য করবে বলে মনে করা হচ্ছে। পরিবারের সকলের সঙ্গে বছরটা আনন্দে কাটাতে পারবেন। যাঁদের জীবনে প্রেম নেই, নতুন বছরে তাঁরা প্রেমের সন্ধান পেতে পারেন। এই প্রেম জীবনে বসন্ত নিয়ে আসতে চলেছে।