কাকা বলিউডের ‘পারফেকশনিস্ট’। বাবাও চলচ্চিত্রনির্মাণের সঙ্গে যুক্ত। খান পরিবারের সদস্য হয়েও বলিউডে জায়গা করতে পারেননি অভিনেত্রী। ছ’বছর ধরে অভিনয়জগতের সঙ্গে যুক্ত থাকলেও পার্শ্বচরিত্র বা স্বল্প সময়ের জন্য পর্দায় দেখা দিয়েই কেরিয়ারে খুশি রয়েছেন বলি অভিনেতা আমির খানের ভাইঝি জ়ায়ন মেরী খান।
১৯৯৫ সালের মার্চে মহারাষ্ট্রের মুম্বইয়ে জন্ম জ়ায়নের। আমিরের দাদা মনসুর খানের কন্যা তিনি। মুম্বইয়ে বাবা-মা এবং ভাইয়ের সঙ্গে থাকতেন জ়ায়ন। আমিরের পরিবারের সঙ্গেও খুব ভাল সম্পর্ক রয়েছে তাঁর।
পরিবার ফিল্মজগতের সঙ্গে যুক্ত থাকার কারণে শৈশব থেকেই অভিনয়ের প্রতি আগ্রহ ছিল জ়ায়নের। চেন্নাইয়ের এক কলেজ থেকে পড়াশোনা করে স্নাতক হন তিনি। কলেজে থাকাকালীন থিয়েটারের সঙ্গে জড়িয়ে পড়েন জ়ায়ন।
থিয়েটারের সূত্রে জ়ায়নের সঙ্গে আলাপ হয় আকাশ মোহিমেনের। অভিনয় ছাড়াও শরীরচর্চা নিয়ে আগ্রহ ছিল দু’জনেরই। জ়ায়ন এবং আকাশের একই ধরনের রুচি তাঁদের আরও কাছাকাছি নিয়ে আসে। দীর্ঘ দিনের বন্ধুত্ব পরে প্রেমে পরিণতি পায়।
খান পরিবারের সকলে জ়ায়নের সঙ্গে আকাশের সম্পর্ক নিয়ে অবগত থাকলেও ব্যক্তিজীবনকে বরাবর আলোর রোশনাইয়ের আড়ালেই রেখেছিলেন জ়ায়ন। ২০১৬ সালে প্রথম বলিপাড়ায় পা রেখেছিলেন তিনি। কিন্তু ছিলেন ক্যামেরার আড়ালে।
২০১৬ সালে মুক্তিপ্রাপ্ত ‘কপুর অ্যান্ড সন্স’ ছবিতে সহকারী পরিচালক হিসাবে কাজ করেছিলেন জ়ায়ন। এক বছর পর ২০১৭ সালে মুক্তি পাওয়া আমির অভিনীত ‘সিক্রেট সুপারস্টার’ ছবিতে সহ-পরিচালনার দায়িত্বে ছিলেন তিনি।
২০২০ সালে ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পায় ‘মিসেস সিরিয়াল কিলার’ নামে ক্রাইম থ্রিলার ঘরানার একটি ছবি। এই ছবিতে মনোজ বাজপেয়ী, জ্যাকলিন ফার্নান্ডেজ় এবং মোহিত রায়না মুখ্যচরিত্রে অভিনয় করেছিলেন। এই ছবিতে পার্শ্বচরিত্রে অভিনয়ের মাধ্যমে ক্যামেরার সামনে প্রথম কাজের সুযোগ পেয়েছিলেন জ়ায়ন। ছবিতে অ্যাকশন দৃশ্যেও অভিনয় করতে দেখা গিয়েছিল তাঁকে।
২০২১ সালে ‘ফিল্স লাইক ইশক’ নামের ওয়েব সিরিজ়ের একটি পর্বে অভিনয় করেছিলেন জ়ায়ন। পরের বছর ‘মেড ইন হেভেন’ সিরিজ়ের দ্বিতীয় সিজ়নে তাঁর অভিনয় প্রশংসা কুড়িয়েছিল। একই বছর ওটিটি প্ল্যটফর্মে মুক্তি পেয়েছিল ‘মনিকা, ও মাই ডার্লিং’। এই ছবিতে বলি অভিনেতা রাজকুমার রাওয়ের বোনের চরিত্রে অভিনয় করেছিলেন জ়ায়ন।
২০২৪ সালে ‘ইললিগাল: জাস্টিস, আউট অফ অর্ডার’ নামের ওয়েব সিরিজ়ে আইনজীবীর ভূমিকায় অভিনয়ের সুযোগ পান জ়ায়ন। তবে, এই সিরিজ়টি তেমন প্রচারে আসেনি। ছ’বছর ধরে অভিনয়ের সঙ্গে যুক্ত। কিন্তু শুধুই ওটিটির পর্দায় ঘোরাফেরা করতে দেখা গিয়েছে জ়ায়নকে।
চলতি মাসে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে তেলুগু ভাষার ছবি ‘ড্যাকয়েট: অ্যা লভ স্টোরি’। এই ছবিতে মুখ্যচরিত্রে অভিনয় করেছেন মৃণাল ঠাকুর এবং অদিভি শেষ। পার্শ্বচরিত্রে দেখা গেলেও এই প্রথম বড়পর্দায় অভিনয়ের সুযোগ পেলেন আমিরের ভাইঝি।
আমির-কন্যা আইরা খানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে জ়ায়নের। আইরার বিয়ের অনুষ্ঠানে সক্রিয় ভূমিকা পালন করেছিলেন তিনি। আমিরের পুত্র জুনেইদ খানের সঙ্গেও ভাল সম্পর্ক তাঁর। বলিপাড়া সূত্রে খবর, জুনেইদের প্রযোজনায় ‘প্রীতম প্যারে’ নামের একটি ছবিতে অভিনয়ের কথা রয়েছে জ়ায়নের।
দীর্ঘ দিন সম্পর্কে থাকার পর ২০২১ সালের ফেব্রুয়ারিতে অত্যন্ত ছিমছাম ভাবে আকাশকে বিয়ে করেছিলেন জ়ায়ন। আমির, আইরার পাশাপাশি তাঁর তুতো ভাই ইমরান খানও বিয়ের অনুষ্ঠানে তদারকির দায়িত্বে ছিলেন। জ়ায়নের বিয়ের অনুষ্ঠানে আমির এবং তাঁর প্রাক্তন স্ত্রী কিরণ রাওকে একসঙ্গে নাচতেও দেখা গিয়েছিল।
কানাঘুষো শোনা যেতে থাকে, পাঁচ বছর সংসারের পর আকাশের সঙ্গে সম্পর্কে ফাটল ধরেছে জ়ায়নের। এই প্রসঙ্গে অভিনেত্রীকে প্রশ্ন করা হলে তিনি স্পষ্ট জানিয়ে দেন যে, ব্যক্তিগত জীবন নিয়ে তিনি আলোচনা করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন না।
সমাজমাধ্যমের পাতায় নিজস্ব অনুরাগীমহল তৈরি করে ফেলেছেন জ়ায়ন। ইতিমধ্যেই ইনস্টাগ্রামের পাতায় তাঁর অনুগামীর সংখ্যা চার লক্ষের গণ্ডি পার করে ফেলেছে।